২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের! এতদিন কোথায় ছিলেন? উত্তর খুঁজছে স্ত্রী
২৪ দিন পর, রবিবার সকালে আচমকাই দিল্লিতে পৌঁছন উৎসব। যদিও এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বলে দাবি তাঁর ঘনিষ্ঠদের।
দীর্ঘ ২৪ দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সন্ধান মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রবিবার সকালে আচমকাই সেখানে পৌঁছন তিনি। যদিও এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বলে দাবি তাঁর ঘনিষ্ঠদের।

উৎসবের খোঁজ মেলার খবর ইতিমধ্যেই তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার দিল্লি গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পরিচালকের সন্ধান মেলার বিষয়টি ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে।
রবিবার সকালে আনন্দপুর থানায় ডাকা হয় মৌপিয়াকে। সেখানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, পুলিশ আগেই উৎসবের অবস্থান সম্পর্কে অবগত ছিল। থানার এক আধিকারিকের ফোন থেকে ভিডিয়ো কলে উৎসবের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও হয় তাঁর। মৌপিয়ার কথায়, ‘ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। একটু ঘুমোচ্ছিল।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। সেদিন নিমতার একটি ব্যাঙ্কে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিট নাগাদ। এরপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। টানা ২৪ দিনের উদ্বেগের পর অবশেষে তাঁর সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।
এই মুহূর্তে মৌপিয়ার একটাই লক্ষ্য—যত দ্রুত সম্ভব উৎসবকে কলকাতায় ফিরিয়ে আনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তাঁর নিখোঁজ থাকার কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


