প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।
সাতপাক ঘুরলেন সারেগামাপা খ্যাত গায়ক, পাত্রীও চেনা মুখ! বিয়ে টু রিসেপশন কেমন সাজ?
ফোক গানে তাঁর জুড়ি মেলা ভার। সারেগামাপা-র মঞ্চ থেকে উঠে আসা এই শিল্পীর অনুরাগীর সংখ্যা অগুণতি। সকলকে চমকে দিয়ে বিয়ে সারলেন ঋষি চক্রবর্তী। পাত্রী কে?
সুরের জগতের পরিচিত মুখ তথা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa) খ্যাত সংগীতশিল্পী ঋষি চক্রবর্তী জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মডেল বিপাশা ঘোষ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। গত ২১শে নভেম্বর বৈদিক রীতি মেনে সাতপাকে ঘুরেছেন দু’জনে। এরপর সোমবার রাতে কলকাতার ক্যালকাটা বোটিং রিসর্ট অ্যান্ড হোটেলে বসেছিল এই নবদম্পতির জমকালো রিসেপশন বা প্রীতিভোজের আসর। বিয়ে এবং রিসেপশন— দুই সন্ধ্যাতেই সাবেকি ও রাজকীয় সাজে নজর কেড়েছেন ঋষি ও বিপাশা।

বিয়ের আসরে সাবেকি বাঙালিয়ানায় ঋষি-বিপাশা:
বিয়ের মূল অনুষ্ঠানে আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিয়েছিলেন নবদম্পতি।
বিপাশা সেজেছিলেন টুকটুকে লাল রঙের সোনালি জরির কাজ করা বেনারসিতে। কপালে সূক্ষ্ম চন্দনের কল্কা, মাথায় সোলার মুকুট, সোনার টিকলি, নাকে বড় নথ এবং গলায় সোনা ও মুক্তোর ভারী গয়নায় অপরূপা দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে ঋষির পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও উত্তরীয়, মাথায় সোলার টোপর এবং গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা— সব মিলিয়ে সাবেকি বাঙালি বরের সাজে দারুণ মানিয়েছিল গায়ককে।
রিসেপশনের রাজকীয় সাজ ও প্রীতিভোজের আসর:
সোমবার রাতে ক্যালকাটা বোটিং রিসর্ট অ্যান্ড হোটেলে আয়োজিত রিসেপশন পার্টিতে সাবেকি বাঙালি সাজ ছেড়ে একেবারে রাজকীয় অবতারে ধরা দেন ঋষি ও বিপাশা। সেই ছবি সমাজমাধ্য়মের পাতায় ভাগ করে নিয়েছেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়।

বৌভাতের সন্ধ্যায় বিপাশা বেছে নিয়েছিলেন ভারী এমব্রয়ডারি ও পালকি-বরাতি নকশা করা একটি গাঢ় লাল রঙের ব্রাইডাল লেহেঙ্গা। খোলা চুল, সিঁথিতে সিঁদুর, গলায় হিরের নেকলেস এবং হাতে শাঁখা-পলার সঙ্গে লাল-সাদা চূড়িতে গ্ল্যামারাস দেখাচ্ছিল নতুন কনেকে।
স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে ঋষি পরেছিলেন সাদা ও আইভরি রঙের কুর্তা-প্যান্ট এবং তার ওপর ময়ূর ও প্রকৃতির নকশা তোলা কারুকাজ করা একটি রাজকীয় শেরওয়ানি জ্যাকেট, পায়ে বাদামি লেদার জুতো।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে রিসেপশনের আসরে উপস্থিত ছিলেন পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। সব মিলিয়ে সুর ও ভালোবাসার মেলবন্ধনে শুরু হলো ঋষি ও বিপাশার নতুন পথচলা। সমদীপ্তা সেই আনন্দমুখর সন্ধ্য়ার ঝলক ভাগ করে লেখেন, ‘ঋষিদার বিয়ে, মরসুমের প্রথম বিয়েবাড়ি বলে কথা। হৈহৈ, আড্ডা আর দারুণ খাওয়া-দাওয়া’।
E-Paper
