Suvasmita: ‘সেই অতীত…’, মধুমিতার সঙ্গে সংসার টেকেনি, ডিভোর্সি সৌরভকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শুভস্মিতা
Suvasmita Mukherjee: সিরিয়ালের সেটে তাঁদের প্রেম। একইরকমভাবে দেড় দশক আগে সৌরভ প্রেমে পড়েছিলেন মধুমিতা সরকারের। যৌবনের দোরগোড়াতে পা দিয়েই সেরেছিলেন বিয়ে। টেকেনি সংসার। ডিভোর্সি অভিনেতাকে কেন মন দিলেন শুভস্মিতা?
টলিপাড়ায় কান পাতলেই গত কয়েক মাস ধরে যে প্রেমের গুঞ্জন ফিসফাস আকারে ঘুরছিল, অবশেষে তাতে পড়েছে অফিশিয়াল সিলমোহর। আর কোনও লুকোচুরি নয়, বরং অত্যন্ত জমকালো ঘরোয়া আবহে গোপনে সারাজীবনের জন্য ‘আশীর্বাদ’ পর্ব এবং বাগদান সেরে নিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী এবং জনপ্রিয় অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। সৌরভের অতীত সম্পর্ক এবং বিয়ে নিয়ে নেটপাড়ায় চলা হাজারো ট্রোলিং ও কাটাছেঁড়াকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে হবু কনে শুভস্মিতা সাফ জানালেন— অতীত ছিল বলেই আজ তিনি এই সৌরভকে এত গভীরভাবে ভালোবাসতে পেরেছেন।

রাখঢাক ছেড়ে প্রেমের উদ্যাপন:
বিয়ের আগের বিশেষ এই ছিমছাম অনুষ্ঠানে সাবেকি সাজে সেজেছিলেন শুভস্মিতা। গলায় সোনার চিক, সীতাহার, হাতে বালা, কপালে চন্দন আর মাথায় টিকলিতে ঠিক যেন এক টুকরো রাজকুমারী। বিশেষ দিনটিতে পরেছিলেন ননদের দেওয়া লাল ও সোনালি জরির একটি শাড়ি। অন্যদিকে, নতুন জামাই সৌরভের ধুতি-পাঞ্জাবি পছন্দ করে দিয়েছিলেন স্বয়ং শাশুড়ি মা। এতদিন সম্পর্ক নিয়ে চলা লুকোচুরি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে শুভস্মিতা বলেন, ‘একজনকে ভালোবেসেছি। প্রেম তো উদ্যাপন করা উচিত। আর কত লুকোছাপা করে চলা যায়? তাই ছবি দিয়েই দিলাম।’ নতুন শাশুড়ি মায়ের থেকে পাওয়া ভালোবাসায় আবেগ-আপ্লুত ঝাঁপি। সৌরভ তাঁকে আরেকটা মা দিয়েছে, এটাই তাঁর সেরা প্রাপ্তি জানালেন অভিনেত্রী।
মধুমিতার সাথে অতীত নিয়ে সোজা জবাব:
সৌরভ চক্রবর্তীর অতীত জীবন নিয়ে টলিপাড়ায় চর্চা কম হয়নি। অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে বিয়ে এবং পরবর্তীতে সেই বিয়ে ভেঙে যাওয়া— মাঝখান থেকে পার হয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। সৌরভের এই পুরনো অতীত কি কখনও শুভস্মিতাকে ভাবায়নি? এই নিয়ে এক্কেবারে পরিণত মনের পরিচয় দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের সবার জীবনেই অতীত আছে। সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত গড়ায়, তা হলে তা আরও বড় আকার ধারণ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ পরিবর্তিত হয়। যদি সেই অতীত না থাকত, তা হলে হয়তো আজকে যে সৌরভকে আমি ভালোবেসেছি, তাঁকে এভাবে পেতামই না। তখন হয়তো ওনাকে আমার ভালোই লাগত না!’ প্রসঙ্গত, চলতি বছরের গোড়াতেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার গাঁটছড়া বেঁধেছেন দেবমাল্য় চক্রবর্তীর সঙ্গে। এবার নতুন ইনিংস শুরু করার পালা সৌরভের।
বিয়ে কবে?
গোপনে আশীর্বাদ পর্ব মিটলেও চার হাত এক হতে কিন্তু এখনও কিছুটা সময় বাকি। শুভস্মিতা জানিয়েছেন, এখনই তাঁরা বিয়ের চূড়ান্ত তারিখ ঠিক করেননি। কারণ এই মুহূর্তে দুজনেই নিজেদের মেগা সিরিয়ালের কাজে চূড়ান্ত ব্যস্ত। চলতি ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত এত বড় বিয়ের ধুমধাম আয়োজন করা সম্ভব নয় বলেই জানিয়েছেন হবু কনে। তবে শুভস্মিতার এই বিস্ফোরক ও মিষ্টি স্বীকারোক্তির পর অনুরাগীরা এখন থেকেই সৌরভ-শুভস্মিতার সানাই বাজার অপেক্ষায় দিন গুনছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


