Desu 7: পুজো জমজমাট! দেশু ৭ আর বহুরূপী ২-র মুখোমুখি একেনবাবু, এবারের গন্তব্য কেরালা

Desu 7: ইতিমধ্যেই পুজোর ছবি হিসেবে দেশু সেভেন আর বহুরূপী ২-তে সিলমোহর পড়েছে। তাতে জুড়ল আরও একটা নাম, একেন! ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’ ওয়েব সিরিজের শেষেই হয়ে গেল সেই ঘোষণা। এবারের গন্তব্য কেরালা।

Apr 16, 2026, 15:12:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Desu 7: পুজোর বাংলা সিনেমা নিয়ে বরাবরই উত্তেজনা চরমে থাকে বাঙালিদের। ঠাকুরদেখার ফাঁকে শরীর আর পা-কে একটু বিশ্রাম দিতে, সিনেমাহলের থেকে ভালো কিছু আর হতেই পারে না! অনেকেই আবার আজকাল লাইন লাগিয়ে ঠাকুর দেখার চাইতে, সিনেমা হলে যাওয়াই বেশি পছন্দ করেন। অর্থাৎ সব মিলিয়ে পুজোর ছবির চাহিদা থাকে তুঙ্গে।

পুজোয় বড় পর্দায় আসছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।
পুজোয় বড় পর্দায় আসছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।

ইতিমধ্যেই পুজোতে আসায় সিলমোহর দিয়ছেন দেব। এবার ডবল ধামাকা কারণ বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি। এদিকে সম্প্রতি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র ঘোষণা করে দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই দুইয়ের ধামাকায় তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিলেন একেন বাবু।

পুজোয় আসছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে একেনবাবুর ওয়েব সিরিজ ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’। আর এই সিরিজের শেষেই ঘোষণা করা হয়েছে পুজোয় আবার আসছেন তিনি। অর্থাৎ ২০২৬ সালে দু'-দু'বার একেনের ধামাকা। আর পুজোর গন্তব্য কেরালা। সিনেমার নাম ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।

একেনের নতুন ওয়েব সিরিজের শেষে দেখা যায়, কিছু দক্ষিণ ভারতের মানুষ কিডন্যাপ করে নিয়ে যায় একেনকে। এরপর সেখানে গিয়ে ওখানকারই হয়ে গিয়েছেন তিনি। সাদা ধুতি আর শার্ট, চোখে কালো চশমা। একেনবাবু জানান, ‘এবার যাচ্ছি কেরালায়। আসছি পুজোয়, বড় পর্দায়।’

বহুরূপী ২-র ম্যাজিক

বাংলা নববর্ষের দিন হয়ে গেল বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শুভ মহরৎ। পয়লা বৈশাখের দুদিন আগে শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ‘রিউনিয়ন পর্ব এখানেও চলছে। পোস্ত ও বাবা বেবি ও-র পরে যীশু সেনগুপ্তর সঙ্গে আবার কাজ। সোহিনী সরকার টিমে এলেন। অনেকগুলো অ্যাড ফিল্ম একসঙ্গে করেছি, এবার সিনেমাতে কাজ করব। বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল --- ওই দিনই বহুরূপী দ্য গোল্ডেন ডাকু-র শুভ মহরৎ। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুটিং শুরু হবে। শুভমুক্তি দুর্গাপূজা ২০২৬।’ অর্থাৎ আগের পর্বে ‘বিক্রম’ শিবপ্রসাদের সঙ্গে টক্কর ছিল আবিরের, আর এবার সেই জায়গা নেবেন যিশু।

দেশু ৭-এর কামাল

দেব-শুভশ্রীর সিনেমার এখনো নাম ঘোষণা হয়নি। তবে যেহেতু দেশু জুটির সপ্তম সিনেমা, তাই দেশু ৭ হিসেবেই উল্লেখ করা হচ্ছে। ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই প্রিমিয়ারের দিনের টিকিট হাউজফুল হয়ে গিয়েছে। সঙ্গে দেবের পরিচালনায় প্রথম ছবি এটা হতে চলেছে। দেশু ৭ রোম্যান্টিক ঘরনার সিনেমা হবে বলেই খবর। জুন, জুলাই, অগস্ট মাস জুড়ে ৫০ দিন ধরে হবে ছবির শুটিং। ১০ হাজার টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More