‘আমার গোটা পৃথিবী…’! বাবাকে হারানোর ভয় তাড়া করেছিল, এবার সেলিম-সালমার ছবি ভাগ করে আবেগঘন সোহেল
বাবা সলিম খান ও মা সালমা খানের প্রতি ভালোবাসা প্রকাশ্যে জানালেন সোহেল খান। সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের একটি মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে অভিনেতা লিখলেন, পৃথিবীতে তাঁদের সন্তানদের চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। কিছুদিন আগেই বাবার অসুস্থতায় তাঁকে হারানোর ভয় পেয়েছিলেন সোহেল।
বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন হয় না। আর সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন সোহেল খান। সম্প্রতি বাবা সলিম খান ও মা সালমা খানের একটি আদুরে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা। ছবিতে পাশাপাশি বসে রয়েছেন দু'জনে। মায়ের হাত নিজের হাতে ধরে রেখেছেন সলিম খান। এই ছবির সঙ্গে আবেগঘন বার্তাও লিখেছেন সোহেল। তাঁর কথায়, পৃথিবীতে তাঁদের মতো ভাগ্যবান সন্তান আর কেউ হতে পারে না।

কী লিখলেন সোহেল?
বাবা-মায়ের ছবিটি পোস্ট করে সোহেল লেখেন, ‘পৃথিবীর কোনও সন্তানই এর চেয়ে বেশি ভাগ্যবান হতে পারে না।’ তাঁর এই পোস্টে ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবারের সদস্যরাও। সোহেলের ভাই আরবাজ খানের স্ত্রী শুরা খান মন্তব্যের ঘরে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন।
বাবার অসুস্থতায় ভেঙে পড়েছিলেন সোহেল
এর আগে রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এ বাবার অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোহেল। সহ-প্রতিযোগী ডেলবার আরিয়ার সঙ্গে কথোপকথনে তিনি জানান, চিকিৎসকরা যখন তাঁকে বলেছিলেন যে সলিম খানকে হারানোর আশঙ্কা রয়েছে, তখন কার্যত ভেঙে পড়েছিলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সলিম খানকে। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে সোহেল জানান, বাবার অসুস্থতার সময় তিনি হাসপাতালেই থাকতেন। চিকিৎসকের মুখে বাবাকে হারানোর আশঙ্কার কথা শুনে তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। সোহেলের কথায়, বাবা-মা তাঁর জীবনের সবকিছু। তাঁদের কিছু হয়ে গেলে কীভাবে জীবন সামলাবেন, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি।
বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোই অগ্রাধিকার
সোহেল আরও জানান, এখন তাঁর বেশিরভাগ সময় কাটে বাবা-মায়ের সঙ্গে। কারণ, তাঁর বিশ্বাস, কাউকে দেওয়ার মতো সবচেয়ে মূল্যবান উপহার হল নিজের সময়। অভিনেতার কথায়, তাঁর সন্তানরা এখনও ছোট এবং তাঁদের সামনে অনেকটা সময় পড়ে রয়েছে। কিন্তু বাবা-মা বয়সে প্রবীণ। তাই তাঁদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চান তিনি।
সোহেল খানের অভিনয়জীবন
১৯৯৭ সালে ‘আউজার’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় সোহেল খানের। এরপর ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’, ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ এবং ‘টিউবলাইট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও কাজ করেছেন সোহেল। তাঁর পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ এবং ‘জয় হো’। সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


