Virat-Anushka: আর থাকবেন না লন্ডন? ১৮.২৯ কোটিতে মুম্বইতে বিলাসবহুল আবাসন কিনলেন বিরাট-অনুষ্কা
বিরাট ও অনুষ্কার ভক্তরা বরাবরই চেয়ে এসেছেন যে, ভারতে ফিরে আসুন দম্পতি। মুম্বইয়ের ভরসোভা এলাকায় ১৮.২৯ কোটিতে কিনলেন প্রপার্টি। তবে কি এবার দেশে ফেরার পালা?
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) মুম্বইয়ের ভারসোভায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। সম্পত্তির নথি অনুযায়ী, দম্পতি ২,৬৪৪ বর্গফুটের এই ফ্ল্যাটটি ১৮.২৯ কোটিতে কিনেছেন দম্পতি। বিগত কয়েকবছর ধরেই ভারত ছেড়ে লন্ডনের বাসিন্দা বিরুষ্কা। যদিও কাজের সূত্রে দুজনকে হামেশাই দেখা যায় ভারতে। সম্প্রতি তাঁদের ভারত সফরের সময় প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

অ্যাপার্টমেন্টটি অন্ধেরি পশ্চিমের ভারসোভার Godrej Skyshore-এ অবস্থিত। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে ৩১৬ বর্গফুটের এক্সক্লুসিভ স্পেস এবং তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ২০২৬ সালের ২১ জুলাই এই সম্পত্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। নথি অনুযায়ী, এই কেনাকাটার জন্য ১.০৯ কোটি স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে। এর আগে ২০২৬ সালের এপ্রিলে একই আবাসনে অভিনেত্রী টাবু (Tabu)-ও একটি ২,১৫৩ বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।
তবে মুম্বইতে বিলাসবহুল প্রপার্টি কিনলেও, তাঁরা যে সেখানে এসে পাকাপাকিভাবে থাকবেন এরকম না ভাবাই ভালো! কারণ বলিউড তারকা ও ক্রিকেটাররা বরাবরই রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকেন। বিরাট ও অনুষ্কাও রয়েছেন এই তালিকায়। চলতি বছরের জানুয়ারিতে তাঁরা আলিবাগের জিরাড গ্রামে আওয়াস বিচের কাছে ৫ একরেরও বেশি জমি প্রায় ৩৭.৮৬ কোটিতে কিনেছিলেন। এর আগে ২০২২ সালে দম্পতি আলিবাগেই প্রায় ১৯ কোটিতে ৮ একর জমি কেনেন। সেই জমিতে তাঁরা একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেছেন, যেখানে রয়েছে টেম্পারেচার-কন্ট্রোলড সুইমিং পুল, কাস্টমাইজড কিচেন, জাকুজি, বড় বাগান, ঢাকা পার্কিং এবং কর্মীদের থাকার আলাদা ব্যবস্থা। যদিও এটি আপাতত ব্যক্তিগত ব্যবহারেই কাজে আসে।
পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাট কোহলির গুরগাঁওয়ের ডিএলএফ ফেজ-১-এ প্রায় ১০,০০০ বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি।
সম্প্রতি মথুরার শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে দেখা যায় অকায় ও ভামিকার মা-বাবাকে। উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টির কারণে জল জমে থাকা সত্ত্বেও ভোর ৪টে নাগাদ তাঁরা আশ্রমে পৌঁছান। দুজনেই খুব সাধারণ পোশাকে হাজির হয়েছিলেন প্রেমানন্দ মহারাজের দর্শনে। বিরাটের গলায় তুলসীর মালা, কপালে তিলক নজর কাড়ে। খালি পায়ে দুজনে ঘুরে দেখেন আশ্রম। এমনকী, প্রেমানন্দ মহারাজের দর্শন ছেড়ে যখন বেরিয়ে আসছিলেন তাঁরা, তখন দুজনের হাতেই দেখা যায় প্রসাদ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


