'আবার কাছে এলাম’, প্রাক্তন বউয়ের সঙ্গে ফের একছাদের তলায়, ভাঙা বিয়ে জুড়তে চান সোহেল!
ডিভোর্সের পর কেটেছে চার বছর। ২৪ বছর একসঙ্গে কাটিয়েছেন সোহেল-সীমা। ফের ভাঙা বিয়ে জুড়বে প্রাক্তন জুটির?
২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার দুই বছর পর আবারও মুখোমুখি বলিউড অভিনেতা-প্রযোজক সোহেল খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী, রিয়্যালিটি শো স্টার সীমা সাজদেহ। কুনাল খেমু সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’ (Alliance)-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছেন তাঁরা।

শো-এর সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী জায়েদ দরবারের সাথে কথা বলতে গিয়ে সোহেল স্বীকার করেন, এই শো-এর সৌজন্যেই দীর্ঘ বছর পর তিনি ও সীমা আবার একে অপরের এতটা কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন।
‘এত বছর পর আবার কাছে এলাম’— আবেগঘন সোহেল
বিচ্ছেদের পর বাইরে তাঁদের নিজেদের আলাদা জীবন ছিল বলে জানান সোহেল। ছেলেদের প্রতিপালন একসাথে করলেও সীমার সাথে তেমন যোগাযোগ হতো না ওঁর। তবে ‘অ্যালায়েন্স’-এর ঘরে ঢোকার পর পরিস্থিতি অনেকটাই বদলেছে।
সোহেল বলেন, ‘সত্যি বলতে, এতদিন পর এই ঘরটা আমাকে সীমার এতটা কাছাকাছি নিয়ে এলো। বাইরে আমরা দুজনে একদম আলাদা জীবন কাটাচ্ছিলাম। সন্তানরা আমার কাছে থাকে এবং গিয়ে সীমার সাথে দেখা করে। ওর সাথে আমার সেভাবে যোগাযোগ ছিল না। কিন্তু এখানে আসার পর আমরা অন্তত স্বাভাবিকভাবে কথা বলছি, নিয়মিত দেখা হচ্ছে। আমি ওর খেয়াল রাখি, ও-ও আমার যত্ন নেয়— এটা সত্যিই খুব সুন্দর।’
সোহেল আরও যোগ করেন, আগে এই প্রস্তাব পেলে হয়তো দুজনেই একই ঘরে থাকতে ইতস্তত করতেন। তবে এখন তিনি সীমার সাথে আরও সময় কাটাতে চান এবং আগের মতোই তাঁকে সুরক্ষা দিতে চান।
প্রেমের শুরু ও ঝটপট বিয়ের পুরনো স্মৃতি
একই পর্বে নিজেদের ভালোবাসার শুরুর দিনগুলির কথাও স্মৃতিচারণ করেন সোহেল। তিনি জানান, দিল্লি একটি বিয়ের অনুষ্ঠানে প্রথম সীমার সাথে দেখা হয় ওঁর। সীমার পরিবার এই সম্পর্কে রাজি না থাকায় মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘর ছাড়া ও বিয়ে: পরবর্তীতে অন্য জায়গায় বাগদান হওয়া সত্ত্বেও সীমার মনে তখন শুধুই সোহেল। পরিবারের অমতে মুম্বাই চলে আসেন এবং অভিনেতা চাঙ্কি পান্ডে ও চিকি পান্ডের বাড়িতে আশ্রয় নেন। এরপর সোহেল সীমার বাবার সাথে কথা বলেন। হিন্দু রীতিতে বিয়ের শর্তে দুই পরিবার রাজি হলে, মাত্র এক সপ্তাহের মধ্যে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
দীর্ঘ ২৪ বছর সংসার করার পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে আইনি বিচ্ছেদ ঘটে তাঁদের। তাঁদের দুই সন্তান রয়েছে— নির্বাণ ও যোহান।
কী এই রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’?
কুনাল খেমুর সঞ্চালনায় ‘অ্যালায়েন্স’ একটি জমজমাট সেলিব্রিটি রিয়্যালিটি শো। এখানে তারকারা জোট বেঁধে বিভিন্ন চ্যালেঞ্জিং টাস্কে অংশ নেন এবং এলিমিনেশন থেকে নিজেদের বাঁচান। বিজয়ী প্রতিযোগী পাবেন ৫০ লক্ষ টাকার পুরস্কার মূল্য। ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’ (Prime Video)-তে প্রতিদিন দুপুর ১২টায় স্ট্রিম হচ্ছে এই শো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


