দিনে মাত্র এক চামচ ভাত! তাহলে সারাদিনে কী খান সলমন? ভক্তদের কাছ থেকে আসা ‘কম এনার্জি’র অভিযোগে কী বললেন ভাইজান

সাম্প্রতিক কয়েকটি ছবিতে নাকি আগের মতো এনার্জি নেই সলমনের! সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এমন আক্ষেপের কথা অজানা নয় অভিনেতার। এবার ট্রোলিং থেকে নিজের খাদ্যাভ্যাস, এমনকী টাকা-পয়সা নিয়ে জীবনদর্শন—সব কিছু নিয়েই মুখ খুললেন ভাইজান।

Published on: Nov 22, 2026, 10:10:39 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বড় পর্দায় আবারও পুরনো মেজাজে ফিরতে প্রস্তুত সলমন খান। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি ‘মাতৃভূমি’র। ছবিটি ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অন্য দিকে, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন অভিনেতা। কাজের ব্যস্ততার মাঝেই সম্প্রতি নিজের ছবি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এবং ব্যক্তিগত জীবনযাপন নিয়ে মুখ খুলেছেন ভাইজান।

ডায়েট নিয়ে কথা বললেন সলমন খান।
ডায়েট নিয়ে কথা বললেন সলমন খান।

এতদিন ধরে সলমনের অভিনয় ও ব্যক্তিত্ব নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি ছবিতে তাঁর এনার্জি আগের তুলনায় কম বলে অভিযোগ তুলেছেন অনুরাগীদের একাংশ। তাঁদের বক্তব্য, তাঁরা পর্দায় সেই পুরনো সলমন খানকেই দেখতে চান। বিষয়টি যে অভিনেতার নজর এড়ায়নি, তা স্পষ্ট করলেন এক সাক্ষাৎকারে।

এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সলমন জানান, অনুরাগীদের এই প্রতিক্রিয়া সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাঁর কথায়, সম্প্রতি এমন একটি আলোচনা তাঁর চোখে পড়েছে, যা তাঁর টিমও তাঁকে দেখিয়েছে। সেখানে অনুরাগীরা বলছেন, তাঁরা তাঁদের পুরনো ভাইজানকে ফিরে পেতে চান। অভিনেতা এর আগে একাধিক দুর্দান্ত ছবি উপহার দিলেও, গত পাঁচ-ছ'টি ছবিতে তাঁর এনার্জি নাকি অনেকটাই কমে গিয়েছে। এমনকী তাঁর কাজ করার ইচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সলমনের কথায়, অনুরাগীদের বক্তব্য ছিল, ‘ভাইয়ের কী হয়েছে? কেন আগের মতো কাজ করছেন না তিনি’? বন্ধুদের পরামর্শও নাকি তাঁর শোনা উচিত নয়। তবে ‘মাতৃভূমি’র ট্রেলার দেখার পর অনেকেরই মনে হয়েছে, পুরনো ভাইজান আবার ফিরে এসেছেন। অনুরাগীদের এই প্রতিক্রিয়া যে তাঁর নজরে রয়েছে, তা নিজেই বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।

সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়েও চমকপ্রদ তথ্য দিয়েছেন সলমন। ‘বিগ বস’-এর বাড়িতে খাবার নিয়ে প্রতিযোগীদের মধ্যে প্রায়ই ঝামেলা হতে দেখা যায়। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা জানান, প্রতিযোগীরা এক দিনে যতটা খাবার খান, তিনি নাকি এক সপ্তাহেও ততটা খান না। নিজের ডায়েট সম্পর্কে বলতে গিয়ে সলমন জানান, দিনে মাত্র এক চামচ ভাত খান তিনি। সঙ্গে থাকে বাড়িতে তৈরি চিকেন, মাটন কিংবা সবজি। এর বাইরে খাবারের পরিমাণ খুব একটা বেশি নয়।

শুধু খাদ্যাভ্যাস নয়, অর্থের প্রতিও নিজের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন অভিনেতা। বিপুল সম্পত্তি ও দীর্ঘদিনের তারকাখ্যাতি সত্ত্বেও টাকা-পয়সা নিয়ে তাঁর চিন্তাভাবনায় বিশেষ পরিবর্তন আসেনি। ছোটবেলায় যেমন সামান্য প্রয়োজন মেটানোর কথা ভেবে অর্থ সঞ্চয়ের পরামর্শ দেওয়া হয়েছিল, আজও নাকি সেই দর্শনেই বিশ্বাস করেন তিনি।

পুরনো দিনের একটি ঘটনার কথা মনে করে সলমন জানান, একবার তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা জমা রেখে সেই অর্থের সুদ হিসেবে প্রতি মাসে ২ হাজার টাকা নেওয়ার। সেই সময়ের এই ভাবনাই এখনও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ, প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ বা বিলাসিতার চেয়ে সঞ্চয় এবং সীমিত চাহিদার জীবনেই আস্থা তাঁর।

কাজের দিক থেকে ‘মাতৃভূমি’ সলমনের পরবর্তী গুরুত্বপূর্ণ ছবি। অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবির মাধ্যমে বড় পর্দায় নতুন করে নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিতে চাইছেন অভিনেতা। এখন দেখার, ছবিটি মুক্তির পর অনুরাগীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।