Vicky Kaushal: বিয়ে নিয়ে ‘রসিকতা’ করায় কটাক্ষ, দেওয়া হয় ‘নারীবিদ্বেষী’ তকমা, পালটা জবাব ভিকির

গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে দাম্পত্য জীবন নিয়ে রসিকতা করায় সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন ভিকি কৌশল। নেটিজেনদের একাংশ তাঁর মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে দাগিয়ে দেন।

Published on: Jun 4, 2026, 10:05:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে ‘স্ত্রী ও দাম্পত্য’ নিয়ে রসিকতা করে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নেটিজেনদের একাংশ তাঁর সেই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে দাগিয়ে দিতেও ছাড়েননি। এবার সেই বিতর্ক ও ট্রোলিং নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা। ‘দ্য নড ম্যাগাজিন’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি স্পষ্ট জানিয়েছেন, তারকা হলেই যে কাউকে সবসময় নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই।

বিয়ে নিয়ে ‘রসিকতা’ করায় কটাক্ষ, দেওয়া হয় ‘নারীবিদ্বেষী’ তকমা, পালটা জবাব ভিকির (PTI)
বিয়ে নিয়ে ‘রসিকতা’ করায় কটাক্ষ, দেওয়া হয় ‘নারীবিদ্বেষী’ তকমা, পালটা জবাব ভিকির (PTI)

ঠিক কী ঘটেছিল?

মার্চ মাসে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে বরের বাবার সঙ্গে কথা বলছেন ভিকি। একপর্যায়ে তিনি বরকে উদ্দেশ্য করে তাঁর ‘উরি’ ছবির বিখ্যাত সংলাপ ‘হাউজ দ্য জোশ?’ আওড়াতে বলেন। উপস্থিত অতিথিরা সমস্বরে ‘হাই, স্যার’ বলে উঠতেই ভিকি ফোড়ন কেটে বলেন, 'আমি খেয়াল করেছি অবিবাহিতদের জোশ সবসময় হাই থাকে। আমাদের মতো বিবাহিতদের জোশ বছরের পর বছর কমতে থাকে। তবে চিন্তার কিছু নেই, ৪ দিনে জোশ কমে না।'

ভিকির এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই অভিনেতাকে ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন। এক নেটিজেন মন্তব্য করেন, “আজকের প্রজন্ম যখন এই ধরনের নারীবিদ্বেষী রসিকতা এবং বাঁধাধরা মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন ভিকির মতো মানুষের থেকে এমনটা আশা করা যায় না।” অন্য এক অনুরাগী ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'ভীষণ বিরক্তিকর। ভাবতাম উনি একজন আদর্শ স্বামী, এবার সেই ভুল ভাঙল।'

কটাক্ষের জবাবে কী বললেন ভিকি?

সমালোচনার জবাবে ভিকি জানান, মানুষ তাঁকে কীভাবে মূল্যায়ন করবে, তার ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। অভিনেতার কথায়—'আপনি একজন পাবলিক ফিগার বলেই যে আপনাকে সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে আমাদের সমালোচনা পাওয়াই উচিত। এর থেকে আমার বড় শিক্ষা হলো— মানুষ আমাকে যতটা ভালোবাসা দেন, তার সঙ্গে একটা বড় দায়িত্বও আসে।'

তিনি আরও যোগ করেন, ‘এমন কোনো অভিনেতা নেই যিনি খ্যাতি পেয়েছেন অথচ তার উল্টো দিকটা (সমালোচনা) দেখেননি। আমি সচেতনভাবেই এই পেশা বেছে নিয়েছি। এখন এই খ্যাতি আমি কীভাবে সামলাব, তা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। আর সমালোচনা যদি গঠনমূলক হয়, তবে তা থেকে অবশ্যই শেখা উচিত।’

ক্যাটরিনার সঙ্গে দাম্পত্য ও আগামী ছবি

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ধুমধাম করে ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রাখার পর বিয়ে করেন এই তারকা জুটি। গত ২০২৫ সালে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান ‘বিহান’।

পেশাগত জীবনের কথা বলতে গেলে, ভিকিকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এই বিগ বাজেট ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রোমান্টিক ঘরানার এই ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা থাকলেও, বর্তমানে এর কাজ বাকি থাকায় মুক্তির তারিখ পিছিয়েছে ২০২৭-এর জানুয়ারিতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More