'তোমাকে আমরা পারফেকশানিস্ট বলে ডাকবো…', রাহুলের মৃত্যুতে নাম না করে লীনাকে খোঁচা সুদীপ্তার?
তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে তদন্ত করার দাবিও তুলেছে টলিপাড়ার একাংশ। তাঁদের মধ্যে সুদীপ্তা চক্রবর্তীও একজন। এবার রাহুলের শেষযাত্রায় ছুটি না দেওয়া প্রসঙ্গে সরব হলেন তিনি।
তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে জলে ডুবে গেলেন তিনি? তা নিয়ে শ্যুটিং ফ্লোরের নিরাপত্তার অভাব, অব্যবস্থা, গাফিলতির নানা কথা উঠে আসছে বারবার। এই নিয়ে তদন্ত করার দাবিও তুলেছে টলিপাড়ার একাংশ। তাঁদের মধ্যে সুদীপ্তা চক্রবর্তীও একজন।

আরও পড়ুন: তালসারি যাওয়ার ক'দিন আগেই ডাবিং, রাহুলের শেষ বাংলা ছবি কী হতে চলেছে?
রাহুলের শেষযাত্রায় টলিপাড়ার অনেকেই হাজির হয়েছিলেন। অনেকে ইন্ডাস্ট্রির কাছে আবেদন করেছিলেন একবেলার ছুটির জন্য। যাতে একবেলা কাজ বন্ধ রাখা হয় সেই দাবিও তোলা হয়েছিল। কিন্তু কাজ বন্ধ রাখা হয়নি। তবে নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ক্ষেত্রে অনায়াসে মেগার কাজ বন্ধ রাখা হয়। এবার সেই প্রসঙ্গে টেনে ক্ষোভ প্রকাশ করলেন সুদীপ্তা।
তিনি সমাজমাধ্যমে মঙ্গলবার লেখেন, ‘নজরুল মঞ্চে বা ধনধান্য অডিটোরিয়ামে ভিড় বাড়াতে হবে বলে যখন তখন শ্যুটিং বন্ধের নির্দেশ দেওয়া যায়, কিন্তু একজন তরুণ অভিনেতার শ্যুটিং চলাকালীনই অকস্মাৎ মৃত্যুতে শোক জ্ঞাপন করে আধ বেলা শ্যুটিং বন্ধ রাখার কোনও নির্দেশ কোথাও থেকে আসেনা। শিল্পীদের বিভিন্ন ভূষণে ভূষিত হবার বার্ষিক দৃশ্য সচক্ষে দেখতে পাওয়ার স্বর্গীয় আনন্দ থেকে কোনও শিল্পী বা কলাকুশলী যাতে এ জীবনে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সিনেমা, ওয়েব সিরিজ এমনকি দৈনিক ধারাবাহিকের শ্যুটিংও বন্ধ রাখা যায়, তখন এপিসোড ব্যাঙ্কিং এ টান পড়ে না, টেলিকাস্ট আটকে যাবার ভয় থাকে না, কিন্তু নিজের ভ্রাতৃসম সহশিল্পীকে শেষ দেখা দেখতে যেতে দেবার জন্য আধ ঘণ্টা শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিতে গেলেই ব্যাঙ্কিং কমে যাবার ভয় জাঁকিয়ে বসে।’
যাঁরা রিক্সা বা অটো চালান, সবজি বিক্রি করেন তাঁদের মৃত্যুতেও শোক প্রকাশ্যের জন্য অনেক অনেক সময় তাঁদের ইউনিয়ন কাজ বন্ধ রাখে, অথচ একজন শিল্পীর মৃত্যুতেও কাজ অব্যহত। সেই প্রশ্ন তুলেই সুদীপ্তা লেখেন, 'হে শিল্পী -- মনে রেখো তুমি 'শিল্পী'। তুমি রিক্সা বা অটো চালাও না, নিদেনপক্ষে সবজি ও বেচো না যে তোমার ইউনিয়ন তোমার মৃত্যুতে দোকান বন্ধ রাখবে। তুমি দু'পয়সার শিল্পী মাত্র। কথা বোলোনা বেশি।'
কিন্তু কেবল কাজ বন্ধ নিয়েই সুদীপ্তা যে ক্ষোভ প্রকাশ করেছেন তা নয়। তালসারিতে রাহুলের জলে ডুবে যাওয়া প্রসঙ্গে মেগার প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, ‘রাহুল খুব পারফেকশানিস্ট। ওঁর মনে হয়েছিল একটা ড্রোন শট নেব। সব হয়ে যাওয়ার পর ওই ডিরেক্টরকে রিকুয়েস্ট করে।'
সেই প্রসঙ্গ টেনে সুদীপ্তা সমাজমাধ্যমে লেখেন, 'তোমাকে আর ছোঁওয়া যাবে না। আমরা ড্রোন শটে ধরে রাখবো তোমার ওড়া। যদি টাল খেয়ে পড়ে যাও, তখন না হয় বলে দেব আমরা বলিনি, তুমিই উড়তে চেয়েছিলে, আমাদের স্ক্রিপ্টে ছিল না, তুমিই জোর করেছিলে। তোমাকে আমরা 'ভালো শিল্পী' বলে ডাকবো তখন, 'Perfectionist' বলে ডাকবো, আর 'ভালো শিল্পী' হবার লোভে তুমি উড়ে যাবে আরও দূরে, তারপর আর দেখা হবে না তোমার সঙ্গে। আমরা আবার ব্যস্ত হয়ে পড়ব, নাচের রিহার্সাল করতে, সামনেই আবার একটা অ্যাওয়ার্ড শো এসে যাবে নিশ্চয়ই।'
প্রসঙ্গত, তমলুক হাসপাতাল সূত্রে খবর, ময়নাদতন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে বালি ঢুকেছিল রাহুলের ফুসফুসে। ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল ফুসফুসের আকার। ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন অভিনেতা।
E-Paper

