হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
শাহরুখকে ইশারায় অনন্ত আম্বানির চুপ করানোর বিতর্কিত ভিডিয়ো! আইনি নোটিস এল বাদশার তরফ থেকে
অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের একটি ভিডিয়ো ঘিরে বিতর্কে জড়ালেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে অভিনেতাকে নাকি চুপ থাকতে বলা হয়েছিল, এমনই দাবি করেন এক ইনফ্লুয়েন্সার। এই দাবিকে বিভ্রান্তিকর ও মানহানিকর বলে অভিযোগ তুলে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিস পাঠালেন শাহরুখ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ব্যবসায়ী অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথোপকথনের একটি ক্লিপের ব্যাখ্যা নিয়ে আপত্তি তুলেছেন অভিনেতা। ওই ভিডিয়ো ঘিরে এক ইনফ্লুয়েন্সারের করা দাবিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং মানহানিকর বলে উল্লেখ করেছে শাহরুখের আইনি দল। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটর সুভিগ্য শর্মা (Suvigya Sharma)-কে আইনি নোটিস পাঠানো হয়েছে।

কী ছিল ভাইরাল ভিডিয়োতে?
সম্প্রতি সুভিগ্য শর্মা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল পোস্ট করেন। সেখানে আধ্যাত্মিক গুরু সদ্গুরুর সঙ্গে অনন্ত আম্বানীর কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্ত আম্বানীর একটি আলাদা ভিডিয়ো জুড়ে দেওয়া হয়েছিল। ওই রিলের ক্যাপশনে দাবি করা হয়, কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।
তবে এই উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন শাহরুখ। অভিনেতার আইনি দলের দাবি, ভিডিয়োর সঙ্গে দেওয়া ক্যাপশন এবং বক্তব্যের মাধ্যমে আসল ঘটনার প্রেক্ষাপট বিকৃত করা হয়েছে। এর ফলে শাহরুখের ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
৪৮ ঘণ্টার মধ্যে ভিডিয়ো সরানোর নির্দেশ
২৩ নভেম্বর তারিখে পাঠানো আইনি নোটিসে সংশ্লিষ্ট রিলটিকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে। শাহরুখের আইনজীবীদের বক্তব্য, ভিডিয়োতে যে দাবি করা হয়েছে, তার কোনও যথাযথ ভিত্তি নেই। প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া একজনের সুনাম নষ্ট করতে পারে।
নোটিসে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে। এই ধারায় মানহানির বিষয়টি নিয়ে আইনি বিধান রয়েছে। সুভিগ্যকে ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, বিতর্কিত ইনস্টাগ্রাম রিলটি সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, এই দাবি নতুন করে কোথাও প্রচার বা শেয়ার করা যাবে না। ভিডিওর সঙ্গে যুক্ত ক্যাপশন ও বক্তব্যও মুছে ফেলতে অথবা সংশোধন করতে বলা হয়েছে। পাশাপাশি মূল ফুটেজ এবং পোস্ট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশগুলি পালন করা হয়েছে কি না, তা লিখিতভাবে জানাতেও বলা হয়েছে।
আইনি নোটিসের পরেও পাল্টা আক্রমণ সুভিগ্যর
শাহরুখের আইনি নোটিস পাওয়ার পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সুভিগ্য শর্মা। বরং নতুন একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেতার আপত্তি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, এই বিষয়টি নিয়ে তাঁর মন্তব্য মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে।
নতুন ভিডিয়োতে সুভিগ্য প্রশ্ন করেন, যিনি নাকি শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন, তিনি কি অভিনেতাকে অপমান করেননি? আবার শাহরুখ যদি অপমানিত হয়ে থাকেন, তা হলে তিনি কি সেই কথা প্রকাশ্যে বলতে পারছেন না? তাঁর মতে, এই পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অপমানের অভিযোগ কেন উঠছে, সেটাই বোঝা যাচ্ছে না।
উল্লেখ্য, শাহরুখ খান ও অনন্ত আম্বানির কথোপকথনের সংক্ষিপ্ত ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহুবার ছড়িয়েছে। একই দৃশ্য নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যাও সামনে এসেছে। তবে শাহরুখের আইনি দল জানিয়েছে, ভাইরাল রিলে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে না। ফলে আইনি নোটিস এবং কনটেন্ট ক্রিয়েটরের পাল্টা বক্তব্য ঘিরে আপাতত চর্চা অব্যাহত।
E-Paper
