৬ মাসেই সহকর্মীরা হয়েছে আপনজন, মাঝরাতে আবেগঘন পোস্ট সংহতির
একসঙ্গে বহুদিন কাজ করতে করতে সহকর্মীরা হয়ে ওঠে বন্ধু, বা তার থেকেও অনেক বেশি। কিন্তু মাত্র ছয় মাসেই সহকর্মীদের থেকে যে ভালোবাসা পেয়েছেন সংহতি, সেটাই এবার তিনি নিজের পোষ্টের মাধ্যমে উজাড় করে দিলেন।
একসঙ্গে বহুদিন কাজ করতে করতে সহকর্মীরা হয়ে ওঠে বন্ধু, বা তার থেকেও অনেক বেশি। কিন্তু মাত্র ছয় মাসেই সহকর্মীদের থেকে যে ভালোবাসা পেয়েছেন সংহতি, সেটাই এবার তিনি নিজের পোষ্টের মাধ্যমে উজাড় করে দিলেন। হঠাৎ করেই বিনা কারণে মাঝরাতে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী, যেখানে তিনি ব্যাখ্যা করেন কীভাবে সহকর্মীরা তাঁর কঠিন সময়েকে সহজ করে তুলেছে।

‘কমলা নিবাস’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বা বলা ভালো বন্ধুদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সংহতি। ছবিতে সকলকেই পার্টি মুডে দেখতে পাওয়া গিয়েছে। খুব সম্ভবত ছবিগুলি কাজের ফাঁকে ঘুরতে যাওয়া ছবি। কিন্তু এই ছবির থেকেও বেশি নজর কেড়েছে ক্যাপশনে সংহতির লেখা কথা।
আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা
সংহতি লিখেছেন, ‘হঠাৎ করে জানি না মাঝরাতে কেন এই পোস্ট করছি তবে আমার মনে হয় কিছু কথা বলার আছে। যখনই এই মানুষগুলোর সঙ্গে আমি থাকি, তখনই জীবনটা অনেকটা হালকা মনে হয়। খুব গুছিয়ে কথা বলতে পারি না বটে কিন্তু আমার মনে হয় কিছু মানুষ এটা জানার যোগ্য, ওরা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা বলা উচিত, যদিও সবকিছু গুছিয়ে বলতে পারব না।’
অভিনেত্রীর কথায়, ৬ মাস আগে যখন এই ধারাবাহিকে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তখন নেহাতই নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি হ্যাঁ বলেছিলেন। কিন্তু এই কয়েকদিনেই এত সুন্দর মানুষদের তিনি পাবেন এটা কল্পনাও করতে পারেননি সংহতি। সেই সময় তিনি কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেটা সহকর্মীদের জানার কথা নয় কিন্তু তারপরেও কাজের বাইরেও তাকে সবসময় সাহায্য করেছে সকলে।
সংহতি জানান, সহকর্মীরা ছিল বলেই কিছু কঠিন দিন অজান্তেই সহজ হয়ে গিয়েছে। পেশাগত দিক থেকে তো বটেই এমনকি ব্যক্তিগত দিকেও সকলে পাশে ছিল সব সময়। একসময় এই সহকর্মী হয়ে উঠেছে আপনজন, হয়ে উঠেছে স্বস্তির জায়গা। বাড়ির বাইরে একটা ছোট্ট পরিবার। আগামী দিনে কে কোথায় থাকবে কেউ জানে না, কিন্তু সহকর্মীদের মধ্যে একজন কেউ হারানোর চিন্তা মাথায় এলেই মন খারাপ হয়ে যায় সংহতির।
আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?
সবে শুরু হয়েছে ‘কমলা নিবাস’, তাই এখন এই ধারাবাহিকটির পথচলা বাকি অনেকটাই। কিন্তু এই অল্প সময়েই যেভাবে সকলে পাশে থেকেছে, বিশ্বাস রেখেছে, কাজকে কাজের মতো মনে না করে আনন্দ মনে করেছে। তাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন সংহতি।
E-Paper

