‘নতুন সরকারের কাছে বোধহয় খবরই নেই উত্তম কুমারের ভাই তরুণ কুমার’, জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ডাক পায়নি পরিবার, ক্ষোভ সৌরভের

শনিবার ছিল তরুণ কুমারকে নিয়ে লেখা বই ‘চির-তরুণ’-এর প্রকাশনা অনুষ্ঠানটি। সেখানে এসে উত্তম কুমারের জন্মবার্ষিকীতে ডাক না পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন নাতি ও নাত বউ সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়। 

Published on: Sep 13, 2026, 16:20:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কদিন আগেই তিলোত্তমায় ধুমধাম করে পালন হয়েছে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। আর তাতে ডাক পায়নি উত্তম কুমারের ভাই তরুণ কুমারের পরিবার। যা নিয়ে ক্ষোভ ঝরে পড়ল নাতি ও নাত বউ সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়ের গলাতে।

তরুণ কুমারের নাতি ও নাত বউ সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়।
তরুণ কুমারের নাতি ও নাত বউ সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়।

শনিবার ছিল তরুণ কুমারকে নিয়ে লেখা বই ‘চির-তরুণ’-এর প্রকাশনা অনুষ্ঠানটি। কন্যা ঝিমলি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়ে ক্ষোভ উগড়ে দেন সৌরভ ও স্বরিতা।

সৌরভকে বলতে শোনা যায়, ‘সরকারকে দোষ দেব না। কিন্তু সেই সরকারের হয়ে যারা কাজ করছেন, যাদেরকে এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা তো এই পরিবারের সঙ্গে যুক্ত আজীবন কাল ধরে। ছোট থেকে আমি তাঁদের নাম শুনে আসছি। তাঁরা বাংলা ইন্ডাস্ট্রির মাথায় বসেছিলেন এতদিন ধরে, এখনো আছেন। তাঁদের তো সরকারকে একবার বলা উচিত ছিল। নতুন সরকারের কাছে বোধহয় কোন খবরই নেই যে তরুণ কুমার উত্তম কুমারের ভাই ছিলেন বা তাঁর পরিবার এখনও আছে।’

‘আমার কিছু যায় আসে না। তবে মায়ের জন্য এটা খুব অসম্মানের। তরুণ কুমারের মেয়ে শুধু আছে। তাঁর স্বামীও নেই এখন। তরুণ কুমারের মেয়ে হিসেবে তো মায়ের সম্মান পাওয়া উচিত ছিল। মায়ের নামে একটা অন্তত চিঠি আসা উচিত ছিল। শুধু উত্তম কুমারকে নিয়ে ভাবলে চলবে না। উত্তম কুমারের পাশেও তো লোক ছিল, যাঁদেরকে তিনি সম্মান করতেন।’, আরও বলেন সৌরভ।

বরের কথার সঙ্গে তাল মিলিয়ে ত্বরিতাকেও বলতে শোনা যায়, ‘আমারও মনে হয় নতুন সরকারে কাছে কোনো তথ্য নেই এই বিষয়ে। পুরনো সরকারের কাছে ছিল যে, তরুণ কুমার উত্তম কুমারের ভাই ছিলেন।’

শিশুশিল্পী হিসেবে কালজয়ী বাংলা সিনেমা 'পাতালঘর'-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীতে তিনি 'বাইসাইকেল কিক' সিনেমায় কাজ করেন। দেখা গিয়েছিল ‘হৃদয়হরণ বি.এ. পাস’ ধারাবাহিকে। ২০২১ সালের জানুয়ারি মাসে সৌরভ জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন সৌরভ। ২০২৩ সালের মার্চ মাসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, তিন দিন ব্যাপী চলছিল উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন। একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। কেক কেটে, নাচ-গান করে, পদযাত্রা, উত্তম কুমারের সুদীর্ঘ কাটআউট উন্মোচনের মাধ্যমে তা পালন করা হয়। দেখা গিয়েছিল টলিপাড়ার বহু জনপ্রিয় মুখকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, রাজ-শুভশ্রী, কাঞ্চন-শ্রীময়ী-র মতো তারকারা ছিল অনুষ্ঠানে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More