‘বাংলার সঙ্গীত জগৎ নিয়ে আগে পড়াশোনা করুন!’ ইন্দ্রনীলের বউয়ের বদলে ইন্দ্রাণী সেনের ছবি! মিডিয়াকে ধুয়ে দিলেন জোজো
ইন্দ্রাণী সেনের মতো কিংবদন্তী শিল্পীকে নিয়ে অপপ্রচার। চুপ থাকতে পারলেন না জোজো।
সোশ্যাল মিডিয়ার যুগে দ্রুত খবর পরিবেশন করতে গিয়ে সংবাদমাধ্যমের একাংশের দায়িত্বজ্ঞানহীনতা ও অপেশাদারিত্ব নতুন নয়। তবে এবার যা ঘটল, তা দেখে কার্যত তাজ্জব বনে গিয়েছে বাংলার সঙ্গীত মহল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের খবর করতে গিয়ে, তাঁর স্ত্রীর জায়গায় বসিয়ে দেওয়া হলো টলিউডের কিংবদন্তি গায়িকা ইন্দ্রাণী সেন-এর ছবি!

নামের সামান্য মিলের সূত্রে দুই ভিন্ন ব্যক্তিত্বকে এভাবে গুলিয়ে ফেলার এই মারাত্মক ভুলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন জনপ্রিয় গায়িকা জোজো । সামাজিক মাধ্যমে সেই দায়িত্বজ্ঞানহীন পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি।
কী ছিল সেই বিতর্কিত পোস্ট?
এক সংবাদমাধ্যমের শিরোনাম ছিল— ‘ইউনেস্কোর নাম ভাঙিয়ে শারদোৎসবে ব্যবসা! অভিযোগের তির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।’ গ্রাফিক্সের সাহায্যে ইন্দ্রনীল সেনের পাশে তাঁর স্ত্রী মধুছন্দা সেন-এর ছবির পরিবর্তে বসিয়ে দেওয়া হয় প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের শিল্পী ইন্দ্রাণী সেনের ছবি। যা দেখে হতবাক জোজো-সহ অনেকেই। ইন্দ্রাণী সেন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলে অভিমানী জোজো।
‘আগে বাংলার সঙ্গীত জগত নিয়ে জানুন’— গর্জে উঠলেন জোজো
সাধারণত অন্যের কোনো বক্তব্য বা পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেন না জোজো। কিন্তু বর্ষীয়ান শিল্পী ইন্দ্রাণী সেনের এমন চরম অবমাননা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি তিনি।
সেই ভুয়ো খবরের স্ক্রিনশট শেয়ার করে ক্ষুব্ধ জোজো তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ইন্দ্রাণী সেন কিন্তু ইন্দ্রনীল সেনের স্ত্রী নন। আমি সাধারণত অন্য কারও বক্তব্যের পোস্ট শেয়ার করি না, কিন্তু এটা না করে থাকতে পারলাম না। এরা কারা আমি জানি না, তবে আপনাদের বিনীত অনুরোধ— কী পোস্ট করছেন দয়া করে একটু দেখে করুন! আপনারা যদি শ্রীমতী ইন্দ্রাণী সেনের মতো একজন শিল্পীকেও না চেনেন, তাহলে বাংলার সঙ্গীত জগত নিয়ে আগে একটু জানুন, তারপর এসব ফালতু পোস্ট দেবেন। কাম অন পিপল, বি আ লিটল রেসপন্সিবল!’
একই সঙ্গে সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রতিও জোজো অনুরোধ জানিয়েছেন, যেন কোনো খবর করার আগে ন্যূনতম সত্যতা ও চেনা মুখগুলো অন্তত যাচাই করে নেওয়া হয়।
ইন্দ্রনীল সেনের নামে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ?
ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই তোলাবাজি নিয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও ইন্দ্রনীল দাবি করেছেন, ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


