Samay Raina: যার নামে হয় FIR, বন্যার পর ১০ লাখ সাহায্য পেয়ে সেই সময়কেই ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রীর

অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কমেডিয়ান সময় রায়না। বন্যাত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করেছেন তিনি। সময়ের এই উদ্যোগের কথা প্রকাশ্যে এনে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Published on: Aug 9, 2026, 08:30:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন কমেডিয়ান সময় রায়না। বন্যাত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে সময়ের এই অবদানের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। সময়ের পাশাপাশি অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রণদীপ হুডাও ইতিমধ্যে অসমে পৌঁছে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বন্যা কবলিত অসমে ১০ লাখ টাকা অর্থ সাহায্য সময় রায়নার।
বন্যা কবলিত অসমে ১০ লাখ টাকা অর্থ সাহায্য সময় রায়নার।

অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান সময়ের

অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দিয়েছেন সময় রায়না। অসমের মুখ্যমন্ত্রীর দফতরের সরকারি X হ্যান্ডেলে সময়ের করা RTGS লেনদেনের একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শ্রী সময় রায়নার ১০ লক্ষ টাকার অবদান স্বীকার করেছেন।’

নিজের X হ্যান্ডেল থেকেও সময়কে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, ‘অসমের এই কঠিন সময়ে ত্রাণ প্রচেষ্টায় অবদান রাখার জন্য ধন্যবাদ, সময়।’

এখনও বন্যায় বিপর্যস্ত দেড় লক্ষের বেশি মানুষ

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। PTI-এর প্রতিবেদন অনুযায়ী, এবারের বন্যায় এখনও ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। রাজ্যের মোট ১,৫৫,৮৪৯ জন মানুষ বন্যার কবলে পড়েছেন।

জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে ৫৮,৭৫০ জন মানুষ বন্যার কারণে সমস্যায় পড়েছেন। এরপর রয়েছে শিবসাগর ও জোরহাট। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ১৫টি জেলায় ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

সময়ের বিরুদ্ধে অসমে দায়ের হয়েছিল FIR

অসমের সঙ্গে সময় রায়নার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৫ সালে তাঁর জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-কে ঘিরে বিতর্কের সময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোটির বিষয়বস্তু নিয়ে সমালোচনা করেছিলেন।

এরপর সময় রায়না, ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অশ্লীলতা ও আপত্তিকর আলোচনার অভিযোগে অসম পুলিশ এফআইআর দায়ের করে।

সময়কে ধন্যবাদ জানাতেই FIR প্রত্যাহারের দাবি

এবার অসমের মুখ্যমন্ত্রী সময়ের ১০ লক্ষ টাকা অনুদানের কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ জানানোর পরই সমাজমাধ্যমে শুরু হয়েছে অন্য আলোচনা। মুখ্যমন্ত্রীর পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সময়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আবেদন করেছেন। একজন লেখেন, ‘দয়া করে সময় ভাইয়ের মামলা প্রত্যাহার করুন স্যার।’

অসমের বন্যাত্রাণে ভূমি ও রণদীপও

সময় রায়নার পাশাপাশি অসমের বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা রণদীপ হুডা ও ভূমি পেডনেকরও। রণদীপ হুডা অসমের বন্যাকবলিত জেলাগুলিতে পৌঁছে ত্রাণ বিতরণে অংশ নেন। শিবসাগরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত ত্রাণ কর্মসূচিতেও অংশ নেন অভিনেতা। নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে দেখা যায় তাঁকে। এমনকী হাঁটুসমান জলের মধ্য দিয়েও হেঁটে ত্রাণ পৌঁছে দেন রণদীপ।

অন্য দিকে, ভূমি পেডনেকরও অসমে পৌঁছে বন্যাত্রাণের কাজে অংশ নেন। তাঁর দলকে সঙ্গে নিয়ে হাঁটুসমান জলের মধ্যে দিয়ে এবং নৌকায় করে বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া বাড়িগুলিতে পৌঁছে ত্রাণসামগ্রী দিতে দেখা যায় তাঁকে। Bharat Disaster Relief Foundation (BDRF)-এর সঙ্গে অসমে গিয়েছিলেন অভিনেত্রী।

বন্যাকবলিত গ্রামবাসীদের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভূমি লেখেন, ‘প্রতিটি প্লাবিত গ্রাম আমাদের মনে করিয়ে দেয়, বৃষ্টি থামার পর নয়, সাহায্য পৌঁছনোর পর থেকেই পুনরুদ্ধার শুরু হয়।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More