শাহরুখের ‘কিং’ পোস্টারে রাফ অ্যান্ড টাফ লুক, মুখে গোলাপ আর হাতে বন্দুক! এআই বিতর্কেও সরগরম নেটপাড়া

সাদা চুল, মুখে ক্ষতচিহ্ন, হাতে বন্দুক আর ঠোঁটে লাল গোলাপ—‘কিং’ ছবির নতুন পোস্টারে একেবারে অন্য অবতারে ধরা দিলেন শাহরুখ খান। পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে প্রশংসার পাশাপাশি পোস্টারটি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

Published on: Oct 27, 2026, 12:45:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের বাদশা শাহরুখ খানকে এবার দেখা গেল একেবারে অন্য মেজাজে। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। পোস্টারে অভিনেতার লুক যেমন নজর কেড়েছে, তেমনই সেটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

প্রকাশ্যে কিং-এর নতুন পোস্টার।
প্রকাশ্যে কিং-এর নতুন পোস্টার।

নতুন পোস্টারে শাহরুখের চুল সাদা, মুখে একাধিক ক্ষতচিহ্ন। হাতে ধরা বন্দুক, আর ঠোঁটে গোঁজা লাল গোলাপ। সব মিলিয়ে রহস্যময়, রুক্ষ এক চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা। পোস্টারটি ভাগ করে নিয়ে শাহরুখ লিখেছেন, ‘কাতিল নেহি, আশিক হুঁ’। অর্থাৎ, ‘খুনি নই, প্রেমিক আমি।’ এই সংলাপধর্মী ক্যাপশন পোস্টারের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

পোস্টার দেখে কী বলছেন অনুরাগীরা?

নতুন লুক দেখে শাহরুখ-ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘কিং এসে গিয়েছে’, আবার কারও মতে, বক্স অফিসের আসল রাজা ফিরছেন। অনেকেই জানিয়েছেন, পোস্টারটি তাঁদের ছবিটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে প্রশংসার পাশাপাশি উঠেছে অন্য প্রশ্নও। পোস্টারটি দেখে নেটিজেনদের একাংশের মনে হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। এক নেটিজেনের প্রশ্ন, এখন কি সব ছবির পোস্টারই এআই দিয়ে বানানো হচ্ছে? অন্য একজনের দাবি, পোস্টারটি দেখেই এআইয়ের ব্যবহার বোঝা যাচ্ছে। যদিও পোস্টার নিয়ে এমন জল্পনার মধ্যেও ছবির আবহ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন অনেকে।

‘কিং’-এর শুটিংয়ে চোট পেয়েছিলেন শাহরুখ

কিছু দিন আগে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে এক ভক্ত তাঁকে ছবির একটি গান প্রকাশ করার অনুরোধ জানান। উত্তরে অভিনেতা জানান, গানটি প্রকাশের আগে অরিজিৎ সিংকে কিছু কাজের চূড়ান্ত পর্ব শেষ করতে হবে। অরিজিতের নিখুঁত কাজের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করে শাহরুখ জানান, তাই আরও কিছুটা সময় লাগবে।

একই পর্বে ছবির শুটিং চলাকালীন চোট পাওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, চোটের কারণে কয়েকবার শুটিং বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ এবং ছবির কাজও প্রায় শেষের পথে।

কবে আসবে ‘কিং’-এর ট্রেলার?

২০২৫ সালের নভেম্বর মাসে ‘কিং’-এর প্রথম টিজার প্রকাশ্যে এসেছিল। তার পর থেকেই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ট্রেলার নিয়ে প্রশ্নের জবাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিশ্রমের কথা তুলে ধরেন শাহরুখ। তিনি জানান, দর্শকদের সামনে ছবির সেরা সংস্করণ তুলে ধরতেই পরিচালক সময় নিচ্ছেন। ছবিটি দেখে যাতে দর্শকরা খুশি হন এবং গর্ব অনুভব করেন, সেটাই তাঁদের লক্ষ্য।

কবে মুক্তি পাবে শাহরুখের ‘কিং’?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়েল। তারকাখচিত এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এবার নতুন পোস্টার সেই উন্মাদনায় আরও খানিকটা ইন্ধন জোগাল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More