Happy Birthday Sourav: ডোনাকে নিয়ে কেক কাটলেন সৌরভ! জানেন কি জন্মদিনে দাদা-র পাতে কোন খাবার মাস্ট?
বুধবার প্রিন্স অফ কলকাতার জন্মদিন। মঙ্গলবার রাতেই পরিবারের উপস্থিতিতে, ডোনাকে পাশে নিয়ে কেক কাটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখুন ভিডিয়ো-
৮ জুলাই বুধবার ৫৩ বছরে পা রাখলেন প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝরাতে কেক কেটেই শুরু হল বার্থ ডে সেলিব্রেশন। মহারাজকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁর অনুরাগীরা।

একাধিক ফ্য়ান পেজ থেকে শেয়ার করা হয়েছে সৌরভের ভিডিয়ো। যেখানে দেখা গেল টেবিলে রাখা দু দুটি কেক। সৌরভ কেক কাটার পর তাঁকে সেটি খাইয়ে দেন ডোনা। বাবার জন্মদিনে কলকাতায় থাকতে না পারলেও, ভিডিয়ো কলে ছিলেন সানা। এরপর সৌরভ তা খাইয়ে দেন ডোনাকে। পরিবারকে নিয়েই একেবারে ঘরোয়াভাবে হয়েছিল সব আয়োজন।
আপাতত একাধিক কারণে চর্চায় রয়েছেন সৌরভ। তাঁর বায়োপিকের কাজ চলছে। খবর, আজ বুধবার দাদার জন্মদিনের দিনই হয়তো সেই ছবির ফার্স্ট লুক সামনে আসতে পারে। দাদা-দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আর ডোনা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী তানিয়া মানিকতলাকে।
একইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে আসছেন দু দুটি নতুন বাংলা শো। স্টার জলসা চ্যানেলের সঙ্গে মোটা টাকায় হয়েছে চুক্তি। ৪ বছরের জন্য ১২৫ কোটি টাকায় হয়েছে কনট্র্যাক্ট সাইন। আর দুটি শো-তে উপস্থাপনা করবেন সৌরভ। একটি সম্পূর্ণ নতুন কুইজ শো এবং বাংলা বিগ বস-- দুটোরই দায়িত্ব চাপতে চলেছে সৌরভের কাঁধে।
দাদা-র জন্মদিন নিয়ে বরাবরই উৎসাহ থাকে ভক্ত ও পরিবারের মধ্যে। এমনিতে ডায়েট সচেতন সৌরভ গঙ্গোপাধ্যায়ও জন্মদিনের জন্য খাওয়া-দাওয়ায় দেন ফাঁকি। বছরখানেক আগে হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তারপর থেকে খাবারে রাশ টেনেছেন। ডায়েট থেকে তেল-মশলা বাদ দিয়েছেন, খান না চিংড়ি মাছ, মটন অর্থাৎ রেড মিট। ঘরোয়া খাবার মাছ-চিকেন দিয়েই সাধারণত হয় উদযাপন। নিজের হাতে পায়েস রান্না করেন ডোনা। তবে জন্মদিনে আরেকটা যে খাবার দাদার পাতে থাকবেই, তা হল বিরিয়ানি। বছরের এই একটা দিনই বিরিয়ানি খান সৌরভ।
একেবারে ছোটবেলার প্রেম সৌরভ আর ডোনার। পাশাপাশি বাড়িতে থাকলেও, দুই পরিবারে সম্পর্ক বিশেষ ভালো ছিল না। ডোনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের বাড়ির বারান্দা থেকে দেখতেন, সামনের বাড়ির ছেলেটাকে উঠোনে বা বাগানে ক্রিকেট খেলতে। এক বন্ধুর হাত দিয়ে প্রেমপত্র পাঠিয়েছিলেন দাদা। তারপর ডোনার টিউশনের ফাঁকে হত দেখা। ১৯৯৬ সালের অগস্ট মাসে পরিবারের কাউকে না জানিয়ে বন্ধুদের সাহায্যে সৌরভ ও ডোনা গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন। এরপর সৌরভ শ্রীলঙ্কা সফরে চলে যান নিশ্চিন্তে। কিন্তু সবটা জানাজানি হয়ে যায়। পরবর্তীতে ছেলে-মেয়ের ভালোবাসার কাছে হার মানে পরিবার। এরপর ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে সম্পূর্ণ বাঙালি আচার-অনুষ্ঠান মেনে মহাসমারোহে সৌরভ ও ডোনার সামাজিক বিয়ে সম্পন্ন হয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


