কালীপুজোর রাতে শব্দবাজির দাপট নিয়ে পোস্ট করেও মুছে ফেলেন দলের চাপে? মুখ খুললেন বিজেপি বিধায়ক রূপা
শব্দবাজির তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ট্যাগ করেছিলেন কলকাতা পুলিশকে। যদিও খানিক পরেই তিনি সেই পোস্ট মুছে ফেলেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিজের দলের চাপেই নাকি সেই পোস্ট মুছতে বাধ্য হন বিজেপি বিধায়িকা।
কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন এলাকায় শব্দবাজির তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। যা নিমেষে ভাইরাল হয়। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে, সে পোস্ট মুছে ফেলেছেন বিজেপি নেত্রী-বিধায়িকা। যদিও ততক্ষণে ছড়িয়ে পড়েছে রূপা-র পোস্টের স্ক্রিনশট। অনেকেরই ধারণা হয়, নিজের দলের চাপে পড়েই সেই পোস্টটি মুছতে বাধ্য হয়েছেন রূপা। তবে এবার সেই ভুল ভাঙলেন অভিনেত্রী খোদ।

কেন ফেসবুকের পোস্ট মুছলেন রূপা?
সম্প্রতি এক অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হন বিজেপি বিধায়িকা। আর সেখানে পোস্টটি মুছে ফেলার কারণ নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘আমাকে সেই মুহূর্তেই কলকাতা পুলিশের থেকে ফোন করা হয়। ১০ মিনিটের মধ্যে থানা থেকে লোক সেইসব এলাকাগুলিতে ঘোরে, এবং জিজ্ঞাসা করে যে আর কোন কোন জায়গা থেকে আপনি অভিযোগ পেয়েছেন। আমি সেই জায়গাগুলো নিয়ে খোঁজখবর দেই।’
রূপা জানান যে, পুলিশের উপরমহল থেকে ফোন আসে তাঁর কাছে। সিপি নিজে ফোন করেন। ফোন করেন ডিসি-ও। নেত্রী আরও বলেন যে, যেহেতু তাঁর বাড়ি আরসিটিসি (রয়্যাল ক্যালকাটা টারফ ক্লাব)-এর কাছে, ফলে ভিজিবিলিটি অনেক বেশি। ঘরে বসে জানলা দিয়েই অনেকদূর অবধি দেখতে পারছিলেন। রূপাই তখন পুলিশকে খোঁজ দেন, কোন বাড়ির মাথায় বা কোন কোন এলাকায় বাজি ফাটছে। আর পুলিশও তাঁর সঙ্গে কথা বলে ছোটেন সেই সমস্ত জায়গায়।
রূপার কথায়, ‘আমার মনে হল আমার সরকার, আমার প্রশাসন যখন আমাকে অভিযোগ তোলার পর সমাধান করার সুযোগ দিচ্ছে, আমি কেন করব না। আমি তারপরের ৩০ থেকে ৪৫ মিনিট পুলিশকে সাহায্য করলাম, যাতে এটা বন্ধ হয়। আর বন্ধ হল। আমার সোশ্যাল মিডিয়ায় লেখার একটাই উদ্দেশ্য ছিল, আমি কলকাতা পুলিশকে ট্যাগ করেছিলাম, তাঁরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা দেখেন। তাঁরা সেটা দেখেছেন। আমার কাজ হল কাজটা করানো। আমি সেটা করাতে পেরেছি। আমি তো তার জন্য আমার সরকারকেই ধন্যবাদ জানাব। পারলে আপনারাও জানাবেন।’
কী ছিল রূপার কালীপুজোর রাতের পোস্ট?
বরাবরের মতো এবারেও পুলিশ-প্রশাসনের সব চোখ রাঙানিকে অগ্রাহ্য করে কালীপুজোর সন্ধেয় চলে শব্দবাজির তাণ্ডব। কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুক বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করলেন, 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।'
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


