Vishal Dadlani: ‘গালাগালির জন্য আপনারাই দায়ী…’, কঙ্গনার ‘Generation Gutter’ মন্তব্যের মাঝেও জেন জি-র ঢাল বিশাল দাদলানি

Gen-Z ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন সুরকার-গায়ক বিশাল দাদলানি। তিনি বলেন, প্রতিবাদীদের ভাষা নয়, বরং তাঁদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও হামলা নিয়েই আলোচনা হওয়া উচিত।

Published on: Jul 29, 2026, 10:21:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের জনপ্রিয় সুরকার ও গায়ক বিষাল দাদলানি জেন জি আন্দোলনকারীদের সমর্থনে প্রকাশ্যে মুখ খুলেছেন। সাম্প্রতিক বিতর্কে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিবাদীদের ভাষা নিয়ে সমালোচনা করার আগে তাঁদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে, সেই বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।

জেন জি-র সমালোচনায় কঙ্গনা, পাশে ঢাল বিশাল দাদলানি।
জেন জি-র সমালোচনায় কঙ্গনা, পাশে ঢাল বিশাল দাদলানি।

সোমবার ইনস্টাগ্রামে একটি কড়া ভাষার পোস্ট করে বিশাল লেখেন, ‘খারাপ ভাষা? রাস্তায় বাচ্চাদের পেটানো হয়েছে, তাদের দিকে পাথর ছোড়া হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, গুলি চালানো হয়েছে। তাই গালাগালির জন্য দায়ী তারাই, যারা এই সব করেছে।’

‘পেইড ক্যাম্পেন চালিয়ে আরও হাস্যকর লাগছে’

নিজের পোস্টের ক্যাপশনে বিশাল অভিযোগ করেন, তরুণ আন্দোলনকারীদের বিরুদ্ধে জনমত তৈরি করতে সংগঠিতভাবে পেইড স্টোরি ক্যাম্পেন ও ইনফ্লুয়েন্সার ক্যাম্পেন চালানো হচ্ছে। তিনি কটাক্ষ করে লেখেন,

‘পেইড স্টোরি-ক্যাম্পেন আর ইনফ্লুয়েন্সার ক্যাম্পেন চালিয়ে নিজেদের আরও হাস্যকর করে তুলছে।’ এই মন্তব্যের পর থেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে।

কঙ্গনা রানাওয়াতের মন্তব্য ঘিরে বিতর্ক

বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে জেন জি আন্দোলনকারীদের আচরণ ও সোশ্যাল মিডিয়া ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি ওই ভিডিওগুলিকে ‘puke-inducing’ বা ‘বমি উদ্রেককারী’ বলে উল্লেখ করেন।

কঙ্গনা লেখেন, ‘জীবনে এত কুৎসিত দৃশ্য একসঙ্গে দেখিনি। ওরা যেভাবে কথা বলছে এবং যে ভাষা ব্যবহার করছে, তা অত্যন্ত অশালীন।’ তিনি আরও দাবি করেন, ভারতীয় সংস্কৃতি সৌন্দর্য ও শালীনতার উপর দাঁড়িয়ে আছে, অথচ এই ধরনের আচরণ সেই সাংস্কৃতির সম্পূর্ণ বিপরীত।

কঙ্গনা রানাওয়াতের ইনস্টাগ্রাম স্টোরি।
কঙ্গনা রানাওয়াতের ইনস্টাগ্রাম স্টোরি।

‘Generation Gutter’ মন্তব্যে বাড়ল সমালোচনা

সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে কঙ্গনার ‘Generation Gutter’ মন্তব্যকে ঘিরে। তিনি লেখেন, ‘ওদের অনেকেরই সিস্টেমকে দেওয়ার মতো কিছু নেই। পড়াশোনায় ভালো নয়, এমনকি সংসার সামলানোর যোগ্যতাও নেই।’ এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই অভিযোগ করেন, তিনি দেশের তরুণ প্রজন্মকে অপমান করেছেন।

কেন শুরু হল এই বিতর্ক?

বিতর্কের সূত্রপাত ২০ জুলাই যন্তর মন্তরে অনুষ্ঠিত ‘সংসদ মার্চ’-এর পর। ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকে হওয়া ওই কর্মসূচিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও হামলার অভিযোগ ওঠে।

সমালোচকদের একাংশের দাবি, কঙ্গনা প্রতিবাদীদের ভাষা নিয়ে সরব হলেও তাঁদের বিরুদ্ধে ওঠা পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। সেই প্রেক্ষিতেই বিশাল দাদলানির প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া

বিশাল দাদলানির পোস্ট প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ তাঁর বক্তব্যকে তরুণদের প্রতি সংহতি হিসেবে দেখছেন। অন্যদিকে, আরেক অংশের মতে, প্রতিবাদের ভাষা নিয়েও আলোচনা হওয়া জরুরি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More