Sohini Sarkar: ‘ভাতে মারা যাবে…’! আরজি কর আন্দোলনের পর তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খোলায় কতটা বিপাকে পড়েছিলেন সোহিনী?
রবিবার রঘু ডাকাত সিনেমার জন্য সিনে অ্যাওয়ার্ড পেলেন সোহিনী। আরজি কর আন্দোলনের সময় তৎকালীন সরকারের হয়ে যারা মুখ খুলেছিলেন তাঁদের মধ্যে সোহিনী অন্যতম। কতটা বিপাকে পড়তে হয়েছিল অভিনেত্রীকে?
আরজি কর আন্দোলনের সময় তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু তারকা। আর যার ফলে পড়তে হয়েছিল মমতার সরকারের রোষানলে। এমনকী, সেই তারকাদের বিরুদ্ধে করা হয়েছিল অঘোষিত ব্যান। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের নাম। রবিবার রঘু ডাকাত সিনেমার জন্য সিনে অ্যাওয়ার্ড পেলেন সোহিনী। আর তারপরই খুললেন মুখ।

এক সাক্ষাৎকারে নিউজ ১৮-কে সোহিনী বললেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বললে, এরকম কিছু একটা হবে। এটাই প্রত্যাশিত। এটা জেনেই আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। এমনটা তো নয়, আমি সরকারের বিরুদ্ধে যাব আর তারা আমাকে মাথায় তুলে রাখবে। বলবে, 'এটাই তো হওয়া উচিৎ' বা ‘এটাই তো গণতান্ত্রিক অধিকার’। বিরোধীতা করাকে সবসময়ই তারা শত্রু বলে মনে করেছে, আমাকে কেন, আমাদের মতো যারা মুখ খুলেছিলেন প্রত্যেকে। ফলে কীভাবে একজন আর্টিস্টকে সায়েস্তা করা যায়, তার কাজ বন্ধ করলে তাঁকে ভাতে মারা যাবে। একজন ডাক্তারের প্র্যাক্টিস বন্ধ করে দিলে তেমনই হবে।’
সোহিনী অকপটে জানান, সবটাই মাথায় ছিল তাঁর। বরং মানসিকভাবে খানিক প্রস্তুত হয়েই নেমেছিলেন রাস্তায়। কিন্তু পিছিয়ে আসার কথা ভাবেননি। বহু মানুষের মুখে শুনেছিলেন যে তাঁকে ব্যান করা হয়েছে। কিন্তু খুব বেশি ভাবেননি। সোহিনীর বিশ্বাস, ঠিক নিজের জন্য কিছু ব্যবস্থা করে ফেলবেন। অভিনেত্রী বলেন, ‘আমার নিজের উপর এতটা কনফিডেন্স আছে যে, আমি কিছু একটা করেই নেব। এমন একটা কিছু করে নেব যাতে আমার থাকা-খাওয়ার খরচ উঠে যায়। হ্যাঁ হয়তো বিলাসবহুল জীবন পাব না। সেটা আমি চাই-ও না কোনোদিন। আমি যেটুকু রোজগার করি, তাতেই খুশি। সেই রোজগারে টান পড়লে, আমি অন্য উপায় দেখে নেব।’
আপাতত সরকার বদলেছে। পালা বদলে ক্ষমতায় আসীন বিজেপি। নতুন সরকারের উপর কী প্রত্যাশা জানতে চাওয়া হলে সোহিনীর থেকে জবাব আসে, ‘একটা শিশু জন্ম নিয়েছে, সে বড় হোক। সে বুঝুক, কাজ করুক। কাজ করলে ভালোই লাগবে। কাজ হলে কোনো সাধারণ মানুষের তো খারাপ লাগার কথা নয়!’
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে সোহিনী সরকার সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্য আসতে চলেছে বলে খবর। যদিও কর্তা বা গিন্নি, কেউই এখনো এই খবরে দেননি সিলমোহর।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


