সলমন নন, নতুন ‘প্রেম’ আয়ুষ্মান! কেন নিজের নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-তে ভাইজানকে নিলেন না সূরজ বারজাতিয়া?

‘প্রেম’ বলতেই দর্শকের মনে ভেসে ওঠে সলমন খানের মুখ। কিন্তু এবার সেই জনপ্রিয় চরিত্রেই দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। কেন সলমনকে সরিয়ে নতুন ‘প্রেম’ হিসেবে আয়ুষ্মানকে বেছে নিলেন সূরজ বরজাতিয়া? ছবির ট্রেলার লঞ্চে জানালেন পরিচালক।

Published on: Nov 19, 2026, 10:06:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পারিবারিক সম্পর্ক, আবেগ আর ভালোবাসার গল্প পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে বলিউডে নিজস্ব ঘরানা তৈরি করেছেন পরিচালক সূরজ বরজাতিয়া। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’ কিংবা ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। এবার নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নিয়ে ফিরছেন পরিচালক। তবে এবারের ছবির সবচেয়ে বড় চমক, তাঁর চেনা ‘প্রেম’ চরিত্রে আর দেখা যাবে না সলমন খানকে। বরং সেই ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। বুধবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ‘ধুরন্ধর’-এর মতো ছবির রমরমার সময়ে কেন পারিবারিক গল্প নিয়ে ফিরছেন তিনি? সলমনের জায়গায় আয়ুষ্মানকেই বা কেন বেছে নিলেন?

আয়ুষ্মানের বদলে কেন নিজের ছবিতে সলমনকে নিলেন সূরজ বারজাতিয়া?
আয়ুষ্মানের বদলে কেন নিজের ছবিতে সলমনকে নিলেন সূরজ বারজাতিয়া?

সলমনের ‘প্রেম’-এর উত্তরাধিকার নিয়ে কী বললেন আয়ুষ্মান?

রাজশ্রী প্রোডাকশনের একাধিক ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সলমন খান। পরবর্তীকালে ‘বিবাহ’ ছবিতে এই চরিত্রে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকেও। সেই জনপ্রিয় চরিত্রে অভিনয়ের দায়িত্ব পেয়ে আয়ুষ্মানও যথেষ্ট সচেতন। তাঁর কথায়, ‘প্রেম’ হিসেবে সলমন খানের কোনও বিকল্প হতে পারে না। তিনিই আসল প্রেম বা ওজি প্রেম। ইন্ডাস্ট্রিতে সলমনের যাত্রাও শুরু হয়েছিল এই চরিত্রের হাত ধরেই।

আয়ুষ্মানের মতে, ‘প্রেম’ হওয়া মানে একটি বড় দায়িত্ব কাঁধে নেওয়া। কারণ এই চরিত্রের মধ্যে থাকতে হবে সংবেদনশীলতা, দয়া এবং আদর্শ মানুষের মতো আচরণ। সেই গুণগুলিকে নিজের অভিনয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

কেন আয়ুষ্মানকেই বেছে নিলেন সূরজ বরজাতিয়া?

পরিচালক জানিয়েছেন, ছবির গল্প শোনার পর ‘প্রেম’ চরিত্রটির জন্য তাঁর মাথায় প্রথমেই এসেছিল আয়ুষ্মানের নাম। এমন একজন অভিনেতাকে প্রয়োজন ছিল, যাঁর মধ্যে সহজ-সরল একটা ভাব রয়েছে। চরিত্রটি নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে। আয়ুষ্মানের ব্যক্তিত্বের মধ্যেও সেই বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন সূরজ।

‘বালা’ কিংবা ‘ড্রিম গার্ল’-এর মতো ছবিতে আয়ুষ্মানের অভিনয়ের উদাহরণ টেনে পরিচালক জানান, বাস্তব জীবনেও অভিনেতার মধ্যে সবকিছু নিয়ে যুক্তিসঙ্গত প্রশ্ন করার প্রবণতা রয়েছে। তাঁর এই স্বাভাবিক সারল্যই নতুন ‘প্রেম’ চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে হয়েছে পরিচালকের।

সলমন ও আয়ুষ্মানের মধ্যে মিল কোথায়?

দুই অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে সূরজ বলেন, সলমন এবং আয়ুষ্মান দু'জনের ক্ষেত্রেই তাঁর কাজের পদ্ধতি একই। কাউকেই অন্য কোনও অভিনেতার অনুকরণ করতে বলেন না তিনি। বরং প্রত্যেককে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার স্বাধীনতা দেন।

পরিচালকের কথায়, প্রথম দিনেই আয়ুষ্মান যেভাবে ‘প্রেম’ চরিত্রের আবেগ বুঝে নিয়েছিলেন, তাতে তাঁর মনে হয়েছিল কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। সলমনের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছিল তাঁর। দৃশ্য বুঝিয়ে দেওয়ার পর অভিনেতা নিজের মতো করে তাতে নতুন মাত্রা যোগ করেন। তাই সলমনের প্রেম এবং আয়ুষ্মানের প্রেম দুটোই আলাদা, প্রত্যেকের নিজস্ব পরিচয়ে তৈরি।

‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে কারা রয়েছেন?

আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, সুপ্রিয়া পাঠক কাপুর, সীমা পাহওয়া, স্বানন্দ কিরকিরে, সৌম্যা টন্ডন, শ্রুতি শেঠ, শাদ রন্ধাওয়া, গিরিশ কুলকার্নি ও রাজেশ কুমার। মহাবীর জৈন ফিল্মসের সহযোগিতায় রাজশ্রী প্রোডাকশনস ছবিটি প্রযোজনা করেছে। ‘উঁচাই’-এর পর এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া। পাশাপাশি ‘প্রেম রতন ধন পায়ো’-এর পর আবারও সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবির প্রচারে ব্যবহৃত গান ‘ঝুমকা পাটোला’ গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More