প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।
‘বধাই হো…’, সূরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউডের ‘আসল প্রেম’ সলমন খান!
‘বধাই হো সুরজ বাবু, তোমার প্রেমের তরফ থেকে অনেক ভালোবাসা!’— সূরজ বরজাতিয়ার নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র সাফল্যে শুভেচ্ছা জানালেন বলিউডের ‘আসল প্রেম’ সলমন খান! কী উত্তর দিলেন আয়ুষ্মান ও শর্বরী? কবে শুরু হচ্ছে সলমন-সূরজের ‘প্রেম কি শাদি’-র কাজ?
বলিউডে ‘প্রেম’ নামটির সঙ্গে যে তারকার নাম সমার্থক হয়ে গিয়েছে, তিনি হলেন সলমন খান। পরিচালক সূরজ বরজাতিয়া (Sooraj Barjatya)-র হাত ধরেই পর্দায় ‘প্রেম’ হয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ভাইজান। এবার সেই সুরজ বরজাতিয়ার নতুন পারিবারিক ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পেতেই, নিজের চিরচেনা ‘প্রেম’ আন্দাজে গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউডের ‘ওজি প্রেম’ (OG Prem) সলমন খান! শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা এবং শর্বরী ওয়াঘ অভিনীত এই ছবি। আর ছবি মুক্তির পরই সলমনের এই ভালোবাসায় আপ্লুত ছবির নায়ক-নায়িকা।

‘তোমার প্রেমের তরফ থেকে অনেক ভালোবাসা’— ইনস্টাগ্রামে কী লিখলেন সলমন খান?
শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির আয়ুষ্মান ও শর্বরীর একটি পোস্টার শেয়ার করেন সলমন খান। সুরজ বরজাতিয়াকে সম্বোধন করে এবং ছবির গোটা টিমকে ট্যাগ করে সলমন লেখেন, ‘বধাই হো (অভিনন্দন) সুরজ বাবু, ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সম্পর্কে দারুণ সব কথা শুনছি!! তোমার প্রেমের তরফ থেকে অনেক ভালোবাসা’।
সলমনের এই পোস্ট শেয়ার করে আবেগঘন হয়ে পড়েন নতুন প্রজন্মের ‘প্রেম’ আয়ুষ্মান খুরানা। স্টোরিটি রি-পোস্ট করে হাতজোড় করা এবং হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন— ‘ভাই’ (Bhai)। অন্যদিকে, অভিনেত্রী শর্বরীও সলমনের পোস্টটি শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন— 'স্যার! ধন্যবাদ!'
সলমন ও সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’-র কাজ কবে শুরু হবে?
প্রসঙ্গত, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন..!’, ‘হাম সাথ-সাথ হ্যায়’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে সলমন ও সুরজ বরজাতিয়ার জুটি। ২০২২ সালে সুরজের ‘উঁচাই’ ছবির স্ক্রিনিংয়ে ঘোষণা করা হয়েছিল যে তাঁরা আবারও ‘প্রেম কি শাদি’ নামে একটি ছবিতে কাজ করবেন, যা কোনও কারণে পিছিয়ে যায়।
সম্প্রতি এই ছবির আপডেট দিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া জানান, স্ক্রিপ্টের কিছু বিষয় আরও একটু ঘষামাজা করার প্রয়োজন থাকায় ছবিটি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে।

‘ইয়ে প্রেম মোল লিয়া’-র গল্প এবং বক্স অফিস কালেকশন:
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘উঁচাই’-এর পর রাজশ্রী প্রোডাকশনস এবং মহাবীর জৈন ফিল্মসের প্রযোজনায় এই ছবির মাধ্যমেই পরিচালনায় ফিরলেন সুরজ বরজাতিয়া। ছবিতে ‘প্রেম’-এর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী ‘পূর্বা’-র চরিত্রে রয়েছেন শর্বরী। নিজের পরিবারের দেখভাল করার জন্য পূর্বা শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে অস্বীকার করলে, কীভাবে প্রেম তাঁর নতুন বউয়ের পাশে দাঁড়ায়— সেই আধুনিক পারিবারিক গল্পই ফুটে উঠেছে ছবিতে। এছাড়াও ছবিতে রয়েছেন অনুপম খের, সুপ্রিয়া পাঠক কাপুর, সীমা পাহওয়া, স্বানন্দ কিরকিরে, সৌম্যা ট্যান্ডন, শ্রুতি শেঠ, শাদ রান্ধাওয়া, গিরিশ কুলকার্নি এবং রাজেশ কুমার।
মুক্তির প্রথম দু’দিনেই ভারতে ৯.২৫ কোটি টাকা (নেট) এবং বিশ্বজুড়ে ১৮.৭৫ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি।
E-Paper
