Katrina-Vicky Son: বরের জন্মদিন, ছেলে বিহানের প্রথম ঝলক দেখালেন ক্যাটরিনা,ভিকিকে খোলা চিঠি নায়িকার!
বলিউডের অন্যতম প্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল-এর সংসারে এখন উৎসবের আমেজ। গত ১৬ মে ছিল ভিকি কৌশলের ৩৮তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই অনুরাগীদের সবচেয়ে বড় এবং মধুরতম উপহারটি দিলেন ক্যাটরিনা। এতদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের খুদে রাজপুত্রের ঝলক প্রকাশ করলেন অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ চল্লিশের কোঠায় মা হয়েছেন, লাইমলাইট আর গ্ল্য়ামারের দুনিয়া থেকে এখন অনেকটা দূরে ক্যাট। একরত্তি ছেলেকে নিয়ে এখন দিনরাত ব্যস্ত নতুন মা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে একেবারে ছক ভেঙে স্বামী ভিকি কৌশলের ৩৮তম জন্মদিনে জীবনের সবচেয়ে বড় আনন্দের ঝলক ভাগ করে নিলেন ক্যাটরিনা। গত নভেম্বরে পুত্র সন্তানের মা হন ক্যাট, অবশেষে ছেলের প্রথম ঝলক দেখালেনয

চার ছবির মিষ্টি কোলাজ ও ক্যাটরিনার লম্বা চিঠি:
ভিকির জন্মদিনে ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় মোট চারটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে এই তারকা দম্পতিকে প্রকৃতির মাঝে এক পিকনিকের মেজাজে বসে থাকতে দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দ্বিতীয় স্লাইডের ছবিটি। এটিই ক্যাটরিনা-ভিকি এবং তাঁদের ছেলে বিহানের প্রথম অফিশিয়াল ‘ফ্যামিলি ফটো’! ছবিতে ছোট্ট বিহানের মুখ আড়ালে রাখা হলেও, বাবার কোলে তার শান্ত উপস্থিতি অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে ভিকির জন্মদিনের কেক, যার ওপর লেখা রয়েছে— “হ্যাপি বার্থডে পাপা”। আর চতুর্থ ছবিতে ধরা পড়েছে এই দম্পতির চিরপরিচিত এক মিষ্টি হাসির মুহূর্ত।
‘আমার সকালের অন্তহীন প্রশ্ন সামলাও তুমি!’
ছবির পাশাপাশি ক্যাটরিনার লেখা ক্যাপশনটি ছিল একাধারে আবেগঘন এবং বেশ মজার। ভিকিকে শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লেখেন, 'শুভ জন্মদিন... ঠিক দু বছর আগে আমরা এই একই জায়গায় ছিলাম, আর আজ দেখো কত কিছু বদলে গিয়েছে। প্রার্থনা, ধৈর্য আর বিশ্বাস... আজ আমাদের ছোট্ট দেবদূতকে সঙ্গে নিয়ে আমরা তোমার জন্মদিনটা সবচেয়ে বেশি আনন্দ দিয়ে উদযাপন করছি। আমার হৃদয় আজ পূর্ণ এবং আমি কৃতজ্ঞ।”
ভিকির ধৈর্য ও রসবোধের প্রশংসা করে ক্যাটরিনা আরও যোগ করেন, “তুমি ৯৯% সময় (আচ্ছা, হয়তো ৯৮% সময়) সাধুর মতো ধৈর্য নিয়ে আমাদের শক্তি, ভালোবাসা আর আলো হয়ে পাশে থেকেছ। আমি তোমাকে শুধু এই জন্য ভালোবাসি না যে তুমি একজন সততায় ভরপুর অসাধারণ মানুষ, বরং এই জন্য ভালোবাসি যে আমার করা অন্তহীন আজগুবি সব প্রশ্নের উত্তর তুমি অক্লান্তভাবে দিয়ে যাও! (হ্যাঁ, তুমি এখন মাইথোলজি, এআই, ওয়াটারপ্রুফিং, মেকআপ, হেলথ, বিজনেস— সব বিষয়ের এক্সপার্ট!) তোমার জন্মদিনের জন্য আমার একটাই প্রার্থনা— সকালে ঘুম থেকে উঠে আমার প্রশ্নের ঝড় শুরু হওয়ার আগে তুমি যেন শান্তিতে এক-দু কাপ ব্ল্যাক কফি খাওয়ার বাড়তি কিছুটা সময় পাও।'
শুভেচ্ছার বন্যা বলিপাড়ায়:
ছবিটি পোস্ট হতেই কারিনা কাপুর খান থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, নেহা ধুপিয়া— বলিপাড়ার তারকারা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কারিনা কাপুর লিখেছেন, “তোমাদের দুজনের জন্য আমি ভীষণ খুশি।” অনন্যা পাণ্ডের মন্তব্য, “সেরা”। এছাড়া করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, জাহ্নবী কাপুর এবং তৃপ্তি দিমরিরা লাইক দিয়ে এই নতুন মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন।
২০২১ সালে রাজস্থানে রাজকীয় বিয়ে সারার পর থেকে ভিকি-ক্যাটরিনা বরাবরই ভক্তদের প্রিয়। আর এবার ছেলে বিহানকে সঙ্গে নিয়ে তাঁদের এই প্রথম পারিবারিক ছবি যে এই মুহূর্তের নেটপাড়ার সবচেয়ে চর্চিত ও মিষ্টি পোস্ট, তা বলাই বাহুল্য।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


