বিতর্কে ‘রামায়ণ’, রাবণকে ‘দলিতদের মুক্তিদাতা’ দেখানো হয়েছে অভিযোগ তুলে ছবি নিষিদ্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

প্রেক্ষাগৃহে মুক্তির পরেই বিতর্কে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। ছবিতে রাবণকে মহিমান্বিত করে দেখানোর অভিযোগ তুলে সেন্সর শংসাপত্র বাতিলের দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, অবিলম্বে ছবির প্রদর্শন বন্ধ করারও দাবি তুলেছে সংগঠনটি। কী নিয়ে উঠল আপত্তি?

Published on: Nov 22, 2026, 09:20:58 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবিকে ঘিরে এবার তৈরি হল নতুন বিতর্ক। ছবিতে রাবণকে মহিমান্বিত করে দেখানোর অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। শুধু সমালোচনা করেই থেমে থাকেনি তারা। ছবিটির সেন্সর শংসাপত্র বাতিল করে অবিলম্বে দেশজুড়ে প্রদর্শন বন্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

রামায়ণ-কে বয়কটের দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ।
রামায়ণ-কে বয়কটের দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ।

শনিবার ভিএইচপির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার এই দাবি জানান। তাঁর অভিযোগ, মহর্ষি বাল্মীকির রচিত মূল রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার বিকৃতি ঘটানো হয়েছে ছবিতে। এমন কিছু ঘটনা দেখানো হয়েছে, যার কোনও উল্লেখ মূল মহাকাব্যে নেই। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনা। ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগড়াও ছবির বিষয়বস্তু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বাগড়া অভিযোগ করেন, ভগবান রামের একশো কোটিরও বেশি ভক্তের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, মূল রামায়ণের সঙ্গে এমন পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

ছবিটি নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে অলোক কুমার বলেন, তাঁরা ছবিটি দেখেছেন এবং পর্যালোচনা করেছেন। তাঁদের মতে, এখানে ইতিহাসের নানা ঘটনার বিকৃতি ঘটানোর পাশাপাশি কাল্পনিক ঘটনাও সংযোজন করা হয়েছে। শুধুমাত্র বিনোদনের জন্য নাটকীয়তা বাড়ানোই এর উদ্দেশ্য নয়, বরং রামের জীবন ও আদর্শের মূল ভিত্তিকেই আঘাত করা হয়েছে।

অলোক কুমারের বক্তব্য, রাম ১৪ বছর বনবাসে কাটিয়েছিলেন। সেই সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল। তপস্বীর বেশে খালি পায়ে তিনি অরণ্যে ঘুরে বেড়িয়েছেন। অহল্যার আশ্রমে গিয়ে তাঁর সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘটনাও রামায়ণের গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে নিষাদরাজকে রাম ও ভরত বন্ধু হিসেবে সম্মান দিয়েছিলেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে ভালোবাসা ও বন্ধুত্বের বার্তাই সেখানে ফুটে উঠেছিল। কেওটের সঙ্গে রামের আচরণের মধ্যেও সামাজিক সম্প্রীতির বার্তা ছিল। কিন্তু ছবিতে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির কোনও প্রতিফলন নেই বলে দাবি তাঁর।

ভিএইচপির সবচেয়ে বড় আপত্তি অবশ্য রাবণকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে। সংগঠনের অভিযোগ, ছবির শুরু থেকেই রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা এক শাসক হিসেবে তাঁর ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হয়েছে। ভিএইচপির মতে, এর মাধ্যমে রাবণকে মহিমান্বিত করা হচ্ছে।

প্রসঙ্গত, রামায়ণের চিরাচরিত আখ্যানের কেন্দ্রে বরাবরই রাম ও সীতা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ই এই মহাকাব্যের মূল বার্তা। তবে নামিত মালহোত্রার প্রযোজনায় তৈরি নতুন ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রটিও দর্শকদের বিশেষ নজর কেড়েছে। যশের অভিনয়ে রাবণকে ঘিরে অনুরাগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। তাঁর অভিনয়ের প্রশংসাও করছেন অনেকে। আর সেই চরিত্রের উপস্থাপনাই এবার ভিএইচপির ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।