Deboshree Ganguly: দু'বার ডিভোর্স, নতুন প্রেমের এন্ট্রি শুভশ্রীর দিদি দেবশ্রীর জীবনে? বালি থেকে দিলেন মাখোমাখো ছবি

শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের খ্যাতি কিছু কম নয়। দু'বার বিয়ের পিঁড়িতে বসলেও, পাননি সুখ। ফের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত, দিলেন ছবি। 

Published on: Jun 24, 2026, 16:00:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি ও টলিউড অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও ডিভোর্সের কারণে একাধিকবার এসেছেন চর্চায়। দু'বার বিয়ের পিঁড়িতে বসলেও, পাননি সুখ। দু' বারই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছিলেন অভিযোগ। তবে এবার অভিনেত্রীর নতুন প্রেমের আভাস মিলল সোশ্যাল মিডিয়া থেকে।

শুভশ্রীর দিদি দেবশ্রীর নতুন প্রেমের ইঙ্গিত।
শুভশ্রীর দিদি দেবশ্রীর নতুন প্রেমের ইঙ্গিত।

বিগত কয়েকদিন ধরেই প্রেমে পড়ার ইঙ্গিত দিয়ে চলেছেন দেবশ্রী। আর এবার প্রেমিককে আনলেন সামনে। যদিও মুখ ঢেকে রাখা। তবে জীবনে নতুন পুরুষ আসার জল্পনা আটকে রাখতে পারেননি।

বালি ভ্যাকেশনের ছবিতে এর আগে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা একটি খুব সুন্দর রেস্তোরাঁয় লাঞ্চ ডেটে গিয়েছিলাম। আমরা মজাদার খাবার উপভোগ করেছি, ঘণ্টার পর ঘণ্টা গল্প করেছি, আর সে আমার কিছু দারুণ ছবি তুলেছে। তবে এই লাঞ্চ ডেটে যাওয়ার জন্য আমার একটা শর্ত ছিল— সে আমাকে তার স্কুটি চালাতে দেবে। এখন আসল প্রশ্ন হল, সে কি তার প্রতিশ্রুতি রাখবে? আমার লাঞ্চ ডেটের আরও কিছু মজার বা রসালো গল্প শুনতে চাও?’

আরেকটি ফোটোতে হাত দিয়ে একটি পুরুষের মুখ আড়াল করে রাখা। তবে অবয়ব স্পষ্ট। শর্টস আর সাদা শার্ট গায়ে সেই রহস্য পুরুষের। সঙ্গে ক্যাপশন, ‘আমি এখন বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছি। সে আমাকে পৌঁছে দিতে এত দূর পর্যন্ত বিমানবন্দরে এসেছে। জানো, তোমরা যদি শুধু একবার বলো, তাহলে হয়তো আমি ওকে 'অপহরণ' করেই আমার সঙ্গে নিয়ে চলে যাব!’

হাতে গোনা কিছু সিনেমা-সিরিয়ালে কাজ করলেও, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় দেবশ্রী। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত সুপারহিট সিনেমা 'ফাটাফাটি'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ছিলেন ‘জল থই থই ভালোবাসা’ নামক একটি সিরিয়ালে। বিনোদন জগতে পা রাখার আগে কাজ করেছেন কর্পোরেট জগতে। অভিনয়ের পাশাপাশি দেবশ্রী এখন ফ্যাশন ও স্টাইলিং জগতের দিকে ঝুঁকেছেন। গয়না ডিজাইনের একটি নতুন ব্যবসা শুরু করেছেন।

২০২১ সালে অমিত ভাটিয়া নামের এক পঞ্জাবি ব্যবসায়ীর সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন দেবশ্রী। বোন শুভশ্রী ও জামাইবাবু রাজ নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন বিয়ে। তিন মাসের মধ্যে প্রতারণা ও বধূ নির্যাতনের অভিযোগ এনে ডিভোর্সের পথে হাঁটেন।

দেবশ্রীর প্রথম বিয়ে হয়েছিল বেশ অল্প বয়সে। মাত্র ১৯ বছর বয়সে মা হন। শুভশ্রীর দিদি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, প্রথম স্বামীর থেকে নানা কটূক্তি ও মানসিক হেনস্থার শিকার হতে হয়েছিল। তাঁর শারীরিক গঠন ও চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করা হত। তিক্ততা বাড়তে থাকায় মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রথম স্বামীর ঘর ছাড়েন। এরপর ছেলে অনীশকে প্রায় একা হাতেই বড় করেন। সেই সময় দিদিকে মানসিক ও আর্থিক দুভাবেই সাহায্য করেছিলেন সদ্য সিনেমার দুনিয়ায় পা রাখা শুভশ্রী। মাসি হলেও, বোনপোকে দিয়েছেন মায়ের ভালোবাসা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More