উর্বশী ঢোলাকিয়ার ছেলের গাড়িতে ভেঙে পড়ল গাছ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি
মুম্বইয়ের প্রবল বৃষ্টির মধ্যে উর্বশী ঢোলাকিয়ার ছেলে ক্ষিতিজ ঢোলাকিয়ার গাড়ির উপর ভেঙে পড়ে একটি বড় গাছ। এই ঘটনার কথা তিনি নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন।
মুম্বইয়ে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শহরের বিভিন্ন প্রান্তে জল জমার পাশাপাশি ঘটছে একের পর এক দুর্ঘটনা। এরই মধ্যে অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়ার ছেলে ক্ষিতিজ ঢোলাকিয়ার সঙ্গে ঘটে গেল এক বড় দুর্ঘটনা। তাঁর পার্ক করা গাড়ির উপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল গাছ। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে কেউ ছিলেন না। ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ক্ষিতিজ ঢোলাকিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুর্ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যায়, একটি বিশাল গাছ তাঁর গাড়ির উপর পড়ে রয়েছে। গাড়ির ছাদ সম্পূর্ণ চ্যাপ্টা হয়ে গিয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবন কতটা অনিশ্চিত! ঈশ্বরের কৃপায় আমি তখন গাড়ির ভিতরে ছিলাম না এবং সবাই নিরাপদ রয়েছে। দ্রুত সাহায্যের জন্য মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’
আরও একটি ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা গাছ কেটে গাড়ির উপর থেকে সরিয়ে দিচ্ছেন। সেই পোস্টে ক্ষিতিজ লেখেন, ‘বড় কিছু হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। সত্যিই কৃতজ্ঞ।’
ক্ষিতিজের শেয়ার করা ভিডিয়ো থেকেই স্পষ্ট, দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয়, ঘটনাস্থলে বা গাড়ির ভিতরে তখন কেউ না থাকায় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ভিডিয়ো দেখে অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করে খোঁজখবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে এখন কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে নাজেহাল মুম্বই। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ৩ জুলাই শহরের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় প্রায় ১৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতরও মুম্বইয়ের একাধিক অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
প্রসঙ্গত, ক্ষিতিজ ঢোলাকিয়া অভিনয় জীবনের শুরু করেছিলেন একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন ৭'-এর মাধ্যমে। সেখানে তিনি এক নাগের চরিত্রে অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালের 'হামশকলস' এবং ২০১৯ সালের 'ড্রিম গার্ল' ছবিতে সহকারী পরিচালক হিসেবে তাঁর নাম রয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


