‘গৌরীকে বিয়ের আগে নিজের কোনও বাড়ি ছিল না, মন্নত সাধ্যের বাইরে..', বউ-ভাগ্য নিয়ে অকপট স্বীকারোক্তি শাহরুখের!

‘আমি ভাগ্যবান। গৌরীকে বিয়ে করার আগে পর্যন্ত আমার নিজের কোনও বাড়ি ছিল না’, আর কী বললেন শাহরুখ?

Published on: Nov 13, 2026, 16:18:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ড্যানিউব’ -এর এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের স্বভাবসিদ্ধ রসবোধ ও আবেগে দর্শকদের মন জয় করলেন বলিউডের বাদশা শাহরুখ খান। পরিচালক করণ জোহরের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

‘গৌরীকে বিয়ের আগে নিজের কোনও বাড়ি ছিল না, মন্নত সাধ্যের বাইরে..', বউ-ভাগ্য নিয়ে অকপট স্বীকারোক্তি শাহরুখের!
‘গৌরীকে বিয়ের আগে নিজের কোনও বাড়ি ছিল না, মন্নত সাধ্যের বাইরে..', বউ-ভাগ্য নিয়ে অকপট স্বীকারোক্তি শাহরুখের!

মঞ্চে দাঁড়িয়ে নিজের জীবনের অন্যতম বড় স্বপ্ন— একটি নিজস্ব বাড়ির মালিক হওয়ার গল্প শোনাতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন কিং খান। তিনি অকপটে স্বীকার করেন, মুম্বইয়ের বিখ্যাত প্রাসাদোপম বাড়ি ‘মন্নত’ কেনাও একসময় তাঁর সাধ্যের বাইরে ছিল।

‘গৌরীকে বিয়ে করার আগে আমার নিজের কোনও বাড়ি ছিল না’:

অল্প বয়সে বাবা-মাকে হারানোর পর মাথার ওপর নিজের একটি ছাদের অভাব তাঁকে কীভাবে তাড়িয়ে বেড়াত, সেই স্মৃতিচারণ করেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি আমার পরিবার এবং কাজকে অবশ্যই ভালোবাসি, কিন্তু পৃথিবীতে সবকিছুর চেয়ে বেশি যা ভালোবাসি তা হলো নিজের একটা বাড়ি। এই নিয়ে আমার ছেলেমেয়েরাও আমায় নিয়ে মজা করে। যখনই আমরা কোনো নতুন শহরে গাড়ি নিয়ে ঘুরি আর শহরটা আমার পছন্দ হয়, আমি ওদের বলি এখানে একটা বাড়ি কিনতে হবে! ওরা হেসে বলে প্রতিটা শহরে বাড়ি কেনা সম্ভব নয়। কিন্তু আমি ভাগ্যবান। গৌরীকে বিয়ে করার আগে পর্যন্ত আমার নিজের কোনো বাড়ি ছিল না।’

সাধ্যের বাইরে থাকা ‘মন্নত’ জয়ের মন্ত্র:

যাঁরা নিজেদের স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে শাহরুখ জানান, জীবনের ভালো-মন্দ বা হতাশার দিন শেষে নিজের বাড়িতে ফিরেই মানুষ নতুন করে বাঁচার শক্তি পায়। তাঁর কথায়, ‘গৌরী আর আমি যখন প্রথম বাড়ি কিনেছিলাম, সেটা আমাদের সাধ্যের বাইরে ছিল; এমনকি শেষ যে বাড়িটা অর্থাৎ ‘মন্নত’ কিনেছি, সেটাও আমাদের সাধ্যের বাইরে ছিল। কিন্তু আমি সবাইকে বলতে চাই, আপনি যখন মন থেকে স্বপ্নের বাড়ির জন্য ‘মন্নত’ (প্রার্থনা) করবেন, ঈশ্বর বা আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। নিজের ওপর আর ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখুন, জীবনের সবচেয়ে সুন্দর বাড়িটি আপনি ঠিকই পাবেন।’

‘কিং’-এর গানে নাচ ও আইকনিক সংলাপে জাদু:

আবেগঘন মুহূর্তের পাশাপাশি দর্শকদের ভরপুর মনোরঞ্জনও করেন বাদশা। মঞ্চে দাঁড়িয়ে ‘রইস’ এবং ‘ওম শান্তি ওম’ ছবির জনপ্রিয় সংলাপ বলে শোনান তিনি। এরপর তাঁর আসন্ন ছবি ‘কিং’ (King)-এর ‘তু মিল যায়ে’ গানের তালে নেচে গোটা আসর মাতিয়ে তোলেন।

‘মন্নত’-এর সংস্কার ও বড় পর্দায় প্রত্যাবর্তন:

২০০১ সালে মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী ‘মন্নত’ কিনেছিলেন শাহরুখ। বর্তমানে বাড়িটির বড়সড় সংস্কারের কাজ চলছে। অ্যানাক্স ভবনটির আগের ছয় তলার ওপর আরও দুটি তলা (প্রায় ৭,০০০ বর্গফুট এলাকা) যুক্ত করা হচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ হয়ে পরিবারসহ শাহরুখের ফের মন্নতে ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, দীর্ঘ তিন বছর পর আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬-এ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনকে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More