ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য! আদালতে হাজিরা না দেওয়ায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জারি জামিনযোগ্য পরোয়ানা

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি বিপাকে পরিচালক অনুরাগ কাশ্যপ। একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজির হননি তিনি। এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুরাটের আদালত। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

Published on: Nov 3, 2026, 10:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুরাটের একটি আদালত। গত বছর সোশ্যাল মিডিয়ায় ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে তাঁর করা কথিত আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করেই এই মামলা। আদালতের একাধিক সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

অনুরাগ কাশ্যপ।
অনুরাগ কাশ্যপ।

অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান অনুরাগের বিরুদ্ধে এই জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন। অভিযোগকারী আইনজীবী কমলেশ রাওয়ালের বক্তব্য, আদালতে হাজির হওয়ার জন্য একাধিকবার সমন পাঠানো হয়েছিল পরিচালককে। এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তিনি আদালতে উপস্থিত হননি।

কোন কোন ধারায় মামলা?

চলতি বছরের মে মাসে একটি আবেদনের ভিত্তিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ এবং ৩৫২(২) ধারায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল আদালত। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগ এই ধারাগুলির আওতায় পড়ে। আইনজীবী কমলেশ রাওয়াল আদালতে এই আবেদন জানিয়েছিলেন। তিনি কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টাও।

কীভাবে শুরু বিতর্ক?

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ এপ্রিল সমাজমাধ্যম এক্স-এ একটি বিতর্কিত পোস্ট করেছিলেন অনুরাগ। ব্রাহ্মণ সম্প্রদায় নিয়ে তাঁর মন্তব্যে আপত্তি জানান আদিত্য নামের এক নেটিজেন। পাল্টা জবাব দিতে গিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে অনুরাগ প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। পরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী।

সমন পেয়েও আদালতে হাজিরা নয়

অভিযোগকারী আইনজীবীর দাবি, প্রথমে অনুরাগের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় ফের সমন পাঠানো হয়। তাতেও সাড়া মেলেনি। এরপর সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেই পদক্ষেপের পরেও অনুরাগ আদালতে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানার ক্ষেত্রে নির্ধারিত জামিনের অর্থ জমা দিয়ে আইনি প্রক্রিয়ায় মুক্তি পাওয়ার সুযোগ থাকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More