‘জীবনে কোনও পুরুষ থাকতেও পারে…’, শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে টেনিস তারকা সানিয়া মির্জা?

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছেন সানিয়া মির্জা। তবে কি জীবনে নতুন কেউ এসেছেন? ডেটিং লাইফ নিয়ে প্রশ্নের উত্তরে প্রথমে নিজেকে সিঙ্গল বললেও পরক্ষণেই রহস্য বাড়ালেন প্রাক্তন টেনিস তারকা।

Published on: Nov 12, 2026, 12:10:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন সাজিয়েছেন সানিয়া মির্জা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না তাঁকে। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ নিয়ে মুখ খুললেন প্রাক্তন টেনিস তারকা। জীবনে নতুন কোনও পুরুষের আগমন ঘটেছে কি না, সেই প্রশ্নের উত্তরে প্রথমে সিঙ্গল থাকার কথা জানালেও পরক্ষণেই এমন মন্তব্য করলেন, যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। শুধু নিজের ব্যক্তিগত জীবন নয়, ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন তিনি।

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে সানিয়া? (Instagram)
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে সানিয়া? (Instagram)

বয়েজ ট্রিপে ডাক পান সানিয়া!

৩৯ বছর বয়সী সানিয়া সম্প্রতি বান্ধবী ফারহা খানের সঙ্গে হাজির হয়েছিলেন অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ। সেখানেই অঙ্গদ তাঁকে প্রশ্ন করেন, কোনও পুরুষ বন্ধু কি কখনও তাঁকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? উত্তরে সানিয়া জানান, তাঁকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁর পুরুষ বন্ধুরা তাঁকে নিজেদের দলেরই একজন হিসেবে দেখেন। অনেকটা ছেলেদের মতোই তাঁর সঙ্গে ব্যবহার করেন তাঁরা।

সত্যিই কি সিঙ্গল সানিয়া?

এরপর ফারহা জানান, তাঁর পুরুষ বন্ধুরা মাঝেমধ্যেই তাঁকে ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই সিঙ্গল কি না। উত্তরে সানিয়া স্পষ্ট জানান, তিনি সত্যিই সিঙ্গল। তবে কথোপকথন সেখানেই থেমে থাকেনি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনও পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তাঁর মনে হয় না? তখন ফারহা মজা করে বলেন, সানিয়া যে এমন কোনও মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!

প্রথমে ফারহার কথায় সায় দেন সানিয়া। তারপরই বলেন, তাঁর জীবনে কোনও পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই কথা বলেই হেসে ফেলেন তিনি। যদিও পরে স্পষ্ট করে দেন, মজা করেই এমন কথা বলেছেন। তিনি এখনও সিঙ্গল।

সানিয়া ও ফারহার বন্ধুত্ব

সানিয়া মির্জা এবং ফারহা খানের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তাঁরা। সানিয়া একবার জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারহা তাঁর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারহা। সেখানেও দু'জনের গভীর বন্ধুত্বের ঝলক দেখা গিয়েছিল।

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ

২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর দুবাইয়ে সংসার পাতেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকের জন্ম হয়। তবে বিয়ের প্রায় ১৩ বছর পর ২০২৩ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন সানিয়া। সম্প্রতি তিনি জানান, তাঁর ছেলেও টেনিস খেলে। যদিও টেনিসের প্রতি ছেলের বিশেষ আগ্রহ নেই, তবে খেলাধুলোর প্রতি তার বেশ ঝোঁক রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More