Sourav's Mother Birthday: ‘তুমি সবসময় আমার একমাত্র ভরসা হয়ে থেকেছ…’! মায়ের জন্মদিনে আবেগে ভাসলেন সৌরভ

সৌরভ দাসের মা সুচেতা ভৌমিক একাধিক সময় জানিয়েছেন, ছোটবেলা ছেলের দুষ্টুমিতে একেবারে হাল খারাপ হয়ে যেত তাঁর। যদিও সেই দুষ্টু, পড়াশোনায় ফাঁকি দেওয়া ছেলেটাই আজ গোটা বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

Published on: Jul 14, 2026, 12:37:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডে একাধিক হিট সিনেমা-সিরিজ উপহার দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। যদিও শুরুটা হয়েছিল ‘বয়েই গেল’ ধারাবাহিক দিয়ে। স্বল্প কেরিয়ারে যেমন একাধিক হিট উপহার দিয়েছেন, তেমনই আবার এসেছে বিতর্কও। কঠিন পরিস্থিতিতেও যদিও সৌরভকে আগলে রেখেছিল পরিবার। বিশেষ করে মা! সুচেতা ভৌমিক একাধিক সময় জানিয়েছেন ছোটবেলা ছেলের দুষ্টুমিতে একেবারে হাল খারাপ হয়ে যেত তাঁর। ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি ছেলের স্কুল থেকে ডেকে পাঠাল। যদিও সেই দুষ্টু, পড়াশোনায় ফাঁকি দেওয়া ছেলেটাই আজ গোটা বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

সৌরভ দাসের মায়ের জন্মদিন।
সৌরভ দাসের মায়ের জন্মদিন।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌরভ লিখলেন, ‘শুভ জন্মদিন, মা। জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, তুমি সবসময় আমার একমাত্র ভরসা হয়ে থেকেছ। আমার প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সংশয়ের মুহূর্তে তুমি অটুট ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়িয়ে থেকেছ।’

মায়ের জন্য সৌরভ আরও লিখলেন, ‘তুমিই আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর সেই মানুষ, যার উপর আমি কখনো আশা বা বিশ্বাস হারাই না। আজ আমি যা কিছু, তার অনেকটাই তোমার জন্য। জীবন তোমাকেও সেই একই রকম অফুরন্ত ভালোবাসা আর সুখ দিক, যা তুমি সারাজীবন ধরে আমাকে আর সবার মধ্যে বিলিয়ে দিয়েছ। আমি যত মানুষকে দেখেছি, তাদের মধ্যে তুমিই সবচেয়ে প্রাণবন্ত আর আনন্দে ভরিয়ে দেওয়া মানুষ। শুভ জন্মদিন, মা। তোমাকে আমি সবসময় ভালোবাসি।’

সৌরভরা দুই ভাই-বোন। দাদার থেকে একেবারেই আলাদা বোন। শান্ত, লেখাপড়াতেও ভালো। মা-বাবা দুজনেই ছিলেন কর্মরত। ফলে ছোট্ট বোনকে মায়ের ভালোবাসা দিয়েই একপ্রকার আগলে রাখতেন অভিনেতা।

সৌরভ শো বিজের দুনিয়ায় পা রাখার আগে থিয়েটার করতেন। কৌশিক সেনের 'স্বপ্নসন্ধনী' থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। 'বয়েই গেল' ধারাবাহিকের পর সৌরভকে দেখা যায় 'মন্টু পাইলট' ও 'চরিত্রহীন'-এর মতো ওয়েব সিরিজে। 'বলো দুগ্গা মাই কি' (২০১৭), 'ইস্কাবন' (২০২২), 'বার্নিং বাটারফ্লাইস' (২০২৪)-এর মতো সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন বলিউডের চর্চিত প্রোজেক্ট বেঙ্গল ফাইলস সিনেমাতে। তাঁকে দেখা গিয়েছিল গোপাল পাঁঠার চরিত্রে। সম্প্রতি যিশু সেনগুপ্তর সঙ্গে খুলেছেন প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস। যেখান থেকে সদ্য মুক্তি পেয়েছে ‘অভিমান’।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More