Dev-Manoj: আকাশপথে ‘ঘাসফুল-পদ্মফুল’ মিলন! ভোট প্রচারের মাঝে একফ্রেমে দেব-মনোজ, কী কথা হল?
আকাশপথে একফ্রেমে ধরা দিলেন বিজেপির তারকা সাংসদ মনোজ তিওয়ারি এবং টলিহার্টথ্রব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
ভোট মানেই কি কেবল কাদা ছোড়াছুড়ি আর কথার লড়াই? তৃণমূল সাংসদ দেব আর বিজেপির তারকা সাংসদ তথা ভোজপুরী অভিনেতা মনোজ তিওয়ারি কিন্তু অন্য ছবি দেখালেন। আসলে সৌজন্যের রাজনীতিতে দেব বরাবরই দশে এগারো নম্বর পেয়েছেন। সামনেই নির্বাচন, তার আগে প্রচারে দম ফেলার ফুরসৎ নেই কারও। উত্তরবঙ্গে যাওয়ার পথে বিমানে হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন দুই তারকা। দল আলাদা, মতাদর্শ ভিন্ন— তবুও সৌজন্যের খাতিরে সেই দূরত্ব যেন মুহূর্তেই ঘুচে গেল।

সাদা-লালের ‘রয়্যাল’ ফ্রেম
মনোজ তিওয়ারির পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পাঞ্জাবি, আর দেবের পরনে অফ-হোয়াইট শার্ট। পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন ক্যামেরায়। দুই তারকার এই সহজ রসায়ন দেখে আপ্লুত অনুরাগীরা। ভক্তদের মতে, ‘রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু শিল্পী হিসেবে তাঁদের এই একাত্মবোধ প্রশংসনীয়।’
ব্যস্ততার মাঝে সৌজন্য
দেব এখন একদিকে যেমন ঘাটালের সাংসদ হিসেবে রাজ্য রাজনীতি সামলাচ্ছেন, তেমনই সমানতালে সামলাচ্ছেন তাঁর আসন্ন ছবির কাজ। অন্যদিকে, উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা গায়ক-অভিনেতা মনোজ তিওয়ারিও বাংলাজুড়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে ব্যস্ত। বিমানে দেখা হতেই কুশল বিনিময় সারলেন দুজনে। তাঁদের এই ছবি যেন মনে করিয়ে দিল যে, রাজনৈতিক লড়াই ময়দানে থাকলেও ব্যক্তিগত সৌজন্য সবার আগে।
ভক্তদের মাঝে ভোটপ্রচারে দেব
গত কয়েকদিন ধরেই বিধানসভা ভোটের প্রচারে রাজ্য়ের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দেব। মিশে যাচ্ছেন ভক্তদের মাঝে। কখনও ঘামে ভেজা নায়ককে জড়িয়ে ধরতে ব্যারিকেড ভেঙে ছুটে আসছে ভক্তরা। কখনও দূর থেকেই গোলাপ ছুড়ছেন মহিলা অনুরাগীরা। দেবের জন্য কেউ আবার গাছের আম হাতে হাজির হচ্ছেন।
মনোজের রাজনৈতিক কেরিয়ার
রাজনীতির ময়দানে মনোজ তিওয়ারি কিন্তু বেশ পোড় খাওয়া নেতা। তাঁর শুরুটা হয়েছিল ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে গোরখপুর থেকে। সেবার প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন যোগী আদিত্যনাথকে। হারের মুখ দেখলেও পিছু হটেননি এই গায়ক-অভিনেতা। ২০১৪ সালে পা রাখেন গেরুয়া শিবিরে। আর সেই থেকেই উত্তর-পূর্ব দিল্লির অপ্রতিদ্বন্দ্বী সাংসদ তিনি। ২০১৬ সালে দিল্লি বিজেপির সভাপতি হিসেবে তাঁর নিয়োগ বুঝিয়ে দিয়েছিল হাইকম্যান্ডের কাছে তাঁর গুরুত্ব কতটা। সেই অভিজ্ঞ রাজনীতিক মনোজের সঙ্গে তৃণমূলের ‘পোস্টার বয়’ দেবের এই সৌজন্য বিনিময় তাই কেবল দুই অভিনেতার সাক্ষাৎ নয়, বরং দুই শিবিরের দুই হেভিওয়েট সাংসদের এক বিরল মুহূর্ত।
দেবের আসন্ন ছবি
চলতি বছর দেবের হাতে একগুচ্ছ প্রোজেক্ট। অগস্টেই দেব হাজির হবেন বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে। এরপর পুজোয় আসছে দেব-শুভশ্রীর সাত নম্বর ছবি। যা এই বছরের সবচেয়ে চর্চিত ও প্রতীক্ষিত বাংলা ছবি। এর পাশাপাশি ডিসেম্বরে টনিক ২ নিয়ে দর্শক দরবারে হাজির হবেন নায়ক।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


