Suryakumar Yadav: বিয়ের ১০ বছর পর কোলে এল সন্তান, মেয়ের বাবা হলেন সূর্যকুমার! শুভেচ্ছা বলিপাড়ার
বৃহস্পতিবার সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করে জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী দেবিশা শেট্টি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বাবা হয়েছেন। তাঁর স্ত্রী দেবিশা শেট্টি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি তাঁদের প্রথম সন্তান। গত মার্চ মাসে দেবিশার বেবি শাওয়ারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ৩৫ বছর বয়সি সূর্যকুমার যাদব ২০১৬ সালে দেবিশা শেট্টির সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। কলেজ জীবনে একটি নাচের অনুষ্ঠানে প্রথম দেবিশাকে দেখেন সূর্য এবং সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক।

বর্তমানে সূর্য IPL-এ মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে খেলছেন। দলের পরবর্তী ম্যাচ ১০ মে রায়পুরে। তবে সেই ম্যাচে সূর্যের খেলা এখনও নিশ্চিত নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তিনি দলের সঙ্গে রায়পুরে যাননি।
‘দলে সুযোগ না পেয়ে ভেঙে পড়েছিলাম, তখন আমায় সামলেছিল দেবিশা’
বিয়ের পর থেকেই সূর্যকুমার যাদবের জীবনে বড় পরিবর্তন আসে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। সূর্য বলেন, ‘তখন দেবিশাই আমাকে সামলেছিল। ও সবসময় বলত, এই বিষয়গুলো নিয়ে বেশি না ভেবে নিজের উপর ফোকাস করতে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।’
সূর্য আরও জানিয়েছিলেন, ‘দেবিশা আমাকে কোনওদিন হতাশ হতে দেয়নি। সবচেয়ে ভালো বিষয় ছিল, আমরা সমস্যা নিয়ে বসে থাকতাম না, বরং সমাধান খুঁজতাম— আমি কীভাবে আরও ভালো করতে পারি, সেটা নিয়েই ভাবতাম। ও সবসময় আমাকে ভবিষ্যতের দিকে নজর দিতে বলত। তাই বাড়িতে থাকলেও, হতাশা এসে গ্রাস করেনি আমাকে।’
সূর্য আরও জানিয়েছিলেন যে, বিয়ের আগে পর্যন্ত সঠিক ডায়েট কী হওয়া উচিত, তা নিয়েও তাঁর কোনও ধারণা ছিল না। বলেন, ‘যা ভালো লাগত আমি তাই খেতাম। সেটা বিরিয়ানি হোক বা আইসক্রিম। কিন্তু ২০১৮ সালের পর থেকে আমি ডায়েটের দিকে মন দিতে শুরু করি এবং তার পুরো কৃতিত্ব দেবিশার।’
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে সূর্যের খেলা এখনও অনিশ্চিত
মাত্র তিন দিন আগে, ৪ মে নিজের অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্সকে লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। টানা তিনটি হারের পর সেই ম্যাচে জয়ের মুখ দেখেছিল দল। তবে ১০ মে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়।
জানা যাচ্ছে, মেয়ের জন্মের কারণেই তিনি দলের সঙ্গে রায়পুরে যাননি। এদিকে চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে দল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে বাকি সব ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে সূর্যের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
সূর্যকুমার যাদব কন্যাসন্তানের বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। তাঁর পোস্টের কমেন্ট সেকশন ভরে গিয়েছে অভিনন্দন বার্তায়। বলিউড তারকারাও এই সুখবর ঘিরে আনন্দ প্রকাশ করেছেন। সবার আগে শুভেচ্ছা জানান রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা রণবীর সূর্যকুমার ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈশ্বর আশীর্বাদ করুন!’
অভিনেত্রী আথিয়া শেট্টি লিখেছেন, ‘অভিনন্দন।’ সঙ্গে ছিল হার্ট ইমোজি। রাজকুমার রাও লেখেন, ‘তোমাদের দু’জনকে অনেক অভিনন্দন। ঈশ্বর ছোট্টটিকে আশীর্বাদ করুন।’ অভিনেত্রী পূজা হেগড়ে লেখেন, ‘তোমাকে এবং দেবিশাকে অভিনন্দন। খুদের জন্য অনেক ভালোবাসা রইল।’
অভিনেতা অর্জুন কাপুর হার্ট ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান। অপরশক্তি খুরানা লেখেন, ‘অভিনন্দন বন্ধুরা, ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদ করুন।’ এছাড়াও ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, জানাই ভোঁসলে, মীরা কাপুর এবং শরদ কেলকার-সহ আরও অনেকেই সূর্যকুমার ও দেবিশাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


