৬১তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে ‘কিং’ শাহরুখ! ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন, ওড়ালেন ফ্লাইং কিস

জন্মদিনে মন্নতের বাইরে অনুরাগীদের উপচে পড়া ভিড়। কিন্তু ভক্তদের অপেক্ষায় না রেখে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে মুম্বইয়ের তাজ হোটেলে হাজির শাহরুখ খান। সেখান থেকে বেরিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাবও দিলেন নিজের চেনা কায়দায়।

Published on: Nov 2, 2026, 13:42:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের বাদশার জন্মদিন বলে কথা! প্রিয় তারকার বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখেননি অনুরাগীরা। ২ নভেম্বর ৬১ বছরে পা দিলেন শাহরুখ খান। সকাল থেকেই মুম্বইয়ে তাঁর বাড়ি মান্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। একবার প্রিয় তারকার দর্শন পাওয়ার আশাতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তাঁরা। তবে জন্মদিনের সন্ধ্যায় অনুরাগীদের জন্য অন্য পরিকল্পনা ছিল কিং খানের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মান্নত ছেড়ে দক্ষিণ মুম্বইয়ের তাজ হোটেলে পৌঁছে যান অভিনেতা।

শাহরুখ খান।
শাহরুখ খান।

রিপোর্ট অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলে জন্মদিনের উদযাপন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, সোমবার ভোর পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল শাহরুখের বিলাসবহুল গাড়ি। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানও। বাবার বিশেষ দিনে তাঁরাও উদযাপনে যোগ দিয়েছিলেন বলে খবর। তবে খুব একটা প্রচারের আলোয় না এসেই হোটেল ছেড়ে বেরিয়ে যান তাঁরা।

ভক্তদের ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

জন্মদিনের রাতে পরিবারের সঙ্গে সময় কাটালেও অনুরাগীদের নিরাশ করেননি শাহরুখ। হোটেল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। চারপাশ থেকে ভেসে আসে 'আই লাভ ইউ' ধ্বনি। পালটা হাত নেড়ে এবং ফ্লাইং কিস ছুড়ে তাঁদের ভালোবাসার জবাব দেন অভিনেতা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের ফ্যান ক্লাব 'শাহরুখ খান ওয়ারিয়র্স' এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখে, ‘অবশেষে জন্মদিনের ছেলেটির দেখা মিলল। সামান্য একটুখানি হাত নাড়া, অথচ তাতেই উপচে পড়ল আনন্দ। শুভ জন্মদিন কিং খান!’

মন্নতকে বিশাল পর্দায় বদলে দিলেন কিং খান

শুধু নিজের জন্মদিন উদযাপন নয়, অনুরাগীদের জন্যও বিশেষ চমক রেখেছিলেন শাহরুখ। তাঁর বাড়ি মান্নতকে কার্যত বিশাল পর্দায় পরিণত করা হয়েছিল। সেখানে দেখানো হয় তাঁর আগামী ছবি 'কিং'-এর ঝলক। রিপোর্ট অনুযায়ী, ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতিতে একটি নতুন গানও দেখানো হয়। পাশাপাশি ভক্তদের জন্য ছিল শাহরুখের নিজের হাতে লেখা একটি বিশেষ বার্তা।

সেই বার্তায় লেখা ছিল, 'যে হৃদয়গুলো তাঁকে কিং বানিয়েছে, তাদের জন্য রইল অনেক ভালোবাসা।' জন্মদিনের ঠিক মাঝরাতেই নিজের আগামী ছবি 'কিং'-এর প্রথম গানও প্রকাশ করেছেন শাহরুখ। সব মিলিয়ে ৬১তম জন্মদিনে পরিবার, বন্ধু এবং অনুরাগীদের ভালোবাসায় ভাসলেন বলিউডের বাদশা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More