রাজ ও ডিকে-র হাত ধরে সুপারহিরো ছবি আনছেন সলমন খান! ভাইজানের বিপরীতে নায়িকা কে?
সলমন, রাজ এবং ডিকে ২০২৬ সালের অক্টোবরে আসন্ন একটি প্রকল্পে যুক্ত হবেন। আসছে সুপারহিরো সিনেমা। যা বেশ বড় স্কেলে বানানো হচ্ছে।
বছরখানেক ধরে সেভাবে সাফল্যের মুখ দেখেননি সলমন খান। বরং শাহরুখ-রণবীরদের সঙ্গে টক্করে অনেকটাই পিছিয়ে পড়েছেন ভাইজান। এর মধ্যে তাঁর পরের ছবি যা ভারত-চিন যুদ্ধ নিয়ে তৈরি হয়েছিল, সেটাও বিশ বাঁও জলে। দেশের আন্তর্জাতিক সম্পর্কের কথা মাথায় রেখে একাধিক কাঁটাছেড়া সেখানে। এরই মাঝে সল্লু ভাইয়ের ভক্তদের জন্য এল বড় এক খুশির খবর।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সলমন, রাজ এবং ডিকে ২০২৬ সালের অক্টোবরে আসন্ন একটি প্রকল্পে যুক্ত হবেন। উদ্ধৃত সূত্র অনুসারে, নির্মাতারা বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছেন এবং সিনেমাটির ব্যাপ্তি, রূপ ও কারিগরি দিকগুলো চূড়ান্ত করছেন। জানানো হয়েছে, ‘এটি বিশ্বব্যাপী দর্শকদের জন্য নির্মিত একটি বড় বাজেটের সুপারহিরো সিনেমা। সমস্ত প্রি-ভিজ্যুয়ালাইজেশন এবং প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হলেই, দলটি ২০২৬ সালের অক্টোবরের মধ্যে শ্যুটিং শুরু করার লক্ষ্য রাখছে।’
বিভিন্ন প্রতিবেদনে এমনও জল্পনা করা হয়েছিল যে, সলমনের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনেত্রী সামান্থা প্রভুকে নেওয়া হতে পারে। তবে, সূত্রটি এই গুজব অস্বীকার করেছে এবং স্পষ্ট করেছে যে সামান্থা এই ছবির অংশ নন। সূত্রটি জানিয়েছে, ‘সামান্থাকে এই ছবিতে নেওয়া হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। নির্মাতারা এখনও বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে প্রধান নারী চরিত্র চূড়ান্ত করবেন।’
শোনা যাচ্ছে, এই ছবিটি একটি অ্যাকশন-এন্টারটেইনার হবে। ছবিটির প্রযোজনা করবেন অতুল অগ্নিহোত্রী এবং খবর সত্যি হলে, নির্মাতারা ছবিটির অংশ হওয়ার জন্য মৈত্রী মুভি মেকার্সের সঙ্গে আলোচনা করছেন।
কাজের সূত্রে সলমনকে খুব জলদি ‘মাতৃভূমি’ সিনেমাতে দেখা যাবে, যার নাম প্রথমে ঠিক হয়েছিল ব্যাটেল অফ গলওয়ান। এছাড়াও সলমন খানের ঝুলিতে ভামসি পাইদিপল্লি এবং দিল রাজুর একটি নামহীন ছবি রয়েছে। যাতে সাউথের নায়িকা নয়নতারাও অভিনয় করছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


