শ্রীদেবীর মৃত্যুতে কোনও রহস্য ছিল না! বরং সাংবাদিকদেরই কাঠগড়ায় তুললেন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত

শ্রীদেবীর আকস্মিক মৃত্যু আজও বলিউডের অন্যতম আলোচিত ঘটনা। ২০১৮ সালে দুবাইয়ে এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। সেই সময় তাঁর মৃত্যু ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। এবার এত বছর পর সেই অভিজ্ঞতার কথা জানালেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। 

Published on: Nov 27, 2026, 11:34:20 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। শুধু তাঁর পরিবার নয়, বলিউডের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগীও ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর প্রয়াণে। পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই মৃত্যু হয় তাঁর। সেই সময় অভিনেত্রীর স্বামী বনি কাপুরও দুবাইয়ে উপস্থিত ছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই সময়কার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের তৎকালীন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। তাঁর বক্তব্য, অভিনেত্রীর মৃত্যুতে সন্দেহজনক কোনও বিষয় তাঁর নজরে আসেনি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বনি ও শ্রীদেবী। (instagram)
বনি ও শ্রীদেবী। (instagram)

শ্রীদেবীর মৃত্যু নিয়ে কী জানালেন প্রাক্তন রাষ্ট্রদূত?

শ্রীদেবীর মৃত্যুর সময় সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন নবদীপ সিং সুরি। অভিনেত্রীর দেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই প্রশাসন এবং তাঁর পরিবারের মধ্যে সমন্বয় রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করে নেন সুরি। তিনি জানান, শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পরই নিজের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনেন। তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি সামলাতে তাঁকে সেখানে উপস্থিত থাকতে হবে। এরপরই বনি কাপুর এবং অভিনেত্রীর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

সুরির কথায়, পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি একটি অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন। তাঁর অনুমান ছিল, এই ঘটনায় পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রয়োজন হতে পারে।

কেমন ছিল বনি কাপুরদের পরিস্থিতি?

শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। কীভাবে দ্রুত অভিনেত্রীর দেহ ভারতে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা নিয়েই চিন্তায় ছিলেন তাঁরা।

প্রাক্তন রাষ্ট্রদূত জানান, পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সেদিন সন্ধ্যাতেই শ্রীদেবীর দেহ মুম্বইয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তাঁদের আশা ছিল। কিন্তু বাস্তবে সেই প্রক্রিয়া এত সহজ ছিল না। বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং প্রশাসনিক নিয়ম মেনে এগোতে হয়েছিল।

শ্রীদেবীর মৃত্যুতে কি কোনও সন্দেহজনক বিষয় ছিল?

অভিনেত্রীর মৃত্যুর পরিস্থিতি নিয়ে কোনও অস্বাভাবিক কিছু তাঁর চোখে পড়েছিল কি না, সাক্ষাৎকারে সেই প্রশ্নও করা হয় নবদীপ সিং সুরিকে। উত্তরে তিনি জানান, তাঁর কাছে বিষয়টি নিছকই একটি মর্মান্তিক ঘটনা বলে মনে হয়েছিল। কোনও ধরনের গড়মিল তাঁর নজরে আসেনি।

সুরি আরও জানান, সেই সময় এক বিশিষ্ট ব্যবসায়ী নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়ে শ্রীদেবীর দেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার প্রস্তাবও দিয়েছিলেন। প্রয়োজনীয় সমস্ত সাহায্য করতেও প্রস্তুত ছিলেন তিনি।

কিন্তু ঘটনাটি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতে শুরু করার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা ধরনের অনুমান ও জল্পনা চলতে থাকে। সুরির মতে, সংবাদমাধ্যমে এত বেশি আলোচনা হওয়ার ফলে সরকারি আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের উপরেও ঘটনার বিস্তারিত তদন্ত করার চাপ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ

শ্রীদেবীর মৃত্যুর মতো একটি মর্মান্তিক ঘটনাকে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলি যেভাবে পরিবেশন করেছিল, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রদূত। তাঁর মতে, একের পর এক চ্যানেলে নানা অনুমান এবং জল্পনা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলেছিল। একটি শোকাবহ ঘটনাকে সংবাদমাধ্যম কার্যত প্রচারের প্রতিযোগিতা এবং মিডিয়া তামাশায় পরিণত করেছিল।

সুরির বক্তব্য, সংবাদমাধ্যমে লাগাতার নানা প্রশ্ন ও সন্দেহ প্রকাশের ফলেই সরকারি আইনজীবীর উপর ঘটনার বিস্তারিত তদন্ত করার চাপ তৈরি হয়। তাঁর নিজের অভিজ্ঞতায়, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু নজরে আসেনি। এটি ছিল একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সংবাদমাধ্যমের অতিরিক্ত প্রচার ও নানা জল্পনার কারণে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছিল।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।