‘খেলো বাংলা খেলো’র সেটে দুর্ঘটনায় মৃত্যু, প্রয়াত চন্দ্রকান্তের পরিবারের পাশে প্রযোজনা সংস্থা, হাতে তুলে দিল ২৫ লক্ষ টাকা

রিয়্যালিটি শোয়ের সেট তৈরির কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আর্ট বিভাগের কর্মী চন্দ্রকান্ত সোয়াইন। এবার তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল প্রযোজনা সংস্থা। কথা রাখলেন ‘খেলো বাংলা খেলো’র প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। 

Published on: Nov 22, 2026, 08:00:15 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বৃহস্পতিবারের মর্মান্তিক দুর্ঘটনার পর এবার প্রয়াত টেকনিশিয়ান চন্দ্রকান্ত সোয়াইনের পরিবারের পাশে দাঁড়াল ‘খেলো বাংলা খেলো’র প্রযোজনা সংস্থা। আগেই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিয়্যালিটি শোয়ের প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার চন্দ্রকান্তের পরিবারের হাতে মোট ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। দুটি পৃথক চেকের মাধ্যমে সাড়ে ১২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়াত কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয়েছে সেট তৈরির কাজও।

প্রয়াত চন্দ্রকান্তের হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিল 'খেলো বাংলা খেলো'-র নির্মাতারা।
প্রয়াত চন্দ্রকান্তের হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিল 'খেলো বাংলা খেলো'-র নির্মাতারা।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কলকাতার জোকারের নারায়ণী স্টুডিয়োয় ‘খেলো বাংলা খেলো’-র সেট তৈরির কাজ চলছিল। সেই সময় প্রায় ২০ ফুট উঁচু মইয়ে উঠে ফ্লেক্স লাগাচ্ছিলেন আর্ট বিভাগের কর্মী চন্দ্রকান্ত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারসাম্য হারিয়ে উপর থেকে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

চন্দ্রকান্ত অবিবাহিত ছিলেন। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা এবং দাদা সূর্যকান্ত সোয়াইন। দুর্ঘটনার খবর পেয়েই তাঁদের সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর। শুধু আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়াই নয়, পরিবারের সদস্যদের ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থাও করেন তিনি। শুক্রবার ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে।

এই ঘটনায় বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষের ভূমিকাও উঠে এসেছে। চন্দ্রকান্তের মৃত্যুর পর থেকেই তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন প্রযোজনা সংস্থার সঙ্গে। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করে বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। ক্ষতিপূরণ তুলে দেওয়া এবং পরিবারের ফেরার ব্যবস্থা করার ক্ষেত্রে প্রযোজনা সংস্থা ও ফেডারেশনের উদ্যোগেরও প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

প্রয়াত চন্দ্রকান্তের হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিল 'খেলো বাংলা খেলো'-র নির্মাতারা।
প্রয়াত চন্দ্রকান্তের হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিল 'খেলো বাংলা খেলো'-র নির্মাতারা।

তবে এই ঘটনা ঘিরে টেকনিশিয়ানদের মধ্যে অতীতের একটি দুর্ঘটনার প্রসঙ্গও উঠে এসেছে। #UncutUpali-কে কয়েকজন টেকনিশিয়ান জানিয়েছেন, কয়েক বছর আগে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন রাজু মণ্ডল নামে এক টেকনিশিয়ান। কিন্তু সেই সময় তাঁর পরিবার এ ধরনের আর্থিক ক্ষতিপূরণ পায়নি বলে তাঁদের অভিযোগ। তাঁদের একাংশের আক্ষেপ, তখনও সদিচ্ছা থাকলে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো সম্ভব হত।

টেকনিশিয়ানদের বক্তব্য, সরকার পরিবর্তনের পর এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ দেখা যাচ্ছে। তাঁদের দাবি, বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে পিন্টু মণ্ডলের পর এবার চন্দ্রকান্ত সোয়াইনের পরিবারও আর্থিক সাহায্য পেল।

দুর্ঘটনার পরের দিনই যেভাবে প্রযোজনা সংস্থা দ্রুত পরিবারের পাশে দাঁড়িয়েছে, তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহলের অনেকে। একইসঙ্গে এই উদ্যোগে সহযোগিতার জন্য ফেডারেশনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।