Salman Khan: ‘ভাই’কে হারালেন সলমন! ছায়াসঙ্গী সুশীল কুমারের প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ভাইজান
বলিউডের 'ভাইজান' সলমন খান আজ শোকাতুর। তাঁর দীর্ঘদিনের সঙ্গী, তাঁর ছায়াসঙ্গী এবং অত্যন্ত কাছের মানুষ সুশীল কুমার-এর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দিলেন অভিনেতা।
পর্দার সুপারম্যান হতে পারেন, কিন্তু বাস্তবের সলমন খান যে কতটা সংবেদনশীল, তা আরও একবার ধরা পড়ল তাঁর লেখনীতে। তাঁর অতি প্রিয় বন্ধু ও দীর্ঘ চার দশকের সঙ্গী সুশীল কুমারের প্রয়াণে সলমন লিখলেন এক দীর্ঘ ও আবেগঘন ‘ফেয়ারওয়েল নোট’। সুশীলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে অভিনেতা কার্যত তাঁর জীবনের এক বিরাট অধ্যায়কে চিরবিদায় জানালেন।

৪২ বছরের নিটোল বন্ধুত্ব:
সলমন তাঁর পোস্টে লিখেছেন, ‘এই মানুষটি গত ৪২ বছর ধরে আমার ভাইয়ের মতো ছিল। সবচেয়ে ভালো, দয়ালু এবং পরোপকারী একটা মানুষ। এমনকি যখন সে নিজে সমস্যায় জর্জরিত, তখনও হাসত, নাচত— কোনও কষ্ট বা দুশ্চিন্তা ছিল না তাঁর মধ্যে।’ সলমন আরও যোগ করেন, আর্থিক, মানসিক বা শারীরিক— পরিস্থিতি যাই হোক না কেন, সুশীলের মুখে সবসময় একটাই কথা থাকত, ‘কি ফারক নাই পৈন্দা, সব ঠিক হোগা’ (কিছু যায় আসে না, সব ঠিক হয়ে যাবে)।
মৃত্যুকে পাঞ্জা লড়া চ্যাম্পিয়ন:
সুশীলের মৃত্যুর মুহূর্তটি স্মরণ করে সলমন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, ‘ঠিক ৫ মিনিট আগে পর্যন্ত ওর নাম ছিল সুশীল কুমার। বিদায় বন্ধু। ও একজন প্রকৃত পুরুষের মতো বেঁচে ছিল এবং মৃত্যুর সাথে লড়াই করেছে একজন হেভিওয়েট চ্যাম্পিয়নের মতো।’ সলমনের কথায়, মৃত্যু তাকে কাবু করতে পারলেও তার হাসি কেড়ে নিতে পারেনি। ‘আমার ভাই মুখে হাসি নিয়েই চিরনিদ্রায় চলে গেল।’
জীবনবোধের পাঠ:
শোকের মাঝেও সলমন তাঁর অনুরাগীদের এক জীবনমুখী বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমার জন্য কোনও চোখের জল নেই ভাই, আছে শুধু তোমার সঙ্গে কাটানো কিছু স্মৃতি আর হাসি। কেউ আগে যাবে, কেউ পরে— আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমরা জানি না কখন বা কীভাবে সেই সময় আসবে, তাই যাওয়ার আগে জীবনে অন্তত ভালো কিছু করে যাওয়া উচিত।’
শেষ বিদায়:
একেবারে ব্যক্তিগত ঢঙে সলমন তাঁর প্রিয় বন্ধুর প্রিয় জিনিসগুলো মনে করিয়ে দিয়ে লিখলেন, ‘এখন ওপারে গিয়ে সিগারেট আর হুইস্কি উপভোগ করো বন্ধু। চিয়ার্স! আমার মনে হয় আমি তোমাকে একটু বেশিই মিস করব।’
সুশীল কুমারের প্রয়াণে সলমনের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে এখন নিস্তব্ধতা। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকা এই ছায়াসঙ্গীর চলে যাওয়া যেন সলমনের জীবনের একটি স্তম্ভকেই সরিয়ে দিল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


