কেদারনাথে পুজো দিয়ে বিপাকে সারা আলি খান! অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি, কী বললেন মৌলানা
কেদারনাথ ধামে গিয়ে পুজো করায় বিতর্কে সারা আলি খান। অভিনেত্রীর মন্দির দর্শনকে শরিয়তবিরোধী বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইসলাম ধর্মগুরু মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। শুধু তাই নয়, সারা আলি খানকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী সারা আলি খান নিজেকে শিবভক্ত বলে পরিচয় দিতে দ্বিধা করেন না। একাধিকবার কেদারনাথ ধামে গিয়ে পুজো দিয়েছেন তিনি। গত ২৫ অক্টোবরও কেদারনাথ দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর এই মন্দির দর্শন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইসলাম ধর্মগুরু মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও প্রকাশ করে সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার বিরোধিতা করেছেন ওই ধর্মগুরু। তাঁর দাবি, ইসলামি শরিয়তের দৃষ্টিতে অভিনেত্রীর এই কাজ অনুচিত। সেই কারণে তাঁকে তওবা (ক্ষমা প্রার্থনা) করার পরামর্শ দিয়েছেন তিনি।
'শরিয়ত মন্দিরে পুজো করার অনুমতি দেয় না', দাবি মৌলানার
ভিডিওতে মৌলানা মুফতি শেহাবুদ্দিনকে বলতে শোনা যায়, সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকজন মুসলিম যুবক তাঁর কাছে প্রশ্ন করেছিলেন। তাঁদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি দাবি করেন, ইসলামি শরিয়ত মুসলিমদের অন্য ধর্মের আচার-অনুষ্ঠান গ্রহণ করা কিংবা মন্দিরে পুজো করার অনুমতি দেয় না। তাঁর বক্তব্য, এই নিয়ম নারী-পুরুষ নির্বিশেষে সকল মুসলিমের ক্ষেত্রেই প্রযোজ্য।
সারাকে ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
সারা আলি খানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ওই ধর্মগুরু আরও বলেন, অভিনেত্রী কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন এবং দর্শনের জন্য প্রায় আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। মৌলানার দাবি, শরিয়তের দৃষ্টিতে এই কাজ অন্যায় এবং এর জন্য সারা আলি খানকে তওবা করতে হবে। তিনি আরও বলেন, অভিনেত্রী ক্ষমা না চাইলে আল্লাহর দরবারে তাঁকে অপরাধী হিসেবে গণ্য করা হবে।
২৫ অক্টোবর কেদারনাথ দর্শনে গিয়েছিলেন সারা
গত ২৫ অক্টোবর সারা আলি খানের কেদারনাথ দর্শনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেদারনাথ যাওয়া নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০১৭ সালে শুরু হয়েছিল 'কেদারনাথ' ছবির শুটিং
সারা আলি খান চার থেকে পাঁচ বার কেদারনাথ দর্শনে গিয়েছেন। কেদারনাথের প্রতি সারার এক গভীর আবেগ রয়েছে। ২০১৭ সালে নিজের 'কেদারনাথ' চলচ্চিত্রের শুটিং চলাকালীন অভিনেত্রী সেখানে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এও জানিয়েছিলেন যে কেদারনাথ তাঁকে ব্ল্যাক কফির অভ্যাস, ট্রেকিংয়ের শখ এবং পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসার মতো অনেক কিছু দিয়েছে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সারা ও সুশান্তের 'কেদারনাথ'
সারা আলি খানের 'কেদারনাথ' সিনেমার কথা বললে, ২০১৮ সালে তাঁর এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে সারা আলী খানের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন অভিষেক কাপুর।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


