ISC-তে দেশে প্রথম ব্যারাকপুরের কন্যে, ‘বামপন্থী’ অনুষ্কার দুয়ারে হাজির TMC-র রাজ
স্ব-ঘোষিত বামপন্থী এই বছর আইএসসি-তে দেশে প্রথম স্থান অর্জন করা অনুষ্কা ঘোষ। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন তৃণমূলের রাজ চক্রবর্তী।
আইএসসি (ISC) পরীক্ষায় ৪০০-তে ৪০০ পেয়ে ইতিহাস গড়েছে ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ। তাঁর এই আকাশছোঁয়া সাফল্যে অভিনন্দন জানাতে ফুলের তোড়া নিয়ে সশরীরে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। কিন্তু মেধার পাশাপাশি অনুষ্কার নির্ভীক রাজনৈতিক অবস্থান এখন বঙ্গ রাজনীতির নতুন চর্চার বিষয়। প্রথম স্থান পাওয়া , অনুষ্কা নিজেকে কেবল বামপন্থী আদর্শে বিশ্বাসী বলেই থামেননি, ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মেধার সাথে বামপন্থার মেলবন্ধন:
বিজ্ঞানের তুখোড় ছাত্রী অনুষ্কা শুধু ল্যাবরেটরি বা পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নন। তাঁর কথায়, তিনি বামপন্থী রাজনীতির প্রতি গভীরভাবে অনুরাগী। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁর এই আদর্শের প্রতি টান। অনুষ্কা জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ভবিষ্যতে সক্রিয়ভাবে বাম রাজনীতিতে যোগ দিতে চান। মেধার সাথে এই লড়াকু মানসিকতার মিশেল নজর কেড়েছে রাজনৈতিক মহলেরও।
শুভেচ্ছা জানাতে দুয়ারে রাজ:
রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকলেও এদিন অনুষ্কার দুয়ারে রাজ চক্রবর্তী। ভোটের ময়দানে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রাজ চক্রবর্তী যখন অনুষ্কার বাড়িতে পৌঁছান, তখন তিনি কেবল একজন কৃতী ছাত্রীকে সম্মান জানাতেই গিয়েছিলেন। অনুষ্কার বহুমুখী প্রতিভা— গল্প লেখা থেকে শুরু করে সিনেমার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন রাজ। অনুষ্কাকে ‘গোটা বাংলার গর্ব’ হিসেবে অভিহিত করে রাজ তাঁকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন রাজ অনুষ্কার হাতে তুলে দেন ফুলের তোড়া এবং বিশেষ উপহার। তারকা প্রার্থীর কথায়, ‘ব্যারাকপুরের নাম উজ্জ্বল করল অনুষ্কা ঘোষ! ISC পরীক্ষায় ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে দেশজুড়ে প্রথম হয়েছে সে। শুধু বিজ্ঞানের মেধাবী ছাত্রই নয়, অনুষ্কা গল্পও লেখে দারুণ এবং সিনেমার প্রতিও ভীষণ আগ্রহ রয়েছে। ব্যারাকপুরের এমন প্রতিভাবান কন্যার সাফল্যের কথা জেনে এবং তাঁর সাথে দেখা করে খুব ভালো লাগল। অনুষ্কা শুধু ব্যারাকপুরের নয়, ও গোটা বাংলার গর্ব। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্কা!’
সৃজনশীলতা ও আদর্শের লড়াই:
অনুষ্কা মনে করেন, শিক্ষা ও রাজনীতির মধ্যে কোনো দেওয়াল থাকা উচিত নয়। সিনেমার প্রতি ভালোবাসা আর বিজ্ঞানের চর্চার পাশাপাশি নিজের রাজনৈতিক আদর্শকেও সমান গুরুত্ব দেন তিনি। ব্যারাকপুরের এই মেয়ের চোখে এখন স্বপ্ন কেবল গবেষণার নয়, বরং এক উন্নততর সমাজ গড়ারও।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


