ফুটপাথে দুধ গরম, এক ‘অসহায় মা’-কে ধমক! অগ্নিমিত্রার সমালোচনা ঋদ্ধি-শ্রীলেখাদের

পুরমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে মাঝেমধ্যেই কলকাতার রাস্তায় নামছেন অগ্নিমিত্রা পাল। ফুটপাথে থাকা দোকান, অবৈধ পার্কিং নিয়ে সুর চড়াচ্ছেন। তবে শনিবারে তাঁর এক মহিলাকে ধমক দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যালে। তারপর থেকেই সমালোচনার ঝড়। 

Published on: Aug 23, 2026, 11:05:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার শহর কলকাতায় পরিদর্শনে বেরিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর সেখানেই ফুটপাথের উপর ঘর পাতা এক মহিলার উপর চোটপাট করতে দেখা যায় বিজেপি-র মন্ত্রীকে। শুধু তাই নয়, সেই মহিলা তাঁর সন্তানের জন্য দুধ জ্বাল দিচ্ছিলেন, তা নিয়েও উষ্মাপ্রকাশ করেন অগ্নিমিত্রা। এর আগেও তাঁকে ফুটপাথে থাকা দোকান, অবৈধ পার্কিং নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল। তবে এবার এক ‘অসহায় মা’-এর উপর অগ্নিমিত্রার চোটপাট নিয়ে সমালোচনার সুর বিভিন্ন মহলে।

অগ্নিমিত্রা পালের সমালোচনায় শ্রীলেখা-ঋদ্ধিরা।
অগ্নিমিত্রা পালের সমালোচনায় শ্রীলেখা-ঋদ্ধিরা।

অগ্নিমিত্রার সমালোচনায় শ্রীলেখা মিত্র লিখলেন, ‘এক গরিব, অসহায় মা তার বাচ্চার জন্য দুধ গরম করেছে—বিরাট অপরাধ করেছে! তার অট্টালিকা নেই, তাই ফুটপাতে বসেই নিজের ক্ষুধার্ত শিশুটার জন্য দুধটা গরম করেছে। সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার এই চেষ্টাটাই তার মহা অপরাধ হয়ে গেল!’

এরপর অগ্নিমিত্রার উদ্দেশে শ্রীলেখার বার্তা, ‘মন্ত্রী হওয়ার আগে, মন্ত্রীত্বের ক্ষমতা দেখানোর আগে—মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন। মানুষের কষ্টটা বুঝুন। খিদের জ্বালা বুঝুন...আপনিও তো মা...’।

আর শ্রীলেখার এই পোস্টে এক নেটিজেন লেখেন, ‘ওঁকে আমি অভিশাপ দিচ্ছি যাতে উনি একদিন খিদের যন্ত্রণা অনুভব করেন’। তাতে জবাব দিয়ে শ্রীলেখা লেখেন, ‘ওনারা বোঝেন না, বুঝবেনও না। অনেক টাকায় সব মুড়ে আছেন।’

ফ্যাশন ডিজাইনার হিসেবেই খ্যাতি পেয়েছিলেন অগ্নিমিত্রা পাল। শ্রীদেবী, হেমা মালিনী, কাজল এবং জুহি চাওলার মতো নামী বলিউড তারকাদের জন্য তিনি পোশাক ডিজাইন করেছেন। ২০১৯ সালের মার্চ মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। শুরু হয়েছিল তাঁর রাজনৈতিক কেরিয়ার। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটেও জেতেন। হারান সায়নী ঘোষকে। ২০২৬ সালেও ওই একই কেন্দ্র থেকে দ্বিতীয়বার ভোটে জেতেন। আর বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির প্রথম ক্যাবিনেটে একমাত্র মহিলা হিসেবে স্থান পেয়েছেন। সামলাচ্ছেন নগরোন্নয়নের মতো গুরুতর দায়িত্ব।

অগ্নিমিত্রাকে নিয়ে পোস্ট করেছেন অভিনেতা ঋদ্ধি সেনও। দুটি ছবি শেয়ার করেছেন। অগ্নিমিত্রার ধমক খাওয়া সেই মা-এর, যে ফুটপাথে বাচ্চার জন্য় দুধ গরম করছিলেন। আরেকটি শহর কলকাতার রাস্তার, যেখানে দুর্গা পুজো বা কালীপুজোর আগে রং-তুলিতে ফুটে ওঠে মায়ের মুখ। দুটিই স্ক্রিনশট। আর সঙ্গে ঋদ্ধি লিখেছেন, ‘না, ভিডিয়ো টা বা পোস্টটা শেয়ার করব না। দুটো ছবি একসঙ্গে তুলে ধরে বলবো, ঠিক কতটা বাইরে আর কতটা অন্তরে ভালো হতে হয়। প্রথমটি এই ২০২৬-এ আমাদের শহরে, কলকাতায়।দ্বিতীয় টি বিগত কয়েক দশক ধরে একটা জ্যান্ত ফুটপাথ এর। আমাদের শহরটা আমাদের কাছে সুন্দর ঠিক ততদিন, যতদিন শহরটা সবার’।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More