‘আমি আগে ভাবতাম আমি ইশ্বরের প্রিয়, তাহলে কেন…’! মা হতে পারবেন না জানার পর কীভাবে নিজেকে সামলেছিলেন শাবানা আজমি?

মা হতে না পারার আক্ষেপ থেকে জাভেদ আখতারের সঙ্গে দাম্পত্যের সমীকরণ—জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন শাবানা আজমি। পাশাপাশি হানি ইরানির সঙ্গে জাভেদের অতীত এবং তাঁর দুই সন্তান ফারহান ও জোয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বললেন অভিনেত্রী।

Published on: Nov 24, 2026, 13:00:46 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন। লেখক ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনও বহুবার চর্চায় উঠে এসেছে। ১৯৮৪ সালে বিয়ে করলেও এই দম্পতির নিজেদের কোনও সন্তান নেই। সম্প্রতি এক পডকাস্টে জীবনের সেই কঠিন অধ্যায়ের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। জানালেন, কখনও মা হতে পারবেন না, এই সত্যিটা জানার পর কতটা ভেঙে পড়েছিলেন তিনি। পাশাপাশি জাভেদ আখতারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন শাবানা।

মা হতে না পারার যন্ত্রণা নিয়ে কী বললেন শাবানা?
মা হতে না পারার যন্ত্রণা নিয়ে কী বললেন শাবানা?

মা হতে পারবেন না জেনে ভেঙে পড়েছিলেন শাবানা

পডকাস্টে শাবানাকে প্রশ্ন করা হয়েছিল, ব্যক্তিগত জীবনে তাঁর কাছে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল? উত্তরে অভিনেত্রী জানান, যখন জানতে পেরেছিলেন যে তাঁর পক্ষে মা হওয়া সম্ভব নয়, সেটাই ছিল জীবনের অন্যতম কঠিন মুহূর্ত। শাবানার কথায়, তিনি নিজেকে সবসময় ঈশ্বরের প্রিয়পাত্র বলে মনে করতেন। তাই জীবনের এত বড় একটি প্রাপ্তি থেকে তাঁকে বঞ্চিত হতে হবে, তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সেই সময় মানসিকভাবে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে।

পরিবারের সঙ্গে জাভেদ আখতার।
পরিবারের সঙ্গে জাভেদ আখতার।

কীভাবে নিজেকে সামলেছিলেন অভিনেত্রী?

তবে সময়ের সঙ্গে নিজের মনকে বুঝিয়েছিলেন শাবানা। তাঁর উপলব্ধি হয়েছিল, পৃথিবীতে কোনও মানুষের পক্ষেই সবকিছু পাওয়া সম্ভব নয়। জীবনে কিছু পাওয়ার পাশাপাশি কিছু হারাতেও হয়। সেই সত্যিটা মেনে নিয়েই ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তিনি। তাছাড়া পরিবারে সন্তান ছিলই। ফলে কঠিন সময় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। বর্তমানে মা হতে না পারার জন্য তাঁর আর কোনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী।

শাবানা আজমি, জাভেদ আখতার ও হানি ইরানি। (Instagram)
শাবানা আজমি, জাভেদ আখতার ও হানি ইরানি। (Instagram)

জাভেদ আখতারের কতজন সন্তান রয়েছে?

১৯৮৪ সালে জাভেদ আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাবানা আজমি। তবে এটি জাভেদের দ্বিতীয় বিয়ে। এর আগে লেখিকা ও চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই দাম্পত্যে দুই সন্তান রয়েছেন—ফারহান আখতার ও জোয়া আখতার। ফারহান অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে পরিচিত। অন্যদিকে জোয়া একজন সফল পরিচালক ও চিত্রনাট্যকার। শাবানা ও জাভেদের নিজেদের কোনও সন্তান না থাকলেও ফারহান এবং জোয়ার সঙ্গে শাবানার সম্পর্ক বেশ ভালো। বিভিন্ন সময় তাঁদের পারিবারিক সমীকরণ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জাভেদের সঙ্গে দাম্পত্যের কোন বিশেষ দিকের কথা জানালেন শাবানা?

পডকাস্টে জাভেদ আখতারের সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন নিয়েও মুখ খুলেছেন শাবানা। তাঁর মতে, তাঁদের দাম্পত্যের সবচেয়ে সুন্দর দিক হল তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। জাভেদ নাকি প্রায়ই বলেন, শাবানা তাঁর এতটাই ভালো বন্ধু যে বিয়ে করেও সেই বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি।

অভিনেত্রীর কথায়, তাঁদের চিন্তাভাবনা, মতামত এবং মূল্যবোধ অনেকটাই এক। তবে তাঁদের সম্পর্ক যে একেবারে ঝগড়াঝাঁটিহীন, এমনটা নয়। বরং দু'জনের মধ্যে প্রচুর ঝগড়া হয়। কিন্তু সবকিছুর পরেও তাঁদের গভীর বন্ধুত্বই সম্পর্কের মূল ভিত্তি। আর সেই বন্ধুত্বের জোরেই এত বছর ধরে একসঙ্গে পথ চলছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।