প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।
Shadhok Bamakhyapa: হিন্দির চাপে কোণঠাসা!এক সপ্তাহেই হল থেকে সাধক বামাক্ষ্যাপা নামিয়ে নিচ্ছে প্রযোজনা সংস্থা?
তিন দিনে ৬৬ লাখ টাকা আয়ের পরও শুক্রবার থেকেই হল থেকে নামিয়ে নেওয়া হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’? হিন্দি ছবির দাপটে বাংলা ছবির প্রাপ্য জায়গা নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক পরিচালক সায়ন্তন ঘোষালের!
দর্শক মনে দারুণ সাড়া ফেলেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং সব্যসাচী চৌধুরী অভিনীত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। কিন্তু দর্শকদের বিপুল ভালোবাসা এবং এমনকি সপ্তাহের কাজের দিনেও (উইক-ডে) একাধিক শো হাউসফুল থাকা সত্ত্বেও, আগামী শুক্রবার থেকেই প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রদর্শন বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে প্রযোজনা সংস্থা? সোমবার এই জল্পনা চাউর হতেই তোলপাড় টলিপাড়া।

কিন্তু কেন এক সপ্তাহেই সিনেমাহল থেকে উঠে যেতে বসেছে সাধক বামাক্ষ্যাপা?
রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত এবং যশরাজ ফিল্মস (YRF) পরিবেশিত আসন্ন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Yeh Prem Mol Liya)-র মুক্তির জেরে পর্যাপ্ত শো না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে এসভিএফ, সামনে এসেছে প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিও।
প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক বিবৃতি— কী জানালেন নির্মাতারা?
ছবিটির প্রদর্শন বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে প্রযোজনা সংস্থার তরফে একটি অফিশিয়াল বিবৃতি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ‘আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্তটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যখন ছবিটি দর্শকদের কাছ থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা ও প্রশংসা পাচ্ছে। গত ২০ নভেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে এবং সপ্তাহের কাজের দিনেও (উইক-ডে) একাধিক শো হাউসফুল যাচ্ছে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত এবং YRF পরিবেশিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিটির মুক্তির কারণে হল মালিকরা (এগজিবিটররা) শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-কে পর্যাপ্ত শো দিতে পারছেন না।
নির্মাতাদের কথায়, ‘অন্য কোনো ছবির মুক্তি বা দর্শক খুঁজে নেওয়ার ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। প্রতিটি ছবিরই ন্যায্য সুযোগ প্রাপ্য। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটি যেন এমন একটি ছবির বিনিময়ে না হয় যা ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে এবং দর্শকদের প্রকৃত ভালোবাসা পাচ্ছে। স্ক্রিন ও শো-এর ন্যায্য এবং সমান বণ্টন হওয়া উচিত, যাতে দুটি ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শকরা তাঁদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ পান।’
হল মালিকরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং একটি ন্যায্য সমাধানসূত্র বেরোবে বলেই আশা প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা।
. তিন দিনে বক্স অফিসে কত লক্ষ্মীলাভ করল ‘সাধক বামাক্ষ্যাপা’?
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর রেকর্ড অনুসারে, প্রথম দিনে মাত্র ৯ লাখ টাকা দিয়ে শুরু করলেও ছুটির দিনে লাফিয়ে বেড়েছে ছবির আয়। প্রথম তিন দিনে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৬ লাখ টাকা।
প্রথম দিন (শুক্রবার): ৯ লাখ টাকা
দ্বিতীয় দিন (শনিবার): ২০ লাখ টাকা
তৃতীয় দিন (রবিবার): ৩৫ লাখ টাকা (প্রায় দ্বিগুণ বৃদ্ধি)
মোট আয় (৩ দিনে): ৬৬ লাখ টাকা (নেট)
প্রসঙ্গত, প্রথমে ‘রামায়ণ’-এর সঙ্গে ছবিটি মুক্তির কথা থাকলেও, পরবর্তীতে দিন পিছিয়ে গত ২০ নভেম্বর শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত এই ছবিটি মুক্তি পায়। সব্যসাচী চৌধুরী ছাড়াও এই ছবিতে মা তারার চরিত্রে নজর কেড়েছেন পায়েল দে। দর্শকদের ভূয়সী প্রশংসার মাঝে নিজের রাজ্যেই ভালো ব্যবসা করা একটি বাংলা ছবিকে এভাবে কোণঠাসা হয়ে হল ছাড়তে হচ্ছে দেখে ক্ষুব্ধ টলিপাড়া ও সিনেমাপ্রেমীরা।
E-Paper
