সারোগেসির মাধ্যমে বাবা হন! সন্তানদের জন্মদিনে বিয়ে করেন বেঙ্গালুরুর এই সমলিঙ্গ দম্পতি

দুই সন্তানকে নিয়ে সাজানো সুখের সংসার। একে অপরের পাশে থেকে জীবনের নানা ওঠাপড়া সামলাচ্ছেন বেঙ্গালুরুর সমলিঙ্গের দম্পতি ময়াঙ্ক কালরা ও সৌগত বসু। পরিবার ও বন্ধুদের সমর্থন পেলেও তাঁদের আক্ষেপ, এখনও সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি মেলেনি। 

Published on: Nov 27, 2026, 17:30:43 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পরিবারের সংজ্ঞা কি শুধুই নারী-পুরুষের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ? ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার থাকলে কি তৈরি হতে পারে না একটি পরিপূর্ণ পরিবার? সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে নিজেদের মতো করে সংসার সাজিয়েছেন বেঙ্গালুরুর সমলিঙ্গের দম্পতি ময়াঙ্ক কালরা ও সৌগত বসু। দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার।

বেঙ্গালুরুর সমলিঙ্গের দম্পতি ময়াঙ্ক কালরা ও সৌগত বসু।
বেঙ্গালুরুর সমলিঙ্গের দম্পতি ময়াঙ্ক কালরা ও সৌগত বসু।

২০১২ সালে প্রথম পরিচয় হয়েছিল ময়াঙ্ক ও সৌগতর। কথোপকথনের শুরুতেই একে অপরের সঙ্গে বেশ স্বচ্ছন্দ বোধ করেছিলেন তাঁরা। সেই যোগাযোগই ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পরিণত হয়। একসময় ময়াঙ্ক নিজের শহর থেকে ফিরে এলে সৌগত তাঁর সঙ্গে থাকতে শুরু করেন। কারণ, তাঁর অফিসও তখন ময়াঙ্কের বাড়ির কাছাকাছি চলে এসেছিল। একসঙ্গে থাকতে থাকতে সম্পর্ক আরও গভীর হয়। শেষ পর্যন্ত একে অপরের প্রেমে পড়েন তাঁরা এবং ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

পরিবারকে নিজেদের সম্পর্কের কথা জানানো

ময়াঙ্ক ও সৌগতর সম্পর্কের কথা তাঁদের পরিবারের সদস্যরা আগে থেকেই কিছুটা জানতেন। তবে নিজেদের পরিচয় ও সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে প্রকাশ করতে সময় নিয়েছিলেন তাঁরা। প্রায় পাঁচ বছর আগে প্রথমে নিজেদের বোনেদের সঙ্গে বিষয়টি ভাগ করে নেন দু’জনে। তাঁদের বোনেরা বিষয়টি সহজভাবেই গ্রহণ করেন। এর এক বছর পর বাবা-মাকে নিজেদের সম্পর্কের কথা জানান তাঁরা। প্রথমে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত সন্তানদের ভালোবাসার কথা বুঝতে পেরে মেনে নেন অভিভাবকেরা।

সন্তান নেওয়ার সিদ্ধান্ত

বাবা হওয়ার ইচ্ছা ময়াঙ্ক ও সৌগতর দু’জনেরই ছিল। তবে কখন সেই সিদ্ধান্ত নেওয়া উচিত, তা নিয়ে নিশ্চিত ছিলেন না তাঁরা। কোভিড অতিমারির সময় তাঁদের এক বন্ধু সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছিলেন। সেই ঘটনা থেকেই নিজেদের সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন এই দম্পতি।

সেই সময় তাঁদের বন্ধুরাও উৎসাহ দেন। তাঁদের বক্তব্য ছিল, সন্তান নেওয়ার ইচ্ছা সত্যিই থাকলে এটাই উপযুক্ত সময়, কারণ সারোগেসি সংক্রান্ত আইন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছিল। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত করেন ময়াঙ্ক ও সৌগত। তাঁদের এই সিদ্ধান্তে দুই পরিবারের সদস্যরাও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।

বিয়ে করার ইচ্ছা থাকলেও আইনি স্বীকৃতির অভাব

ময়াঙ্ক ও সৌগত একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং দুই সন্তানকে নিয়ে নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ভারতে সমলিঙ্গে বিয়ে নিয়ে আইনত স্বীকৃতি না থাকলেও, দুজনে করেছেন সামাজিক বিয়ে। আর সেটাও সন্তানদের জন্মদিনে। মায়াঙ্ক ও সৌগতের মতে, সমলিঙ্গের সম্পর্কে সামাজিক স্বীকৃতির পাশাপাশি, দম্পতিদের বিয়ের আইনি অধিকারও পাওয়া প্রয়োজন। দেশের বিচারব্যবস্থায় এখনও সমলিঙ্গের দম্পতিদের বিয়ের অধিকার স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে তাঁদের। তাই সরকারের কাছে তাঁদের আবেদন, সমলিঙ্গের দম্পতিদেরও যেন বিয়ের সমান অধিকার দেওয়া হয় এবং তাঁদের পরিবারকে যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।