Parineeta Serial Update: সামনে আসবে রায়ানের কালো অতীত! জি বাংলার পরিণীতা-য় নতুন খলনায়িকা, কাকে দেখা যাবে?
কদিন ধরেই খবর রটেছিল, পরিণীতায় সব ভিলেনই ভালো হয়ে গিয়েছে। তবে কি এবার মধুরেণ সমাপয়েৎ? তবে রায়ান-পারুল ভক্তদের জন্য সুখবর। পরিণীতা বন্ধ হওয়ার প্রশ্নই নেই। বরং এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা।
এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল পরিণীতা। রায়ান ও পারুলের গল্প প্রথম থেকেই দারুণ ফল করে এসেছে টিআরপি তালিকায়। আপাতত পরিণীতা-র দর্শকদের মনে চিন্তা, সব ভিলেনই ভালো হয়ে গিয়েছে! তাহলে কি এবার শেষ হয়ে যাবে পরিণীতা? আর এই ভয়টাই যারা পাচ্ছিলেন, তাঁদের জন্য রয়েছে বড় এক সুখবর। কারণ এবার পরিণীতায় এন্ট্রি হচ্ছে এমন এক খলনায়িকার, যার সঙ্গে জুড়ে আছে রায়ানের অতীত। যা নিঃসন্দেহে ছাড়খাড় করে দেবে সাজানো সংসার।

তা কার এন্ট্রি হচ্ছে পরিণীতায়? জি বাংলার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী। তাঁর চরিত্রের নাম প্রিয়ংবদা ভৌমিক। রায়ানের জীবনের এক কালো ইতিহাসের উপর থেকে এবার উঠবে পর্দা। যেই ইতিহাসের কারণে পারুলের কাছে তার ভালোবাসা স্বীকার করছিল না রায়ান। অর্থাৎ সামনে আসছে টানটান এপিসোড।
'পরিণীতা'-র যাত্রা শুরু হয়েছিল রায়ান ও পারুলের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে। গ্রাম্য, সরল পারুল আর শহরের রায়ানের আচমকা বিয়ে, বসু পরিবারে ধীরে ধীরে মানিয়ে নেওয়া, একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে রায়ান ও পারুলের কাছাকাছি আসা বেশ উপভোগ করেছিল দর্শক। সাম্প্রতিক পর্বগুলিতে শিরীন ও টগরের আচমকা ভালো হয়ে যাওয়া, পারুলকে অবশেষে মৌসুমীর বৌমা হিসেবে মেনে নেওয়া গল্প শেষের দিকেই ইঙ্গিত করছিল। অন্তত দর্শক মনে সেরকমই ধারণা তৈরি হয়েছিল। তবে এখন স্পষ্ট যে, এই শান্তি আসলেই কোনো মধুর সমাপ্তির বার্তা ছিল না, বরং ছিল ঝড় আসার আগের থমথমে নীরবতা।
প্রিয়ংবদা-র আগমনে এবার বসু পরিবারের হাল হবে খারাপ। সঙ্গে ভুললে চলবে না সংযুক্তা ও শিঞ্জিনী এখনও ময়দানে উপস্থিত। এদিকে প্রেগন্যান্ট পারুল। সন্তানের জন্ম হওয়া এখনো বাকি।
এদিকে শ্রীতমার এন্ট্রির খবর ছড়াতেই হাঁফ ছেড়ে বেঁচেছে নেটপাড়া। একটি কমেন্টে লেখা হয়, ‘এত তাড়াতাড়ি পরিণীতা শেষ হোক সেটা একদম ভালো লাগছিল না। শুনেই শান্তি লাগছে।’ আরেকজন আবার লেখেন, ‘তবে আমি বলব দর্শকদের ভালোবাসা থাকতে থাকতেই যেন পরিণীতার গল্প শেষ করা হয়। অযথা টেনে বড় করা না হয়।’
পরিণীতা-য় পারুলের চরিত্রে রয়েছেন ঈশানী চট্টোপাধ্যায়, রায়ানের চরিত্রে উদয় প্রতাপ সিং, শিরিনের চরিত্রে সুরভী মল্লিক। এছাড়াও দেখা যাচ্ছে রিয়াজ লস্কর, সৌমিলী ঘোষ বিশ্বাস, মনোজ ওঝা, অঙ্কিতা মাঝিদের।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


