Subhashree-Raj: পরনে নীল-সাদা, স্বামী-তৃণমূল প্রার্থী রাজের হয়ে ব্যারাকপুরে রোড শো শুভশ্রীর! প্রথমেই পুজো মন্দিরে
বর রাজ চক্রবর্তীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলেই ব্যারাকপুরের লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত হল সেই রোড শো।
প্রথমবারেই ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে জেতেন রাজ চক্রবর্তী। এবারেও একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিদায়ী বিধায়কের দিকেই পাল্লা ভারী। তবে বরের হয়ে ভোট চাইতে এবারে আসরে নামলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলেই হল সেই রোড শো।

বরের হয়ে গলা ফাটানোর কোনো সুযোগ ছাড়েন না শুভশ্রী। তা সে নতুন সিনেমা-সিরিজ আসুক বা ভোটের প্রচার। এর আগেরবার অর্থাৎ, ২০২১ সালেও রাজের হয়ে রোড শো করেছিলেন ইউভান-ইয়ালিনির মাম্মা। এবারেও নামলেন পথে। রোড শোয়ের রুট নির্ধারিত হয়েছে লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত।
শুভশ্রীকে এদিন দেখা গেল নীল-সাদা শাড়িতে। এলাকার এক মন্দিরে পুজো দিয়ে শুরু করেন রোড শো। হুড খোলা জিপে, রাজকে পাশে নিয়ে করলেন ভোটের প্রচার। ভক্তদের সঙ্গেও মেলালেন হাত। দেখুন-
এদিকে কয়েকদিন আগে রাজের একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে দেখা যায় যে, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পা ধুইয়ে দিলেন সেই এলাকার ১৪(ঙ) ওয়ার্ডের এক বয়স্ক মহিলা ভোটার। আর এই ভিডিও ঘরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এই ঘটনা। নানা মহল থেকে কটাক্ষও করা হয় রাজকে। যা নিয়ে পরিচালক-প্রযোজক জানান, ‘আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই উনি এসে আমার পা ধুয়ে দিচ্ছেন, আমি চটিটা খুলে দাঁড়ালাম। উনি বললেন দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার নারায়ণের মত। উনি আমার পা ধুয়ে দিলেন, মিষ্টি খাওয়ালেন, আমায় আদর করলেন গালে হাত দিয়ে।’
সঙ্গে রাজের বিশ্বাস, তিনি ৫ বছরে অনেক কাজ করে এলাকার ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। বলেন, ‘বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে, এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে পরিষেবা দিয়েছেন সেটাই সকলের সামনে তুলে ধরা।’
তবে স্বামীর হয়ে প্রচারে নামলেও, রাজনীতিতে পা দেওয়ার আপাতত কোনো ইচ্ছে নেই বলেই জানিয়েছেন শুভশ্রী। একাধিকবার তাঁর কাছে রাজনীতিতে আসার প্রস্তাব এলেও, নায়িকা তা খারিজ করেছেন। দুই সন্তান ও অভিনয় এই নিয়েই ভালো থাকতে চান বলে দাবি স্বামীর। এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছিলেন যে, শুভশ্রী রাজনীতিতে আসবেন না কারণ তাঁদের দুটো ছোট ছোট সন্তান রয়েছে। এমনিতেই বিনোদন দুনিয়ার কাজের চাপ। তার মধ্যে স্বামী আপ স্ত্রী দুজনেই রাজনীতিতে চলে এলে সমস্যা দেখা দিতে পারে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


