‘অস্কার মেটেরিয়াল নয় ধুরন্ধর’, রণবীরের ছবিকে হারিয়ে অস্কারের দৌড়ে এই মরাঠি ছবি, আত্মবিশ্বাসী পরিচালক

ধুরন্ধর, হক, হনুমান অংশের মতো ছবিকে পিছনে ফেলে চলতিবার অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবে মরাঠি ছবি গোন্ধল। কী বলছেন সন্তোষ দেবারকর? 

Published on: Sep 19, 2026, 21:30:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অস্কারের দৌড়ে ভারত থেকে মনোনীত হলো মারাঠি থ্রিলার ছবি ‘গোনধাল’ (Gondhal)। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (২০২৭ সালের অস্কার) ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে সন্তোষ দাবাখড় পরিচালিত এই ছবিটিকে। এই ছবি পিছনে ফেলেছে রণবীর সিং-এর ব্লকবাস্টার ফিল্ম ধুরন্ধরকে। ১৪জন জুরি মেম্বরের মধ্যে মাত্র ৪ জনের ভোট পেয়েছিল রণবীরের ছবি। শেষমেষ ‘গোন্ধল’-এর শিকে ছিঁড়ল।

‘অস্কার মেটেরিয়াল নয় ধুরন্ধর’, রণবীরের ছবিকে হারিয়ে অস্কারের দৌড়ে এই মরাঠি ছবি
‘অস্কার মেটেরিয়াল নয় ধুরন্ধর’, রণবীরের ছবিকে হারিয়ে অস্কারের দৌড়ে এই মরাঠি ছবি

‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম’: সন্তোষ দাবাখড়

ছবিটি মনোনীত হওয়ার পর বার্তা সংস্থা পিটিআই-কে (PTI) দেওয়া সাক্ষাৎকারে পরিচালক তথা চিত্রনাট্যকার সন্তোষ দাবাখড় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, ‘ছবিটি তৈরি করা থেকে জমা দেওয়ার মুহূর্ত পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ‘গোন্ধল’-ই ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে সুযোগ পাবে। নিজের ছবির মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’

কী নিয়ে ছবির গল্প?

গ্রামীণ মহারাষ্ট্রের লোকজ ঐতিহ্য, সংগীত, নৃত্য ও পৌরাণিক আচার ‘গোন্ধল’-এর প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই থ্রিলারটি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক নবদম্পতি। ‘সুমন’ নামের এক তরুণী কনে নিজের দাম্পত্য জীবনের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে প্রেমিক ‘সার্জে রাও’-এর ‘গোন্ধল’ আচারের প্রতি অন্ধ আসক্তিকে কাজে লাগায় এবং এক পবিত্র ঐতিহ্যকে প্রাণঘাতী খেলার রূপ দেয়।

পরিচালক বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সিনেমা বললেই দারিদ্র্য বা জাতপাতের বিষয় নিয়ে আলোচনা হয় বলে একটি ধারণা রয়েছে। আমি ভেবেছিলাম এমন একটি সিনেমা তৈরি করব যা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। ‘গোন্ধল’ ঠিক সেটাই করেছে।’

৩৩টি ছবিকে পেছনে ফেলে বাছাই

অস্কারে পাঠাতে বিভিন্ন ভাষার মোট ৩৩টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে ‘ধুরন্ধর’, ‘বর্ডার ২’, ‘পেড্ডি’, ‘হনুমান অংশ’, ‘ইক্কিস’, ‘হক’, ‘রাজ্যপাল’-এর মতো বড় বাজেটের বিনোদনমূলক ছবির পাশাপাশি একাধিক স্বনামধন্য ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও ছিল। সেই সব ছবিকে পেছনে ফেলে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ার দৌড়ে বাজি মেরেছে ‘গোনধাল’।

ছবির অভিনয় ও সংগীত এবং পরবর্তী পথচলা

ছবিটিতে অভিনয় করেছেন কিশোর কদম, সুরেশ বিশ্বকর্মার মতো প্রবীণ অভিনেতারা, পাশাপাশি ডেবিউ করেছেন ইশিতা দেশমুখ এবং নিষাদ ভোইর। ছবিটির সুরারোপ করেছেন কিংবদন্তি সংগীতপরিচালক ইলাইয়ারাজা।

২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান। তবে তার আগেই ২০২৬ সালের ডিসেম্বরে ১৫টি দেশের শর্টলিস্ট ঘোষণা করবে আকাদেমি। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে চূড়ান্ত পাঁচ মনোনয়ন নির্ধারণ করা হবে।

আমেরিকায় ছবিটির প্রচার নিয়ে সন্তোষ জানান, ‘আগামী ছয় মাসের জন্য আমাদের কাছে সুস্পষ্ট পরিকল্পনা প্রস্তুত। দেশ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা পালনে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।’

উল্লেখ্য, এ যাবত কেবল তিনটি ভারতীয় চলচ্চিত্র অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছিল— মেহবূব খানের ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭), মিরা নায়ারের ‘সালাম বম্বে!’ (১৯৮৮) এবং আশুতোষ গোয়ারিকরের ‘লাগান’ (২০০১)। ভারতের অফিশিয়াল এন্ট্রি হওয়ার পর এখন দেখার, ‘গোন্ধল’ অস্কারের চূড়ান্ত মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারে কি না।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More