দেশভাগের যন্ত্রণা, স্বাধীনতা দিবসে আসছে সানি দেওলের বাটওয়ারা ১৯৪৭! কোনো কাট ছাড়াই পেল ‘এ’ সার্টিফিকেট
সানি দেওলের বাটওয়ারা ১৯৪৭ ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র-পুত্র এই নিয়ে তাঁর বার্তায় লেখেন, ‘আমরা আনন্দিত যে বাটওয়ারা ১৯৪৭ সিবিএফসি দ্বারা একটিও কাট ছাড়াই ক্লিয়ার করা হয়েছে এবং এটিকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে এটি দেখুন।’
সানি দেওল অভিনীত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে কোনো কাট ছাড়াই মুক্তির ছাড়পত্র পেয়েছে। সোমবার সানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর ভাগ করে নেন। যদিও ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র-পুত্র এই নিয়ে তাঁর বার্তায় লেখেন, ‘আমরা আনন্দিত যে বাটওয়ারা ১৯৪৭ সিবিএফসি দ্বারা একটিও কাট ছাড়াই ক্লিয়ার করা হয়েছে এবং এটিকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। মানবতা ও ভালোবাসার ওপর নির্মিত একটি সিনেমা। ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে এটি দেখুন।’

'বাটওয়ারা ১৯৪৭' দেশভাগের পটভূমিতে তৈরি এক আবেগঘন ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে একটি মোহাজির (মহাজির) মুসলিম পরিবার, যারা দেশভাগের পর লাহোরে এসে একটি পরিত্যক্ত হিন্দু বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সেই বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করেন এক প্রবীণ হিন্দু মহিলা। এরপরই শুরু হয় দুই পরিবারের টানাপোড়েন, যা ধীরে ধীরে মানবিক সম্পর্ক ও সহাবস্থানের এক গভীর কাহিনিতে রূপ নেয়।
প্রশংসিত নাট্যকার আসগর ওয়াজাহাত-এর বিখ্যাত নাটক 'জিস লাহোর নাই ভেখ্যা, ও জামিয়া ই নাই' অবলম্বনে নির্মিত এই ছবি দেশভাগের মতো ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের মধ্যেও মানবতা, সহমর্মিতা ও আশার বার্তা তুলে ধরবে।
ছবিটি প্রথমবারের মতো একসঙ্গে নিয়ে এসেছে সানি দেওল, রাজকুমার সন্তোষী এবং আমির খানকে। প্রযোজক আমির খান জানিয়েছেন, এটি ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় চিত্রনাট্য ছিল। তিনি বলেন, ‘আমি খুব খুশি যে ধর্মজি ছবিটি দেখে যেতে পেরেছেন।’
অন্যদিকে, এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ফের একসঙ্গে কাজ করছেন সানি দেওল ও রাজকুমার সন্তোষী। এর আগে তাঁদের জুটি ‘ঘায়াল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে। সানি দেওল বলেন, বহু বছর ধরেই 'লাহোর ১৯৪৭'-এর গল্প নিয়ে কাজ চলছিল। অনেক অভিনেতার কাছে গল্পটি গিয়েছিল, কিন্তু নানা কারণে ছবিটি তৈরি হয়নি। তাঁর কথায়, ‘গদর ২-এর সাফল্যের পরই সবকিছু সম্ভব হয়েছে।’
ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং কানিকা কাপুর। উল্লেখযোগ্যভাবে, এই ছবির মাধ্যমে পাঁচ বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা। ছবির সংগীত পরিচালনা করেছেন এআর. রহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। 'বাটওয়ারা ১৯৪৭' আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


