বিহারে মুসলিম মহিলারাও পালন করেন ছট পুজো! দাবি জনপ্রিয় গায়িকার

ভোজপুরী গায়িকা কল্পনা পাটোয়ারি এক পডকাস্টে জানিয়েছেন যে, মুসলিম মহিলারা বিহারে ছট উদযাপন করেন। তিনি তাঁর ছটের একটি গানের কথা বলেন, যেখানে তিনি একজন মুসলিম মহিলাকে ছট উদযাপন করতে দেখিয়েছেন।  

Published on: Nov 13, 2026, 11:45:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ভারতের নানান জায়গায় ছট পুজো খুব ভক্তি আর বিশ্বাসের সঙ্গে পালন করা হয়। এই বছর ১৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই ছট উৎসব পালিত হচ্ছে। ছট মহাপর্বের আগে ভোজপুরি গানের রানি কল্পনা পাটোয়ারী এই পুজোর গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, সবারই ছট পুজো করা উচিত। কল্পনা আরও জানান যে বিহারে মুসলিম নারীরাও ছট উৎসব পালন করেন।

ছটপুজো। (Youtube Video Grab)
ছটপুজো। (Youtube Video Grab)

ছটী মাইয়া সম্পর্কে কী বললেন কল্পনা?

শুভঙ্কর মিশ্রর পডকাস্টে এসে ছঠপুজো ঘিরে ছোটবেলার স্মৃতি এবং এই উৎসবের তাৎপর্য নিয়ে কথা বলেন কল্পনা। তাঁর মতে, ছঠী মাইয়ার প্রতি মানুষের বিশ্বাস অত্যন্ত গভীর। বিশেষ করে সন্তান লাভের আকাঙ্ক্ষায় বহু মহিলা ছঠী মাইয়ার কাছে মানত করেন। বিয়ের পর কোনও মহিলা মা হতে না পারলে তাঁকে ছঠপুজো করার পরামর্শ দেওয়া হয় বলেও জানান গায়িকা।

ছট পুজো নিয়ে এক অদ্ভুত ঘটনার কথা শোনালেন কল্পনা পাটোয়ারি

কল্পনা জানান যে, তাঁর নিজের জীবনেও এমনটা ঘটেছে। তিনি বলেন, মা হওয়ার ক্ষেত্রে তাঁরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। তখন জামালপুরের এক ভক্ত তাঁকে বলেছিলেন যে তিনি কল্পনার জন্য 'কোসি' (ছট পূজার এক বিশেষ মানত) ভরবেন। তবে সন্তান হলে কল্পনাকে সেখানে যেতে হবে। কল্পনা বলেন, ‘আমি বললাম, মা, এ তো আশীর্বাদের মতো। আর ঠিক পরের বছরেই... আজ আমার দুটো যমজ ছেলে আছে। আমি ওদের দুজনকে নিয়ে জামালপুরে গিয়েছিলাম। সেই মা আমার দুই ছেলেকে কোলে রেখে ছট পূজা করেছিলেন। তিনি কিছু নিয়ম পালন করেছিলেন, বাচ্চাদের চুল কেটে দিয়েছিলেন। তাই এই যে আবেগ, এটা এমন নয় যে আমি শুধু রেকর্ডিং স্টুডিওতে বসে ছটের গান গেয়ে দিয়েছি। এই কথাগুলো বলার সময়ও আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি।’

বিহারে মুসলিম মহিলারাও পালন করেন ছটপুজো!

ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ টেনে কল্পনা জানান, বিহারে বহু মুসলিম মহিলাও ছটপুজো করেন। এই বিষয়টি জানার পরেই বিহারের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে গানের মাধ্যমে তুলে ধরার ইচ্ছা হয়েছিল তাঁর। সেই ভাবনা থেকেই তৈরি হয় তাঁদের গান। এমনকী একটি মিউজিক ভিডিওতেও এক মুসলিম মহিলাকে নমাজের পোশাক খুলে পিহরি পরে ছঠপুজো করতে দেখা গিয়েছে। কল্পনার ব্যাখ্যা, মাতৃত্বের আকাঙ্ক্ষার কাছে ধর্মীয় পরিচয় অনেক সময় গৌণ হয়ে যায়। একজন নারী যখন মা হওয়ার জন্য প্রার্থনা করেন, তখন তাঁর বিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়।

কেন ছটপুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না?

ছটপুজোর বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে কল্পনা বলেন, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন আসলে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায়। এই পুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না। বরং লোকগানই এখানে মন্ত্রের মতো গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, অসমেও এখন বহু মহিলা ছটপুজো করছেন।

কোভিডের সময় প্রথমবার ছটপুজো করেছিলেন কল্পনা

ছটপুজোর সঙ্গে নিজের আরও একটি স্মৃতির কথা ভাগ করে নেন গায়িকা। পেশার কারণে উৎসবের সময় প্রায়ই তাঁকে মঞ্চে থাকতে হয়। ফলে নির্জলা উপবাস রাখা তাঁর পক্ষে সম্ভব হয় না। কারণ উপবাসের পাশাপাশি গান গাওয়াও বেশ কঠিন। তবে কোভিডের সময় অসমে প্রথমবার ছটপুজো করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে অত্যন্ত ঐশ্বরিক বলে বর্ণনা করেছেন কল্পনা। এবছরও পুজো করার ইচ্ছা রয়েছে তাঁর। যদি কোনও অনুষ্ঠানে মঞ্চে থাকতে না হয়, তাহলে ছটপুজোর ব্রত পালন করবেন বলেও জানিয়েছেন ভোজপুরি গায়িকা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More