রচনার পর এবার বিদায় নিচ্ছেন সুদীপ্তা? লাখ টাকার লক্ষ্মীলাভের সঞ্চালক বদল?
দিদি নম্বর ১-এর নতুন সঞ্চালিকাকে মানিয়ে নিতে কম কাঠখড় পোড়াচ্ছে না দর্শক। এর মাঝেই খরব বদলে যেতে পারে লাখ টাকার লক্ষ্মীলাভের সঞ্চালকও। তবে কয়েকটা দিনের জন্য।
টেলিপাড়ায় ইদানীং রিয়্যালিটি শো-এর সঞ্চালক বদলের হাওয়া লেগেছে। দীর্ঘ ১৫ বছর ‘দিদি নম্বর ১’-এর সিংহাসন সামলানোর পর সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দাদাগিরি থেকে সরে গিয়েছেন দাদা, জায়গা নিয়েছেন দেব। সেই রেশ কাটতে না কাটতেই এবার ছোটপর্দায় আরও এক জনপ্রিয় ‘দিদি’কে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সান বাংলার (Sun Bangla) অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর সঞ্চালনার আসন ছাড়তে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

টানা দুই বছর ধরে এই মেগা শো সফলভাবে সঞ্চালনা করার পর সুদীপ্তার এই আকস্মিক সিদ্ধান্তের খবরে মন খারাপ দর্শকদের। কী কারণে তিনি সরে দাঁড়াতে চাইছেন, আর তাঁর জায়গায় কে আসতে পারেন— তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
টানা কাজ করে ক্লান্ত সুদীপ্তা, চাইলেন সাময়িক বিরতি
সুদীপ্তা চক্রবর্তী ছোটপর্দার রিয়্যালিটি শো-এর দুনিয়ায় আক্ষরিক অর্থেই এক ‘লাকি চার্ম’। অতীতে ইটিভি বাংলা থেকে শুরু করে যেখানেই তিনি সঞ্চালনা করেছেন, সেই শো-ই সুপারহিট হয়েছে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, টানা দুই বছর এই শো-এর পেছনে অক্লান্ত পরিশ্রম করার পর অভিনেত্রী কিছুটা ক্লান্ত।
এই খবরের সত্যতা স্বীকার করে সুদীপ্তা দ্য ওয়ালকে নিজে জানিয়েছেন, টানা কাজ করতে করতে একটু বিরতির প্রয়োজন হয়ে পড়েছে। তাই সাময়িক একটা ‘ব্রেক’ চেয়েছি।
তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনই কোনও মন্তব্য করেনি। সুদীপ্তার ছুটির আবেদনটি এই মুহূর্তে বিবেচনাধীন রয়েছে। এই বিষয়ে শো-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য সম্পূর্ণ নীরব থেকেছেন।
সুদীপ্তার জায়গায় কে? সন্দীপ্তা ও পায়েল দে-কে নিয়ে জল্পনা
সুদীপ্তা সাময়িক বিরতিতে গেলে স্বপ্ল কয়েকদিনের জন্য তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় কানাকানি শুরু হয়েছে। জল্পনায় উঠে এসেছে দু’টি জনপ্রিয় নাম— সন্দীপ্তা সেন (Sandipta Sen) এবং পায়েল দে (Paayel Sarkar)।
টেলিপাড়ার একাংশের গুঞ্জন ছিল, সুদীপ্তার অনুপস্থিতিতে সন্দীপ্তা সেন হয়তো সান বাংলার এই শো-এর হাল ধরবেন। তবে সন্দীপ্তা নিজে এই জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, এমন কোনও সম্ভাবনা নেই এবং তিনি এই শো সঞ্চালনা করছেন না। অন্যদিকে, অভিনেত্রী পায়েল দে-র নাম জল্পনায় এলেও ওঁর ঘনিষ্ঠ মহল থেকে এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। স্বয়ং সুদীপ্তাও জানিয়েছেন, ওঁর জায়গায় কে আসতে চলেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
রিয়্যালিটি শো-এর ‘লক্ষ্মী’ সুদীপ্তা
সুদীপ্তার সাবলীল বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সহজাত ক্ষমতার কারণেই দর্শকেরা এই শো-কে এত ভালোবাসেন। চ্যানেল কর্তৃপক্ষও বোঝেন যে সুদীপ্তা সরে দাঁড়ালে শো-এর টিআরপি (TRP)-তে বড় ধাক্কা লাগতে পারে। এখন দেখার, চ্যানেল কর্তৃপক্ষ সুদীপ্তার ছুটির আর্জি মঞ্জুর করে নতুন কোনো মুখকে নিয়ে আসেন, নাকি সুদীপ্তাকেই বুঝিয়ে-সুঝিয়ে হটসিটে ধরে রাখতে সক্ষম হন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


