Sayantika Banerjee: নির্বাচনে গো হারা সায়ন্তিকা! দিলেন অসুস্থতার খবর, ফিরলেন ‘প্রাক্তন’-এর কাছে
ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেন অভিনেত্রী, তৃণমূলের প্রাক্তন সাংসদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। খবর, রাজনীতিকে টাটা বাই বাই করে এবার অভিনয়েই ফিরবেন।
বরানগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে পরাজয় হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। আর বিজেপি-র সজল ঘোষের কাছে হারের পর, চুপচাপই ছিলেন টলিউড নায়িকা। তবে এবার করলেন ‘প্রাক্তন’এ-র কাছে ফেরার ঘোষণা। যদিও সঙ্গে দিলেন অসুস্থতার খবরও।

ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। একটিতে দেখা যায় কাউচে মাথা হেলিয়ে আধশোয়া অবস্থায়। ক্যাপশনে লেখা, ‘ভাইরাল ফিভার… যদিও ধীরে ধীরে সুস্থ হচ্ছি’। পরের ছবিতে সায়ন্তিকাকে দেখা যায় জিমে ঘাম ঝরাতে। ট্রেনারের সঙ্গে মিরর সেলফি শেয়ার করে লিখলেন, ‘যেখানে আমার স্থান, সেখানে ফিরে আসতে পেরে আমি খুশি।’


জানা যায়, সায়ন্তিকা প্রায় ১৩,০০০ ভোটে পিছিয়ে ছিলেন সজল ঘোষের থেকে। আর হারের পর, সংবাদমাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, মানুষের রায় তিনি মাথা পেতে মেনে নেবেন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে হেরেছিলেন সায়ন্তিকা বিজেপির কাছে, প্রার্থী ছিলেন নীলাদ্রি শেখর দানা। তবে ২০২৪ সালের উপনির্বাচনে জিতে বরাহনগরের বিধায়ক হয়েছিলেন সায়ন্তিকা।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যোগদানের পর সায়ন্তিকা জানান যে, তিনি বিগত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ছিলেন এবং দিদির হাত শক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে তাঁর দাবি ছিল যে, জনগনের সেবা করতে রাজনীতিতে পা রাখা। যদিও খবর, ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের শোচনীয় হারের পর, তিনি রাজনীতির জগত থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। সঙ্গে ফিরতে চান অভিনয়েই।
'ধুম মাচা লে' রিয়েলিটি শো-এর মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপর 'টার্গেট', 'হ্যাংওভার', 'মনে পড়ে আজও সেই দিন'-এর মতো ছবিতে অভিনয় করেন। ২০১২ সালে জিতের বিপরীতে 'আওয়ারা' ছবি তাঁকে নিয়ে আসে খ্যাতির আলোয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে 'শুটার', 'নকাব' (শাকিব খানের বিপরীতে), আওয়ারা, বিন্দাস, পাওয়ার, ব্যোমকেশ পর্ব, বাঘ বন্দী খেলা, শেষ থেকে শুরু। ২০২৩ সালে বাংলাদেশে জায়েদ খানের বিপরীতে 'ছায়াবাজ' সিনেমায় শেষ দেখা গিয়েছে তাঁকে। এখন দেখার, রাজনীতিকে টাটা বাই বাই করে সত্যিই নতুন করে সিনেমা কেরিয়ারেই মনোনিবেশ করেন কি না!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


